মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২৮ পি.এম
আজ মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী। ৯৬ বছর বয়সে মৃত্যুবরণকারী এই নেতা সারাজীবন সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দাবি আদায়ের জন্য কাজ করেছেন। তিনি আন্দোলন সংগ্রামে কখনো পিছপা হননি। আওয়ামী মুসলিম লীগ গঠন করে দলের সভাপতি হওয়ার পর থেকে তিনি সবসময় সোচ্চার ছিলেন। একপর্যায়ে শেখ মুজিবের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে তিনি দল ছেড়ে নতুন দল গঠন করেন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ষাটের দশকে আইয়ুব খান বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন মওলানা ভাসানী ছিলেন প্রধান কান্ডারী। তাকে নিয়ে ১৯৬৯ সালের ১৮ এপ্রিল তৎকালীন টাইম ম্যাগাজিনে প্রকাশিত হয় একটি প্রচ্ছদ প্রতিবেদন। শিরোনাম ছিল ‘পাকিস্তান: দ্য প্রফেট অফ ভায়োলেন্স’। প্রতিবেদনটি লিখেছিলেন ড্যান কোগিন, যিনি ১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত এশিয়ার টাইমের এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন।
প্রতিবেদনে মওলানা ভাসানীকে একদিকে ধর্মীয় নেতা, অন্যদিকে গ্রামীণ জনগণের জনপ্রিয় অভিভাবক এবং পাকিস্তানের অন্যতম স্পষ্টভাষী রাজনৈতিক আন্দোলনকারী হিসেবে তুলে ধরা হয়। প্রতিবেদনের শুরুতে ভাসানীর ব্যক্তিত্বের একটি চিত্র তুলে ধরা হয়, যেখানে তিনি নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাচ্ছেন পূর্ব পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে, ঢাকা থেকে প্রায় ৬০ মাইল দূরে।
এরপর প্রতিবেদনে উল্লেখ করা হয়, তার শান্ত ও দরদী চেহারার আড়ালে রয়েছে পাকিস্তানের সবচেয়ে স্পষ্টভাষী সহিংসতাপন্থী রাজনৈতিক কণ্ঠস্বর। প্রতিবেদনটির বহুল আলোচিত বর্ণনাটি ছিল: ‘Pakistan's most outspoken advocate of violence.’ অর্থাৎ পাকিস্তানের সহিংসতার পক্ষে সবচেয়ে স্পষ্টভাষী প্রবক্তা। এই প্রতিবেদনটি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানের আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থান চলছিল। সেই সময় ভাসানী ছিলেন আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা।
তার রাজনৈতিক বক্তব্য জনগণকে সংগঠিত করার ক্ষমতা এবং আইয়ুব খানের বিরুদ্ধে কঠোর অবস্থান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই কারণে টাইম ম্যাগাজিন তাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করে। তবে বাংলাদেশের ইতিহাস রচনাকারীরা এই বিষয়টি উল্লেখ করেন না। কারণ সে সময় শেখ মুজিবকে অবিসংবাদিত নেতা হিসেবে তুলে ধরার জন্য প্রাণান্ত চেষ্টা চলছিল। তাকে ছয় দফার আন্দোলনের নায়ক হিসেবে প্রতিষ্ঠা করা হয়। আগরতলা মামলা থেকে শেখ মুজিবকে মুক্ত করে আনার পর তাকে মহানায়ক হিসেবে গড়ে তোলা হয়। রাজনৈতিক মহলে তিনিই একমাত্র নেতা—এই বয়ান তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রচলিত ছিল। কিন্তু টাইম ম্যাগাজিন শেখ মুজিবকে নিয়ে কোন প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করেনি। তারা প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করেছে মওলানা ভাসানীকে নিয়ে। তাদের দৃষ্টিতে মওলানা ভাসানীর রাজনীতি, তার বক্তব্য বিবৃতি তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীকে তটস্থ করে রেখেছিল।
এই প্রচ্ছদ প্রতিবেদন থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, ১. মওলানা ভাসানীর রাজনৈতিক প্রভাব আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ছিল। ২. তার বিপ্লবী ও আপসহীন রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছিল। ৩. টাইম তাকে শুধুমাত্র ধর্মীয় নেতা হিসেবে নয়, রাজনৈতিক আন্দোলনের একজন শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবেও দেখেছিল।
আজ মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনটি ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করা হলো।
মওলানা ভাসানী: ‘প্রফেট অব ভায়োলেন্স’
প্রতিবেদনে তাকে এমন একজন রাজনৈতিক নেতা হিসেবে তুলে ধরা হয়, যিনি পূর্ব পাকিস্তানের দরিদ্র কৃষকসমাজের কাছে প্রায় সাধুপুরুষের মর্যাদা অর্জন করেছিলেন, অথচ তার রাজনৈতিক বক্তব্য ও আন্দোলনের কৌশল ছিল অত্যন্ত তীব্র, আপসহীন এবং জ্বালাময়ী। প্রতিবেদনটির মূল বক্তব্য ছিল, মওলানা ভাসানী শুধুমাত্র একজন ধর্মীয় নেতা কিংবা সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি পাকিস্তানের তৎকালীন রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের গণঅসন্তোষকে বিস্ফোরক রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সক্ষম এক বিরল নেতা।
গ্রামীণ জনতার নেতা, রাষ্ট্রের জন্য আতঙ্ক
টাইম প্রতিবেদনের শুরুতেই ভাসানীর ব্যক্তিত্বের একটি বৈপরীত্য তুলে ধরা হয়। তার মুখে শান্তির ছাপ, দাড়িতে সাদা আভা, পোশাকে সাধারণত্ব। নাতি-নাতনিদের সঙ্গে গ্রামের বাড়িতে সময় কাটানো একজন বৃদ্ধ ধর্মীয় নেতার মতোই তাকে দেখাচ্ছিল। কিন্তু এই শান্ত চেহারার আড়ালে ছিলেন পাকিস্তানের সবচেয়ে উচ্চকণ্ঠ ও সংঘাতমুখী রাজনৈতিক নেতাদের একজন। প্রতিবেদনে বলা হয়, ভাসানীকে পূর্ব পাকিস্তানের লাখ লাখ কৃষক একজন জীবন্ত সাধু হিসেবে দেখতেন। তার জনপ্রিয়তার মূল ভিত্তি ছিল দরিদ্র মানুষের প্রতি অকৃত্রিম সহানুভূতি এবং শোষক শ্রেণির বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রাম। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে জমিদার ও ধনী ভূস্বামীদের বিরুদ্ধে তিনি কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে তিনি গ্রাম থেকে গ্রামে ঘুরেছেন, সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন এবং তাদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
আইয়ুব খানের পতনে ভাসানীর ভূমিকা
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁক। প্রেসিডেন্ট আইয়ুব খানের দীর্ঘ সামরিক-সমর্থিত শাসনের বিরুদ্ধে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। ছাত্র আন্দোলন, শ্রমিকদের বিক্ষোভ, রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ এবং সাধারণ মানুষের ক্ষোভ মিলিতভাবে শাসনব্যবস্থাকে সংকটের মুখে ঠেলে দেয়। টাইমের মূল্যায়নে মওলানা ভাসানী ছিলেন এই আন্দোলনের অন্যতম প্রধান প্রেরণাদাতা। প্রতিবেদনে তাকে এমন একজন নেতা হিসেবে বর্ণনা করা হয়, যিনি আইয়ুব খানের পতনের পেছনে অন্য যেকোনো একক রাজনৈতিক ব্যক্তিত্বের তুলনায় বেশি ভূমিকা রেখেছিলেন।
আইয়ুব খানের পতনের পর জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করেন। দেশে সামরিক আইন জারি থাকলেও ভাসানী নীরব থাকেননি। অন্য রাজনৈতিক নেতারা কঠোর দমননীতির আশঙ্কায় সতর্ক অবস্থান নিলেও তিনি প্রকাশ্যে নতুন সামরিক শাসকের বিরুদ্ধে কথা বলতে থাকেন। তার বক্তব্য ছিল পরিষ্কার—আইয়ুব খানের বিরুদ্ধে যে গণবিস্ফোরণ ঘটেছিল, ইয়াহিয়া খানও একই পরিণতির মুখোমুখি হতে পারেন।
প্রতিবেদনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যকে ভাসানীর বক্তব্যের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তান ছিল অর্থনৈতিকভাবে বঞ্চিত, রাজনৈতিক ক্ষমতায় পিছিয়ে এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণে উপেক্ষিত। এই বৈষম্যের বিরুদ্ধে ভাসানী দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন। তিনি মনে করতেন, পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোতে পূর্ব পাকিস্তানের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের সম্পদ ব্যবহার করলেও জনগণের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে ন্যায়সংগত ভূমিকা পালন করেনি।
টাইমের ভাষ্য অনুযায়ী, ভাসানী পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে উসকে দিচ্ছিলেন এবং পশ্চিম পাকিস্তানের আধিপত্যের বিরুদ্ধে জনমতকে সংগঠিত করছিলেন। তার বক্তব্য ছিল, নতুন সরকার যদি পুরোনো বৈষম্য দূর না করে, তাহলে জনগণ আবারও বিদ্রোহ করতে পারে। এমনকি তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার আন্দোলন আগের চেয়েও ভয়াবহ হতে পারে। সামরিক বাহিনী কি ১২ কোটি ৫০ লাখ মানুষকে হত্যা করতে পারবে—এমন প্রশ্ন তুলে তিনি গণশক্তির ওপর নিজের আস্থার কথা প্রকাশ করেন। ভিয়েতনামের যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন, জনগণের অসন্তোষ একবার জ্বলে উঠলে তাকে সামরিক শক্তি দিয়ে সহজে দমন করা যায় না।
‘ইসলামিক সোশ্যালিজম’: ধর্ম ও বিপ্লবের সমন্বয়
ভাসানীর রাজনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইসলাম ও সমাজতন্ত্রের সমন্বয়। তিনি তার আদর্শকে ‘ইসলামিক সোশ্যালিজম’ বলে অভিহিত করতেন। টাইম প্রতিবেদনে বলা হয়, তার এই দর্শন প্রচলিত ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ ছিল না। অনেক ধর্মীয় নেতা মনে করতেন, ইসলাম ও ভাসানীর সমাজতন্ত্র একসঙ্গে চলতে পারে না। কিন্তু ভাসানী নিজেকে একজন ধর্মীয় মানুষ এবং একই সঙ্গে বিপ্লবী হিসেবে পরিচয় দিতেন। তার বক্তব্যের মূল কথা ছিল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই তার ধর্মীয় বিশ্বাসের অংশ। তিনি মনে করতেন, প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা যদি মানুষের ওপর শোষণ চালায়, তাহলে সেই ব্যবস্থাকে পরিবর্তন করা ধর্মীয় দায়িত্বের মধ্যেই পড়ে। এই দৃষ্টিভঙ্গি তাকে প্রচলিত ধর্মীয় নেতৃত্ব থেকে আলাদা করেছিল। ধর্মকে তিনি শুধু ব্যক্তিগত বিশ্বাস বা আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং সামাজিক ন্যায়বিচার ও রাজনৈতিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন।
প্রতিবেদনে ভাসানীর চীনপ্রীতি এবং চীনের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পেয়েছিল। ১৯৫২ সালে প্রথম চীন সফরের পর তার চীনের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। তিনি চীনের সমাজব্যবস্থা ও রাজনৈতিক পরিবর্তনের প্রশংসা করতেন। তবে চীনের নাস্তিকতার সঙ্গে তার ধর্মীয় বিশ্বাসের পার্থক্যও স্পষ্ট করে দিতেন। আইয়ুব খান ক্ষমতায় আসার পর ভাসানী চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে অনানুষ্ঠানিক ভূমিকা পালন করেছিলেন। টাইমের ভাষ্য অনুযায়ী, এই সম্পর্ক তাকে রাজনৈতিকভাবে কিছুটা সুরক্ষা দিয়েছিল।
কিন্তু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় তার চীন-সম্পর্কিত অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়, তার দলীয় কর্মীরা সহিংস আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং চীনের নির্দেশে মাওবাদী বিদ্রোহের পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। এটি ছিল প্রতিবেদকের রাজনৈতিক মূল্যায়ন ও অভিযোগ; ভাসানীর চীনপ্রীতি এবং তার রাজনৈতিক যোগাযোগের ভিত্তিতে এমন ধারণা প্রকাশ করা হয়েছিল।
সহিংসতা, গণআন্দোলন ও বিতর্কিত রাজনৈতিক কৌশল:
টাইমের প্রতিবেদনের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল ভাসানীর আন্দোলন পরিচালনার কৌশল। প্রতিবেদনে বলা হয়, ১৯৬৯ সালের আন্দোলনের সময় বিভিন্ন এলাকায় সহিংসতা, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও বাড়িঘর ধ্বংসের ঘটনা ঘটেছিল। ভাসানীর অনুসারীদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ তোলা হয়। ভাসানী এসব ঘটনাকে অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখানেই তাকে ‘প্রফেট অব ভায়োলেন্স’ বা ‘সহিংসতার নবী’ আখ্যা দেওয়ার মূল কারণ।
তবে প্রতিবেদনের মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল—ভাসানীর রাজনৈতিক বক্তব্য তার বাস্তব সাংগঠনিক শক্তির তুলনায় অনেক বেশি বিস্ফোরক ছিল। তার অনুসারীদের বড় অংশ ছিল পূর্ব পাকিস্তানের কৃষকসমাজে। সামরিক বাহিনীর বিরুদ্ধে সরাসরি লড়াই করার মতো শক্তি তার সংগঠনের ছিল না। তবু তার বক্তব্য, আন্দোলনের আহ্বান এবং জনগণের মধ্যে তার প্রভাব পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছিল।
‘প্রফেট অব ভায়োলেন্স’—একটি ঐতিহাসিক মূল্যায়ন
১৯৬৯ সালের ১৮ এপ্রিলের টাইম প্রতিবেদনটি মূলত তিনটি বৈপরীত্যের ওপর দাঁড়িয়ে ছিল। ১) সাধুপুরুষ বনাম বিপ্লবী: সাধারণ জীবনযাপনকারী ধর্মীয় নেতা, যিনি দরিদ্র মানুষের কাছে ছিলেন প্রায় সাধুসম। ২) জনগণের নেতা বনাম রাষ্ট্রের আতঙ্ক: কৃষকসমাজের প্রিয় নেতা, যাঁর রাজনৈতিক বক্তব্য সামরিক শাসকদের কাছে বিপজ্জনক বলে বিবেচিত হয়েছিল। ৩) সামাজিক ন্যায়বিচার বনাম সহিংস রাজনৈতিক কৌশল: শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী নেতা, যাঁর আন্দোলনের সঙ্গে সহিংসতার অভিযোগও যুক্ত হয়েছিল। প্রতিবেদনটি ভাসানীকে নিছক একজন সহিংস রাজনীতিক হিসেবে দেখেনি; বরং তার জনপ্রিয়তার সামাজিক ভিত্তি, রাজনৈতিক দর্শন, কৃষকসমাজের সঙ্গে সম্পর্ক এবং পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে তার অবস্থানও তুলে ধরেছিল। তবে এর দৃষ্টিভঙ্গি ছিল মূলত পশ্চিমা সাংবাদিকতার রাজনৈতিক বিশ্লেষণ। পূর্ব পাকিস্তানের বঞ্চনা, জাতীয় অধিকার ও গণআন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটকে পুরোপুরি উপলব্ধি করতে হলে প্রতিবেদনের বাইরেও বৃহত্তর ইতিহাস বিবেচনা করা প্রয়োজন। সব মিলিয়ে, ‘প্রফেট অব ভায়োলেন্স’ ছিল এমন এক রাজনৈতিক নেতার প্রতিকৃতি, যিনি দরিদ্র মানুষের ক্ষোভকে রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে সংগঠিত করতে পেরেছিলেন। তার রাজনৈতিক দর্শন, সংগ্রামী ভাষা এবং গণআন্দোলনের ভূমিকা তাকে পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে আতঙ্কের প্রতীক করে তুলেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি এবং কার্যক্রম নিষিদ্ধ।
তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। বর্তমানে আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এই অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।’
জাহেদ উর রহমান বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে সেখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবে।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে। তবে বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।’
জাহেদ উর রহমান উল্লেখ করেন, ‘যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি বলপ্রয়োগ করা যাবে না। পুলিশ যেন প্রয়োজন অনুযায়ী আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে উদযাপন করা হয়েছে গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ।
অনুষ্ঠানে নোয়াখালী জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী নুরুল আফসার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আবদুল আল বাকী এবং ডিইএবির সদস্যসচিব প্রকৌশলী আবিদ হাসানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা উল্লেখ করেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ প্রকৌশলী তৈরির মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, দক্ষতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে তাঁদের অবদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক বার্নার্দো সিলভা দল থেকে বাদ পড়েছেন। মেডিকেল পরীক্ষার ফলাফলে তাকে খেলার জন্য অনুপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে দলের চিকিৎসক বিভাগ। তবে স্পেনের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ধারণার চেয়ে দ্রুত মাঠে ফিরে আসতে পারেন।
জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের জন্য শুভকামনা জানিয়েছেন সিলভা। পর্তুগাল আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্ডিফে নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে খেলবে। মেডিকেল মূল্যায়নের পর তাকে ওই ম্যাচের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) স্বাস্থ্য ও পারফরম্যান্স বিভাগ।
যদিও জাতীয় দলের চিকিৎসকরা সতর্ক অবস্থান নিয়েছেন, মাদ্রিদে সিলভার দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী তার ক্লাবের চিকিৎসকরা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আগামী সপ্তাহে লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে তিনি খেলতে পারেন, যিনি ম্যানচেস্টার সিটির সাবেক তারকা।
জাতীয় দলের ও ক্লাবের মেডিকেল মূল্যায়নের মধ্যে এই পার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গ্রুপ এ৪-এর শীর্ষস্থান নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সিলভাকে হারানো পর্তুগালের জন্য একটি বড় ধাক্কা।
চলতি আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কঠিন সময় পার করছে। ব্রাগায় ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের ম্যাচে দলের একমাত্র গোলটি সিলভা করেছিলেন। এরপরই তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়।
ক্লাবের হয়ে দ্রুত ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও জাতীয় দলের সতীর্থদের প্রতি সমর্থন জানাতে ভোলেননি ৩২ বছর বয়সী এই ফুটবলার। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, 'আগামীকালের ম্যাচে সেলেসাওদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আশা করি, ছেলেরা কাজটা ঠিকঠাক শেষ করতে পারবে এবং গ্রুপের গুরুত্বপূর্ণ শীর্ষস্থান নিশ্চিত করবে!'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবু মোশাররফ রাসেল
চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে এই প্রতিষ্ঠানের পথচলায় উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে।
এই সময়ের মধ্যে ভাষা ও প্রশাসন শিক্ষা থেকে আইন, সাংবাদিকতা ও আধুনিক জীববিজ্ঞান—উচ্চশিক্ষার পরিসর বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ আকাঙ্ক্ষার এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন শিক্ষাক্ষেত্র।
দেশের মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা ও লোক প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ বিভাগ চালু হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একমাত্র বিশেষায়িত যাতায়াত ব্যবস্থা ‘শাটল ট্রেনের’ লাইনও নির্মিত হয়েছিল।
একটি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠনে নানা চ্যালেঞ্জের পরেও শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
আগামীকাল ১৮ নভেম্বর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্যাপন করতে যাচ্ছে ‘হীরকজয়ন্তী’ উৎসব। ছয় দশকে বিশ্ববিদ্যালয়টি পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে।
এই দীর্ঘ পথচলার মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের এমন এক অধ্যায় ফিরে দেখা হচ্ছে; যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিন মেয়াদে যুক্ত হয়েছিল নতুন বিভাগ, গবেষণার ক্ষেত্র ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৭ সালে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ‘আরবি’ ও ‘ফারসি’ ভাষা বিভাগ। এর মাধ্যমে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার একটি নতুন ক্ষেত্র তৈরি হয়।
এরপর ১৯৮০ সালে চালু হয় ‘লোকপ্রশাসন বিভাগ’। রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক কাঠামো, নীতি প্রণয়ন ও জনসেবা ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে বিভাগটি। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে লোকপ্রশাসন বিভাগের যাত্রা ছিল সময়োপযোগী সংযোজন।
নব্বইয়ের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তারে নতুন মাত্রা যোগ হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের সময়ে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় আইন বিভাগ। এর মধ্য দিয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতির সুযোগ আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। আইন, বিচারব্যবস্থা, সংবিধান ও নাগরিক অধিকার নিয়ে উচ্চতর জ্ঞানচর্চার জন্য বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।
১৯৯৩ সালে চালু হয় ‘ইনস্টিটিউট অব ফরেস্ট্রি কমপ্লেক্স’ (বর্তমানে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স)। দেশের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল তখনই।
১৯৯৪ সালে চালু হয় ‘যোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগ। গণমাধ্যমের বিস্তার এবং সংবাদপেশায় দক্ষ জনবলের প্রয়োজনীয়তা বাড়ার সময়ে এ বিভাগ প্রতিষ্ঠা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন। সাংবাদিকতা, গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়।
আইন ও সাংবাদিকতা—দুটি ভিন্ন পেশাভিত্তিক শিক্ষাক্ষেত্র যুক্ত হওয়ার মধ্য দিয়ে এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর আরও বহুমুখী হয়ে ওঠে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষায় যুক্ত হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো নতুন ক্ষেত্র। ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি’ বিভাগ। ২০০৪-০৫ শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। জীববিজ্ঞানের আধুনিক শাখা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি কৃষি, চিকিৎসা, খাদ্য উৎপাদন, পরিবেশ ও শিল্পসহ নানা ক্ষেত্রে গবেষণার সম্ভাবনা তৈরি করেছে।
একই মেয়াদে শিক্ষা বিষয়ে উচ্চতর পাঠদান ও গবেষণার জন্য ইনস্টিটিউট অব এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠার প্রাতিষ্ঠানিক উদ্যোগও এগিয়ে যায়। ২০০৫ সালের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ইনস্টিটিউটটির সংবিধি অনুমোদিত হয়।
শিক্ষক, শিক্ষা, শিক্ষা গবেষণা ও বিএডি, শিক্ষা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরসহ উচ্চতর ডিগ্রি কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির পরিকল্পনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বিশেষায়িত ও গবেষণামুখী করার ক্ষেত্রে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ।
সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তারের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর ক্ষেত্রেও বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে উল্লেখযোগ্য সংযোজন ঘটে। নির্মিত হয় ৫০৯ কক্ষের ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল’।
সেই সময় বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করতেন। অথচ চালু আটটি হলে আবাসনের সুযোগ ছিল মাত্র ৩ হাজার ৭৪৪ জনের। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে শহরে কিংবা বিভিন্ন কটেজ ও মেসে থেকে প্রতিদিন ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস করতে হতো। বিশেষ করে ছাত্রীদের আবাসনসংকট ছিল আরও প্রকট। নতুন ছাত্রী হল নির্মাণ বিশ্ববিদ্যালয়ের আবাসিক অবকাঠামোয় বড় সংযোজন হিসেবে বিবেচিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বাসসকে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ও অবকাঠামোগত পূর্ণতা পেয়েছিল।’
তিনি বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত বেশ কষ্টসাধ্য ছিল। শিক্ষার্থীরা নাজিরহাটের ট্রেনে উঠত এবং তাদের ফতেয়াবাদে নামিয়ে দেওয়া হতো। ১৯৮০ সালের দিকে জিয়াউর রহমানের সরকার বিশ্ববিদ্যালয় পর্যন্ত ট্রেন লাইন নির্মাণ এবং বিশেষায়িত যাতায়াত ব্যবস্থা ‘শাটল ট্রেন’ চালু করে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যুগান্তকারী সংযোজন।
ড. আল-আমীন আরও বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স চালু ছিল আরেকটি মাইলফলক। তিনি সে সময়ে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এফএও, ইউএনডিপি ও বিশ্বব্যাংকের সহায়তায় বিদেশ থেকে প্রায় সাতজন শিক্ষক নিয়োগ দেন। এটি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়; বাংলাদেশের বনবিদ্যা শিক্ষার ক্ষেত্রেও একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে।
বেগম খালেদা জিয়ার আরেকটি ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় সম্মাননা প্রদানের ক্ষেত্রে তিনি দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তির যোগ্যতা, খ্যাতি ও কর্মকে বেশি গুরুত্ব দিতেন। যাঁর যতটুকু সম্মান প্রাপ্য, তাঁকে তা দিতে তিনি কার্পণ্য করতেন না। এটি পরবর্তী প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা।’
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ একাংশ) আসনের জাতীয় সংসদ সদস্য, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাসসকে বলেন, বিএনপি সব সময় চট্টগ্রামকে দেশের উন্নয়নের অগ্রভাগে রাখার চেষ্টা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামকে ঘিরে যে উন্নয়নচিন্তা ও সম্ভাবনা সামনে এনেছিলেন, বেগম খালেদা জিয়ার সরকার সেই ধারা সমান্তরালে এগিয়ে নিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে চট্টগ্রামকে এগিয়ে রাখছেন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন সেই বৃহত্তর মনোযোগেরই একটি উদাহরণ। এ অঞ্চলের মানুষের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্ক ছিল গভীর। চট্টগ্রামের মানুষ বরাবরই জিয়া পরিবারের প্রধান শুভানুধ্যায়ী।
মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু এই অঞ্চলের নয়, পুরো দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হোক।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসবকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। কয়েকদিন ধরেই ক্যাম্পাসে চলছে উৎসবের আমেজ।
ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। ক্যাম্পাসের চাকসু ভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, নারী হলপাড়া, কলা অনুষদ ভবন, বুদ্ধিজীবী চত্বর ও জিরোপয়েন্টসহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় আঙিনা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইসহ সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে।
তিনি বলেন, ‘এই আয়োজনকে সফলভাবে সম্পন্ন ও বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।’
প্রসঙ্গত, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট ও ১০টি অনুষদ রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ২৭ হাজারের বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ