বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১৬ এম
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন আটক করেছে। এই ঘটনার মাধ্যমে পানির নিচে চালকবিহীন ডুবোযান ব্যবহারের একটি বিরল উদাহরণ প্রকাশ পেয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আটক করা ডুবোযানটি ডাইভ-এলডি মডেলের একটি বড় আকারের স্বয়ংক্রিয় যান। ক্যালিফোর্নিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল এটি তৈরি করেছে। এই ডুবোযানটির দৈর্ঘ্য প্রায় ১৯ ফুট এবং এটি মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করা, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচের ক্যাবল ও পাইপলাইন পরিদর্শনে সক্ষম।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, মার্কিন ডুবোযানটি ‘সর্বাধুনিক প্রযুক্তিতে’ সজ্জিত ছিল এবং এটি হরমুজের প্রবেশমুখ থেকে আটক করা হয়েছে।
অন্যদিকে, পেন্টাগনের দাবি, ড্রোনটি এক দিনেরও বেশি আগে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছিল। তারা জানিয়েছে, এটি আঞ্চলিক জলসীমা জরিপের কাজে ব্যবহৃত হচ্ছিল। পেন্টাগন আরও বলেছে, ড্রোনটি পুরোনো মডেলের এবং এতে কোনো সংবেদনশীল তথ্য বা গোপন সোনার-রাডার সরঞ্জাম ছিল না।
অ্যান্ডুরিলও তাদের একটি ডুবোযান হারানোর বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডাইভ-এলডি এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্যবহারের জন্য তৈরি, যেখানে যানটি হারানোর সম্ভাবনা পূর্বেই বিবেচনায় রাখা হয়।
অ্যান্ডুরিলের তথ্য অনুযায়ী, ডুবোযানটি ঘাঁটিতে না ফিরে ১০ দিন পর্যন্ত চলতে পারে এবং এটি প্রায় ৬ হাজার মিটার গভীরে যেতে সক্ষম। প্রতিটি ইউনিটের দাম প্রায় ২৫ লাখ ডলার।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বুধবার সকালে কমানোর ঘোষণা দিয়েছে। ভরির দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবারও স্বর্ণ বিক্রি হবে একই দামে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের ভিত্তিতে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে দুই লাখ ২৩ হাজার ৫৪০ টাকা করা হয়েছে।
এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে এক লাখ ৯১ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে তিন হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় ফিরিয়ে আনতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল সন্দ্বীপ উপজেলাকে মাদকমুক্ত করা এবং আধুনিক প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করা। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ মোবাইল গেম ও মাদকের ভয়াল গ্রাসে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অবক্ষয় রোধে মাঠমুখী সংস্কৃতির পুনরুজ্জীবনের বিকল্প নেই।
যুবসমাজকে পুনরায় খেলাধুলায় সম্পৃক্ত করতে উপজেলার বিভিন্ন মাঠে ফুটবল টুর্নামেন্টসহ নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের, আহ্বায়ক, সদস্য সচিব, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সমাজ গঠনে এই মহতী উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে শিক্ষক ও গবেষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘Training on How to Publish Article in the Top Journal’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-০৩-এর অডিটোরিয়ামে সকাল ৯.০০টায় বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়ে বিকাল ৫:০০ টায় শেষ হয়। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার প্রশিক্ষণের প্রশিক্ষক পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. ইসহাক আলীকে শুভেচ্ছা জানান। এরপর প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, গবেষণা প্রবন্ধ প্রকাশের বিষয়ে অনেকেরই পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। তবে এ ধরনের প্রশিক্ষণ নতুন নতুন বিষয়, আধুনিক পদ্ধতি ও গবেষণা-প্রকাশনার সমসাময়িক কৌশলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে। তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মদক্ষতাভিত্তিক (Performance-Based) প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে এর ইতিবাচক প্রভাব পড়বে।
উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গবেষণা জার্নালকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জার্নালে DOI (Digital Object Identifier) নম্বর সংযুক্ত করার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গবেষণা জার্নালকে আন্তর্জাতিক মানে উন্নীত করে নিয়মিত ও মানসম্মতভাবে প্রকাশের উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। এছাড়াও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারে দক্ষ করে তুলতে AI-বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন উপাচার্য। তিনি বলেন, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর পরিবেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দিনব্যাপী বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. ইসহাক আলী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি আভিযানিক দল রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের ফাঁকা জায়গায় থাকা একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. দুলাল মিয়া (২৯), মো. বেলাল হোসেন (৪০), আব্দুল খালেক (৪৫) ও জুবায়ের হোসেন (৩৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
এদিকে পৃথক একটি অভিযানে নাগেশ্বরী পৌরসভার সুখ্যাতি লাল স্কুল সংলগ্ন একটি সারের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ