১১:০৪ পি.এম
বঙ্গোপসাগরের উপকূল থেকে টানা ভারী বর্ষণ এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকার কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গণ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। কিছুদিনের জন্য পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা যেন সুরক্ষিত থাকে, সেই কারণে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি করলো মুখোশধারীরা
এ সময়ের মধ্যে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে কোনও ধরনের পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা মেনে চলতে এবং আবহাওয়াজনিত পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছেন। একইসাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি ভ্রমণ থেকে বিরত থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন