ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সামাজিক কল্যাণে তরুণদের এআই উদ্ভাবন উদযাপন করতে গ্রামীণফোন ফিউচারমেকার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত


সামাজিক কল্যাণে তরুণদের এআই উদ্ভাবন উদযাপন করতে গ্রামীণফোন ফিউচারমেকার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের 'ফিউচারমেকার্স' প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছে। এই প্রতিযোগিতাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক ধারণা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়।

সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের উদ্ভাবনী সল্যুশন নিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “এআই ফর সোশ্যাল গুড।”

এই সংস্করণে দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৭,০০০-এরও বেশি শিক্ষার্থী ১,১০৩টি ধারণা জমা দেন। ২০২৫ সালের প্রথম সংস্করণের তুলনায় এ বছর শিক্ষার্থী অংশগ্রহণের হার ৪০% বেশি ছিল।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, পরিবর্তন আসছে প্রাইভেসি সেটিংসে

ফিউচারমেকার্স-এর দ্বিতীয় সংস্করণে স্টেম এবং নন-স্টেম উভয় ধারায় অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাতটি চ্যালেঞ্জিং বিষয়ের ওপর এআই-চালিত ধারণা রূপায়নের আহ্বান জানানো হয়। বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি, পরিবেশগত ভারসাম্য ও জলবায়ু প্রতিক্রিয়া এবং নিরাপত্তা, সুরক্ষা ও ডাটার গোপনীয়তা।

গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ গ্রামীণফোনের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, শিল্পখাতের বিশেষজ্ঞ, প্রযুক্তি পেশাজীবী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

ফাইনালিস্টরা বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.), গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ স্ট্রাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আন্দ্রেয়াস হগবার্গ, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং চিফ ইনফরমেশন অফিসার ড. নিরঞ্জন শ্রীনিবাসনের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে তাদের সল্যুশনগুলো উপস্থাপন করেন। প্যানেলটি উদ্ভাবন, বাস্তবায়নযোগ্যতা, সামাজিক প্রভাব এবং এআই-এর বাস্তবভিত্তিক প্রয়োগ বিবেচনায় নিয়ে ধারণাগুলো মূল্যায়ন করেছে।

প্রজেক্ট 'ইকোক্লিপ'-এর জন্য প্রথম স্থান অধিকার করেছে টিম লাবডাব; এটি একটি এআই-চালিত ক্লিপ-অন ডিভাইস, যা সাধারণ স্টেথোস্কোপকে হৃদরোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের যন্ত্রে রূপান্তর করে।

আরও পড়ুন: নাগরিক তথ্য সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অন্যদিকে নদীভাঙনের পূর্বাভাস দিতে এআই-চালিত ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় স্থান অধিকার করেছে টিম রিভার সেন্টিনেল; এটি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করতে এবং ঝুঁকিতে থাকা মানুষদের পূর্বাভাস বা আগাম সতর্কতা দিতে সক্ষম। আর প্রজেক্ট 'স্পষ্ট এআই'-এর জন্য তৃতীয় স্থান অধিকার করেছে টিম জিনক্সড; এটি হচ্ছে এআই-এর সহায়তায় পরিচালিত একটি স্পিচ-থেরাপি অ্যাপ্লিকেশন- যার মাধ্যমে নির্দেশনা অনুযায়ী বাড়িতে অনুশীলন এবং অগ্রগতি পরিমাপ করা সম্ভব, যাতে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত হয়।

সৃজনশীলতা এবং সল্যুশনগুলোর সম্ভাবনার স্বীকৃতি হিসেবে বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করা হয়। তারা যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরষ্কার পেয়েছেন। পাশাপাশি গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম 'নেক্সট বিজনেস লিডার' এবং 'নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রাম '-এ সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন তারা।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “বিশ্বজুড়ে শিল্পখাত ও অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে এআই। আমাদের তরুণরা যেন এই রূপান্তরে অংশ নিতে প্রয়োজনীয় সরঞ্জাম, দক্ষতা ও সুযোগ পায় তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যাতে এআই-এর সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারে, এজন্য আমাদের তরুণদের শুধু নতুন নতুন প্রযুক্তি শেখা ও গ্রহণে উদ্বুদ্ধ করাই নয়, বরং তাদেরকে বাস্তব জগতের চ্যালেঞ্জ মোকাবেলায় সেগুলো কীভাবে প্রয়োগ করা যায় সেদিকে উৎসাহিত করতে হবে। আমি গ্রামীণফোনের 'ফিউচারমেকার্স'-এর মতো উদ্যোগকে স্বাগত জানাই, যা সারা দেশের শিক্ষার্থীদের এআই নিয়ে কাজ করতে, দক্ষতা বাড়াতে এবং উদ্ভাবনী ধারণাগুলোকে কার্যকর সল্যুশনে রূপান্তর করতে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। এই ধরনের উদ্যোগগুলো ভবিষ্যৎ-উপযোগী মেধার বিকাশ এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.) বলেন, “তরুণ উদ্ভাবকরা যেভাবে এআই ব্যবহার করে সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে এবং আরও বেশি মানুষের কাছে ডিজিটালাইজেশনের সুফল পৌঁছে দিতে পারে - তা সত্যিই উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণকারীরা যেন দায়িত্বশীল উদ্ভাবন ও ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে দেশের জন্য তাদের ধারণা বাস্তবায়নে এগিয়ে যায় সেই আশাবাদ ব্যক্ত করছি।”

আরও পড়ুন: অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ৫০ ডলার নেবে

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “সারা দেশের তরুণদের মধ্যে যে অসাধারণ সৃজনশীলতা, মেধা এবং উদ্ভাবনী চিন্তা আমরা দেখতে পাই তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ফিউচারমেকার্স-এর এই সংস্করণের একটি উৎসাহব্যঞ্জক দিক হলো এতে অংশগ্রহণ শুধু বড় শহর বা নামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী তরুণদের এআই-চালিত ধারণা নিয়ে এগিয়ে আসতে দেখেছি, যা প্রমাণ করে যে মেধা ও সম্ভাবনা শুধু ভৌগোলিক অবস্থান বা প্রাতিষ্ঠানিক মর্যাদার ওপর নির্ভর করে না। এই ধরনের প্রতিশ্রুতিশীল মেধা দেখে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী ও আত্মবিশ্বাসী।

গ্রামীণফোনে আমরা আমাদের ভূমিকাকে সহায়তাকারী হিসেবে দেখি- যা এমন সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে তরুণ উদ্ভাবকরা তাদের দক্ষতা বাড়াতে, নিজেদের সম্ভাবনা সম্পর্কে জানতে এবং তাদের ধারণাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে। ফিউচারমেকার্স এবং আমাদের বিস্তৃত যুব ক্ষমতায়ন সংশ্লিষ্ট উদ্যোগগুলো কীভাবে তরুণদের চাহিদার ভাষা বুঝতে পারে এবং একটি নিরাপদ, স্মার্ট ও আরও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে তাদের অবদান রাখতে সক্ষম করে তোলে- তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, “গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি যে, একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে তরুণদের ভবিষ্যৎ-উপযোগী দক্ষতায় বলীয়ান করা এবং তাদের অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ প্রদান করা অপরিহার্য। ফিউচারমেকার্স-এর দ্বিতীয় সংস্করণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৈচিত্র্যময় একাডেমিক অবস্থানের শিক্ষার্থীদের একত্রিত করে তাদের এআই-এর প্রথাগত ব্যবহারের বাইরে গিয়ে সামাজিক কল্যাণে এর সম্ভাবনা খুঁজে বের করতে উৎসাহিত করেছে। আমাদের প্রত্যাশা, এই অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের শেখা, পরীক্ষা-নিরীক্ষা চালানো এবং তাদের ধারণাগুলোকে এমন সল্যুশনে রূপান্তর করতে অনুপ্রাণিত করবে, যা শুধু তাদের নিজেদের অগ্রগতি নয়; বরং দেশের সার্বিক উন্নয়নেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

আরও পড়ুন: ভিভো ভি৮০: ৫০ মেগাপিক্সেলের জাইস ক্যামেরা ও নতুন ডিজাইন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১১ এম


বরিশালে চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে চিকিৎসককে মারধরের ঘটনায় পুলিশ ইমরান হোসেন সালাম নামে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার এড়াতে ইমরান তার বাড়িতে আত্মগোপন করে ছিলেন।

ইমরান হোসেন, বাকেরগঞ্জ পৌরসভার বাসিন্দা মো. বেলায়েত হোসেন খানের ছেলে এবং পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

মঙ্গলবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে মেডিক্যাল অফিসার ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা চালান তিনি।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষে রোগী দেখছিলেন মেডিক্যাল অফিসার ডা. সুরঞ্জিত দাস। এ সময় অভিযুক্ত ইমরান হোসেন সালামের বাবা মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার কক্ষে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি বেলায়েত তার ছেলে সালামকে জানান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে তিন-চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন সালাম। এ সময় চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে তার কক্ষে আশ্রয় নেন ওই চিকিৎসক।

ভুক্তভোগী চিকিৎসক ডা. সুরঞ্জিত বলেন, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলায় সালাম চেম্বারে ঢুকে আমাকে অশ্লীল ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা করেছি।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান হোসেন সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে সাইবার প্রতারণা থেকে শিক্ষার্থীদের সতর্ক করতে সচেতনতামূলক প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১২ এম


যবিপ্রবিতে সাইবার প্রতারণা থেকে শিক্ষার্থীদের সতর্ক করতে সচেতনতামূলক প্রচারণা

‘সচেতনতার মাধ্যমে নিরাপত্তা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে সাইবার প্রতারণা থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবন, ক্যাম্পাসের সড়ক, প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদের সামনে সাইবার নিরাপত্তা সম্পর্কিত সচেতনতামূলক বিলবোর্ড বিতরণ ও প্রদর্শন করা হয়েছে।

বর্তমানে অনলাইনভিত্তিক প্রতারণা, ভুয়া লিংক, বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং জালিয়াতি এবং ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এসব প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রচারিত সচেতনতামূলক বার্তায় উল্লেখ করা হয়েছে, পিন (PIN), ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP), কার্ডের নিরাপত্তা কোড (CVV) কিংবা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অপরিচিত কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে এবং অনলাইনে যেকোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

এছাড়া প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট আর্থিক লেনদেন বন্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে মো. আলামিন বলেন, সাইবার প্রতারণা বর্তমানে উদ্বেগজনক হয়ে উঠেছে। ভুয়া লিংক, ফিশিং, মোবাইল ব্যাংকিং জালিয়াতি ও ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও ঝুঁকিতে রয়েছেন।

আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সবাইকে প্রতারণার কৌশল সম্পর্কে অবহিত করা এবং করণীয় সম্পর্কে সচেতন করা। আমরা চাই, প্রত্যেকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, বন্ধু ও সহপাঠীদেরও সচেতন করবেন। একটি নিরাপদ ক্যাম্পাস গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ এম


খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এই ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের মধ্যে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ অন্তর্ভুক্ত রয়েছে এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।

পরবর্তী দিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ রয়েছে। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, আবেদনের যোগ্যতা, সময়সূচি এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.ku.ac.bd) এ প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ এম


কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক (৪৬) কে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার নরুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোজাম্মেল কালীগঞ্জ উপজেলার জামালপুর প্রধান বাড়ির আমিন উদ্দিনের পুত্র। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচিত।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত ২৮ অক্টোবর কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক এবং ইউপি মেম্বারসহ চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, এই আসামিদের দেওয়া তথ্যমতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ উত্তর) বিভাগের উপকমিশনার অশোক পাল মোজাম্মেল হককে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেছেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%