০১:২১ পি.এম
দুর্নীতি দমন কমিশন (দুদক) সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। অভিযোগ রয়েছে, বন্ধকী সম্পত্তি প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে এই অভিযোগের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। এরপর ২৭ সেপ্টেম্বর কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলা দায়ের করেছেন।
এদিকে, দুদকের অনুসন্ধানের খবর জানার পর মাসরুর আরেফিন দেশ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, মাসরুর আরেফিন ২২ নভেম্বর অফিসিয়াল কাজে কায়রো যাচ্ছেন। তিনি ৩০ নভেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছেন। এই সফরের অনুমতি নেওয়া হয়েছে এবং দুদকও বিষয়টি অবগত রয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: হরমুজে অচলাবস্থার মধ্যেও বাণিজ্য সচল রাখছে ওমান
দুদক সূত্রে জানা গেছে, রোববারের আগে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
অনুসন্ধান চলাকালে যদি কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ বা সম্পদ-সম্পত্তি ক্রোক করা হয়, তাহলে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে বলা হয়েছে। অভিযোগটির অনুসন্ধান দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন মাসরুর আরেফিন। সম্প্রতি তিনি আরো তিন বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন: পদ্মের ডাঁটা থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের ‘লোটাস সিল্ক’, রপ্তানির সম্ভাবনা বিশাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন