ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জবির নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক মাঈন উদ্দিন


জবির নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক মাঈন উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মাঈন উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি রোববার (১৫ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বিভাগের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম প্রণয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অধ্যাপক মাঈন উদ্দিনের শিক্ষাজীবন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামে শুরু হয়। তিনি স্থানীয় বক্সগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং এস্তোনিয়ার তালিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে তিনি ইউনিসেফ, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশসহ (আইসিডিডিআরবি) বিভিন্ন দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তবে ওই বিসিএস বাতিল হওয়ায় চাকরিতে যোগ দেওয়া সম্ভব হয়নি। পরে পুনরায় অনুষ্ঠিত বিসিএসে ইকনমিক ক্যাডারে নির্বাচিত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনে সহকারী প্রধান হিসেবে যোগ দেন। সেখানে তিনি প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে

একপর্যায়ে সরকারি চাকরি ছেড়ে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি। ২০১০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি বিভাগটির শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মাঈন উদ্দিন বিভাগের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে চান। তার পরিকল্পনায় রয়েছে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা কর্মশালা ও একাডেমিক আলোচনার আয়োজন। পাশাপাশি আন্তর্জাতিক উচ্চশিক্ষার মানদণ্ড বিবেচনায় বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর নৃবিজ্ঞান বিভাগের পাঠ্যক্রম পর্যালোচনা করে সময়োপযোগী ও আধুনিক কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নিতে চান তিনি।

শুধু পাঠ্যক্রম ও শ্রেণিকক্ষের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা বিকাশেও কাজ করতে চান নতুন চেয়ারম্যান। তার লক্ষ্য, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়িত্ববোধ ও পেশাগত সক্ষমতা বাড়ানো। এ ছাড়া বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মনীতি, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য থেকেই একটি বিভাগকে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভাগের সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই।"

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সরকারি বৃত্তির সুযোগ

নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের সীমান্তে ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ এম


আফগানিস্তানের সীমান্তে ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের পর কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার রাতে অনুভূত এই ভূ-কম্পন। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার একটি প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) রাত ১১টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির অবস্থান ছিল ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে ভূমিকম্পের সময় ও গভীরতা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৩টা ৩৭ মিনিটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় কম্পনটি আঘাত হানে। সংস্থাটি এর মাত্রা ৫ দশমিক ১ এবং গভীরতা ১৭৯ কিলোমিটার বলে জানিয়েছে।

অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাগচি: যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ এম


আরাগচি: যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত

যুদ্ধের চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী থাকলেও, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির সম্ভাব্য শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিয়েছেন। তিনি একটি রোমান সেনাপতির পরিণতির উদাহরণ তুলে ধরেছেন। ওই সেনাপতি, যদিও সংখ্যাগতভাবে শক্তিশালী ছিলেন, কিন্তু তার শেষ সামরিক অভিযানে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পর তার শিরশ্ছেদ করা হয়েছিল।

আরাগচি তার পোস্টে লিখেছেন, "তলোয়ারধারীদের আইন বোঝাতে যেয়ো না"—এটি একজন রোমান সেনাপতির উক্তি। যদিও তিনি সংখ্যাগতভাবে এগিয়ে ছিলেন, তার শেষ সামরিক অভিযানটি পরাজয়ের দিকে গড়ায়। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পর তার শিরশ্ছেদ করা হয়।

আরাগচি আরও উল্লেখ করেছেন, "এর চেয়ে ভালো প্রবাদ হলো—যারা অতীত মনে রাখতে পারে না, তারা একই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য হয়।"

এই মন্তব্যের পেছনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্য রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে রুবিও "তলোয়ারধারীদের আইন বোঝানো বন্ধ করো"—এই প্রবাদটি উল্লেখ করেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সমালোচনা করতে গিয়ে তিনি এই কথা বলেন।

রুবিওর বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরাজয়ের ইঙ্গিত দিতে আরাগচি রোমান সেনাপতির পরিণতির উদাহরণ তুলে ধরেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো, জয়ে রাঙালেন রাভেন্নার রাত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ এম


অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো, জয়ে রাঙালেন রাভেন্নার রাত

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ৪৬ বছর বয়সে আবারও পেশাদার ফুটবলে ফিরেছেন, যা ফুটবল বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইতালির তৃতীয় বিভাগ সিরি সি-র ডার্বি ম্যাচে রাভেন্না ফর্লিকে ২-০ গোলে পরাজিত করেছে, আর এই ম্যাচের মাধ্যমে অবসরের প্রায় এক দশক পর তার প্রত্যাবর্তন ঘটে।

গত আগস্টে রাভেন্নার সঙ্গে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হওয়ার পর, রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন। রোববারের ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন এবং বেশ কিছু দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দেন। দলের প্রথম গোলের জন্য তার পা থেকেই তৈরি হয়।

একজন ডিফেন্ডারকে সামলে তিনি এমন একটি পাস দেন, যা থেকে আক্রমণ গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত জুলিও দোনাতি দূরপাল্লার শটে গোল করেন। এর আগে একটি কর্নার থেকেও দোনাতির জন্য সুযোগ তৈরি করেছিলেন রোনালদিনহো, যদিও সেই হেডটি গোলরক্ষক ঠেকিয়ে দেন।

বিরতির সময় রোনালদিনহোকে ঘিরে গণমাধ্যমের ব্যাপক আগ্রহ তৈরি হয়। সাংবাদিকদের ভিড়ের মধ্যে মাঠে তার সঙ্গে যোগ দেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক সতীর্থ দিদা।

প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় তাকে তুলে নেওয়া হয়। তবে মাঠ ছাড়ার আগে তিনি দর্শকদের মন জয় করে নেন।

রাভেন্নার ঘরের মাঠ স্তাদিও ব্রুনো বেনেল্লিতে এই ম্যাচের জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল একটি অস্থায়ী গ্যালারি, যার নাম দেওয়া হয় "আর১০", রোনালদিনহো এবং তার বিখ্যাত জার্সি নম্বর ১০-এর প্রতি সম্মান জানিয়ে। পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল, আর ম্যাচটি বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হয়।

মজার বিষয় হলো, ম্যাচের আগে রোনালদিনহো দলের সঙ্গে মাত্র একদিন অনুশীলন করেছিলেন। শনিবার প্রথমবারের মতো দলীয় অনুশীলনে অংশ নিয়ে রোববারই মাঠে নামেন তিনি। কাগজে-কলমে বাম প্রান্তে খেলানোর কথা থাকলেও, ম্যাচে তাকে বেশিরভাগ সময় মাঝমাঠে খেলতে দেখা যায়।

খেলোয়াড়ি জীবনের সেরা সময়ে রোনালদিনহো ছিলেন বিশ্বের অন্যতম সেরা এবং জনপ্রিয় ফুটবলার। তার হাসিখুশি ব্যক্তিত্ব ও অসাধারণ কারিকুরিতে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছিলেন তিনি।

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ, বার্সেলোনার হয়ে ২০০৬ চ্যাম্পিয়ন্স লিগ, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে লিগ শিরোপা জিতেছেন তিনি। এছাড়া ২০০৫ সালে ব্যালন ডি'অর এবং ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারও অর্জন করেন।

ক্যারিয়ারে রোনালদিনহো ২৯৯টি গোল করেছেন। রাভেন্নার হয়ে ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করার আশা করেছিলেন তিনি। এমনকি দল পেনাল্টি পেলে সেটি নেওয়ার প্রস্তুতিও ছিল তার।

ম্যাচ শেষে স্কাই স্পোর্ত ইতালিয়াকে রোনালদিনহো বলেন, "আবার মাঠে নামতে, ড্রেসিংরুমের পরিবেশ উপভোগ করতে দারুণ লেগেছে।"

রাভেন্নার হয়ে আবার খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি হাসিমুখে বলেন, "সভাপতি যদি আমাকে ডাকেন, আমি আবার ফিরে আসব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের রাজারহাটে ইয়াবাসহ যুবক শফিকুল ইসলাম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ এম


কুড়িগ্রামের রাজারহাটে ইয়াবাসহ যুবক শফিকুল ইসলাম গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম শফিকুল ইসলাম শফি, বয়স ৩০ বছর।

রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার চাকিরপশার তালুক গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার চাকিরপশার ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানের সময় চাকিরপশার তালুক গ্রামের নিজ বাড়ি থেকে শফিকুল ইসলাম শফিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শফি ওই গ্রামের মো. বয়তুল আলীর পুত্র।

রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, গ্রেফতারকৃত শফির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%