১২:২৩ পি.এম
বাংলাদেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি হচ্ছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি এই ভাষা শেখার কার্যক্রম আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। চীনা, জাপানি, কোরীয়, জার্মান, ফরাসি ও আরবি ভাষার ওপর গুরুত্ব দেওয়া হবে। সরকারের উদ্দেশ্য হলো, বিদেশি ভাষায় দক্ষ তরুণদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। তবে, এই উদ্যোগ কতটা কার্যকর হবে, সে সম্পর্কে প্রশ্ন উঠেছে।
বিদেশি ভাষা শেখার সুফল শুধুমাত্র বিদেশে চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তা প্রমাণ করেছেন মিয়াদ হোসাইন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষা নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। দ্বিতীয় বর্ষে ওঠার পর বাংলাদেশের একটি চীনা প্রতিষ্ঠানে খণ্ডকালীন দোভাষী হিসেবে কাজ করার সুযোগ পান। তখন থেকেই তার মাসিক আয় ৪০ হাজার টাকায় পৌঁছে যায়।
মিয়াদ হোসাইন জানান, শুরুতে তিনি চীনা ভাষায় এক-দুই লাইন কথা বলতে পারতেন। দোভাষী হিসেবে কাজ শুরু করার পর তার ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে তার বেতনও বাড়তে থাকে। খণ্ডকালীন চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেন এবং বর্তমানে চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন। চীনা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে এ ব্যবসা শুরু করার ফলে তাকে নিজে কোনো বিনিয়োগ করতে হয়নি।
আরও পড়ুন: পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে
মিয়াদ হোসাইন বলেন, চীনা ভাষায় দক্ষতা থাকায় বিনিয়োগ ছাড়াই ব্যবসা শুরু করার সুযোগ পেয়েছেন। তার ভাষায়, "শূন্য হাতে ব্যবসা শুরু করলেও এখন কোটি কোটি টাকার ব্যবসা চলছে।"
বাংলাদেশে বিদেশি ভাষা শেখার আগ্রহ তরুণদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পাশাপাশি চাকরির বাজারে নিজেদের যোগ্যতা বাড়াতে অনেকেই বাংলা ও ইংরেজির বাইরে অন্যান্য ভাষা শিখছেন। বিশেষ করে চীনা, জাপানি, কোরীয়, জার্মান ও আরবি ভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এসব ভাষা জানা থাকলে বিদেশে চাকরি পাওয়ার পাশাপাশি দেশে বহুজাতিক প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী কোম্পানি, পর্যটন, অনুবাদ, শিক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য খাতে কাজের সুযোগ তৈরি হচ্ছে।
সরকারও এ চাহিদাকে গুরুত্ব দিচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। নতুন শিক্ষাক্রমে একটি বিদেশি ভাষা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ের পর প্রাথমিক শিক্ষায়ও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা চালুর বিষয়টি ভাবা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আফজাল হোসেনের মতে, ইংরেজির পাশাপাশি অন্যান্য বিদেশি ভাষাও দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এ কারণে তরুণদের মধ্যে এসব ভাষা শেখার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, "শুধু বিদেশে চাকরির জন্য নয়, বাংলাদেশেও বিদেশি ভাষা জানা তরুণদের কাজের সুযোগ তৈরি হচ্ছে।" বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করছে এবং এসব প্রতিষ্ঠানে চীনা, জাপানি ও কোরীয় ভাষায় দক্ষ কর্মীদের প্রয়োজন হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সরকারি বৃত্তির সুযোগ
বিদেশি ভাষা জানলে চাকরির সুযোগ কতটা
বিদেশি ভাষা শেখার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার আরেকটি উদাহরণ মো. আরিফুজ্জামান। ঢাকার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। তবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে কোরীয় ভাষা শেখেন। ভাষা শেখার পর প্রয়োজনীয় কয়েকটি ধাপ সম্পন্ন করে দক্ষিণ কোরিয়ায় যান এবং সেখানে একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি নেন।
পাঁচ বছর চাকরি করার পর অর্জিত সঞ্চয় নিয়ে দেশে ফিরে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ব্যবসার পরিধি ধীরে ধীরে বাড়ছে। আরিফুজ্জামান জানান, কোরীয় ভাষায় দক্ষতা থাকায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটিতে তিনি ভালো বেতনে চাকরি পেয়েছিলেন।
বিদেশি ভাষার চাহিদা শুধুমাত্র বিদেশের শ্রমবাজারেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানি, দূতাবাস ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোতেও এসব ভাষায় দক্ষ কর্মীর প্রয়োজন হচ্ছে।
আরও পড়ুন: ইবিতে সুযোগ-সুবিধার অভাবে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে
মিয়াদ হোসাইন বলেন, বাংলাদেশে ব্যবসা করতে আসা চীনা প্রতিষ্ঠান ও নাগরিকেরা চীনা ভাষায় দক্ষ কর্মী খোঁজেন। কারণ, অনেক চীনা নাগরিক ইংরেজিতে স্বচ্ছন্দ নন। ফলে চীনা ভাষা জানা ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে বাড়তি সুবিধা পান।
চীনা ও কোরীয় ভাষার পাশাপাশি জার্মান, ফরাসি ও জাপানি ভাষারও চাহিদা রয়েছে। এ চাহিদার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা, জাপানি, ফরাসি ও ইংরেজি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ভাষার ওপর বিভিন্ন কোর্স চালু আছে।
অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, তৃতীয় ভাষা শেখার ফলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোতেই নয়, অন্যান্য দেশেও চাকরির সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশেও কর্মসংস্থানের পথ খুলছে।
দোভাষীর কাজের চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি বলে জানান তিনি। অধ্যাপক আফজাল হোসেনের ভাষ্য, সাধারণ শিক্ষায় পড়াশোনা করা ব্যক্তিদের তুলনায় ভাষা শিক্ষার কোর্স করা বা এ বিষয়ে স্নাতক সম্পন্ন করা ব্যক্তিরা তিন থেকে চার গুণ বেশি বেতন পাচ্ছেন। বর্তমানে অনেক ক্ষেত্রে তাঁদের ন্যূনতম বেতন ৬০ থেকে ৭০ হাজার টাকা।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
তৃতীয় ভাষা শিক্ষায় সরকারের পরিকল্পনা
নির্বাচনি ইশতেহারেও তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল বর্তমান বিএনপি সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বিদেশি ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এর পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিবিসি বাংলাকে জানান, সরকারের প্রধান লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন। এ লক্ষ্য অর্জনে বিদেশি ভাষায় দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জার্মানিতে শিক্ষার্থী ভিসায় নতুন ডিজিটাল পোর্টাল, আবেদন করবেন যেভাবে
তিনি জানান, প্রথমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে। এরপর ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়েও এ কার্যক্রম নেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে জাপানি ও চীনা ভাষা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে এ শিক্ষা শুরু হতে পারে।
সরকারের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ ইতিমধ্যে চূড়ান্ত করেছে ইউজিসি। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানান, আগামী ডিসেম্বরের মাঝামাঝি দেশের ৪০টি সরকারি ও ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শেখার কোর্স চালু হবে।
তিনি জানান, যেসব বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই ভাষা শিক্ষা কেন্দ্র বা ইনস্টিটিউট রয়েছে, সেগুলোকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন করা হবে।
এসব কোর্সে মাতৃভাষী শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান। তার মতে, সংশ্লিষ্ট ভাষার মাতৃভাষীরা ভালোভাবে শেখাতে পারবেন। তরুণদের চাকরি ও কর্মসংস্থানের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। তৃতীয় ভাষা হিসেবে চীনা, জাপানি, জার্মান, ফরাসি, কোরীয় ও আরবি ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন: দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা
তবে উদ্যোগটি সময়োপযোগী হলেও এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদেরা। তাদের মতে, শুধু কোর্স চালু করলেই হবে না, এর জন্য প্রয়োজনীয় শিক্ষক, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়গুলোও আগে থেকে বিবেচনায় নিতে হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক মনে করেন, তৃতীয় ভাষা শিক্ষা চালুর আগে সুনির্দিষ্ট পরিকল্পনা করা জরুরি। উদ্যোগটি বাস্তবায়নযোগ্য কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। তা না হলে ভালো উদ্দেশ্যে নেওয়া কর্মসূচিও কার্যকর নাও হতে পারে।
তিনি বলেন, কোন ভাষার জন্য কতজন শিক্ষক প্রয়োজন, তাদের দক্ষতা কতটা এবং শিক্ষার্থীরা শেখা ভাষা বাস্তব জীবনে কতটা কাজে লাগাতে পারবেন, তা আগে নির্ধারণ করতে হবে। ভাষা শেখার পর নিয়মিত চর্চা না থাকলে শিক্ষার্থীরা তা ভুলে যেতে পারেন। তাই কোর্স চালুর পাশাপাশি ভাষা ব্যবহারের সুযোগ তৈরির বিষয়টিও পরিকল্পনায় রাখতে হবে।
অধ্যাপক সাহাবুল হকের মতে, এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরই তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা উচিত।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন