০২:৪৯ পি.এম
দীর্ঘ আট বছরের বন্ধ থাকার পর অবশেষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট আবারও চালু হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানের বিমান সংস্থা সালামএয়ার সিলেট-মাস্কাট (ওমানের রাজধানী) রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।
জানা গেছে, যদিও আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছিল না। দুবাইভিত্তিক ফ্লাইদুবাই কয়েক বছর ফ্লাইট পরিচালনা করলেও ২০১৮ সাল থেকে তা বন্ধ রয়েছে।
সম্প্রতি আবারও ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে সালামএয়ারের ফ্লাইট চালুর পর জানা গেছে, ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স এখানে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।
আরও পড়ুন: মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, প্রাথমিকভাবে সালামএয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এটি তুলনামূলক কম ভাড়ায় ওমানপ্রবাসী সিলেটিদের যাতায়াতের সুযোগ তৈরি হবে।
সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানিয়েছেন, সালামএয়ারের বৈশ্বিক নেটওয়ার্ক বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপজুড়ে বিস্তৃত। বর্তমানে এয়ারলাইনটি ৩৮টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে সালামএয়ার প্রতি সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে সাতটি এবং সিলেট থেকে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট পরিচালনা শুরু করে ফ্লাইদুবাই। ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট-দুবাই রুটে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরুতে সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট পরিচালনা করলেও যাত্রী চাহিদা বাড়ায় পরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হত। তবে পরিচালনাগত সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট-দুবাই রুটে ফ্লাইট বন্ধ করে দেয় এয়ারলাইনটি।
আরও পড়ুন: যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন