ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রোনালদো বিয়ের পিঁড়িতে বসছেন, প্রকাশ পেল দিন ও তারিখ


রোনালদো বিয়ের পিঁড়িতে বসছেন, প্রকাশ পেল দিন ও তারিখ

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে আগামী সপ্তাহে বিয়ে করবেন তিনি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই বিষয়টি নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের ফরোয়ার্ডের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী ফুঞ্চালে, যা রোনালদোর জন্মশহর। ধর্মীয় রীতিতে বিয়ের অনুষ্ঠান হবে ঐতিহাসিক ফুঞ্চাল ক্যাথেড্রালে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচ তারকা সাভয় প্যালেস হোটেলে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে হোটেলের দুটি তলা আগামী শুক্রবার ও শনিবার সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। এছাড়া হোটেলের বারসহ কয়েকটি বিশেষ অংশ শুধুমাত্র বিয়ের অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে।

আরও পড়ুন: চোরাচালানের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

এর আগে গুঞ্জন উঠেছিল, পর্তুগালের ঐতিহাসিক কুইনতা দা রেগালেইরা প্রাসাদে বসবে রোনালদো-জর্জিনার বিয়ের আসর। তবে ওই স্থাপনাটি নির্ধারিত সময়ে দর্শনার্থীদের জন্য খোলা থাকায় সেই জল্পনার অবসান ঘটে।

বিশ্ব ফুটবলের অন্যতম ধনী ক্রীড়াবিদ রোনালদোর সম্পদের পরিমাণ ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলারের মধ্যে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চাইলে বিশ্বের যেকোনো বিলাসবহুল স্থানে বিয়ের আয়োজন করতে পারতেন তিনি। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য বেছে নিয়েছেন নিজের জন্মভূমি মাদেরাকেই।

ফুঞ্চালের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া রোনালদোর শৈশব কেটেছে আর্থিক কষ্টের মধ্যে। মাত্র ১১ বছর বয়সে ফুটবল ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়ে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দেন তিনি। সেখান থেকেই শুরু হয় বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্যারিয়ারের পথচলা।

আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও সফল ফুটবলার হলেও নিজের শিকড়ের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন পর্তুগাল অধিনায়ক। আর সেই আবেগ থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে জন্মশহর মাদেরাকেই বেছে নিয়েছেন রোনালদো ও জর্জিনা।

আরও পড়ুন: লিটনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুম ভেঙে বাথরুমে যেতেই চোখের সামনে ৭ ফুটের কুমির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


ঘুম ভেঙে বাথরুমে যেতেই চোখের সামনে ৭ ফুটের কুমির

ভারতের গুজরাটের আনন্দ জেলায় মধ্যরাতে কুকুরের ভয়ের ডাক শুনে গৃহকর্তার ঘুম ভেঙে যায়। তিনি ভাবতে থাকেন কুকুরটি কী কারণে এতটা ডেকে যাচ্ছে। কিছুক্ষণ পর তিনি বাড়ির বাথরুমে গিয়ে দেখতে পান সেখানে সাত ফুট লম্বা এক জলজ্যান্ত কুমির রয়েছে। এই পরিস্থিতিতে পরিবারটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

বাড়ির মালিক বলভাই চৌহান বলেন, গভীর রাতে বাড়ির বাইরে একনাগাড়ে কুকুরের ডাক শুনে তার ঘুম ভেঙে যায়। পরিস্থিতি বুঝতে তিনি ঘর থেকে বের হয়ে আসেন। পরে বাথরুমের দরজা খুলতেই বিশালাকার ওই কুমিরের মুখোমুখি হন।

পরিস্থিতি বেগতিক দেখে অবিলম্বে বন বিভাগে খবর দেওয়া হয়। এরপর বন কর্মকর্তা এবং স্থানীয় একটি বন্য প্রাণী উদ্ধার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার অভিযানের পর কুমিরটিকে নিরাপদে বন্দী করতে সক্ষম হন তারা। পরে সেটিকে কাছের একটি পুকুরে মুক্ত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা যায়, কাপড়চোপড় ও অন্যান্য গৃহস্থালি জিনিসপত্রে ঠাসা একটি ঘিঞ্জি বাথরুম। সেখানে কুমিরটির শরীরে দড়ির ফাঁস লাগিয়ে এবং একটি লম্বা লাঠির সাহায্যে এক ব্যক্তি সেটিকে টেনে বের করার চেষ্টা করছেন। উদ্ধারের পর প্রাণীটিকে নিরাপদ জলাশয়ে ফিরে নেওয়া ছিল মূল লক্ষ্য।

বন কর্মকর্তাদের মতে, বর্ষাকালে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ভারী বৃষ্টিতে পানির স্তর বেড়ে যাওয়ার ফলে কুমিরগুলো তাদের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে চলে আসে। মূলত খাবারের সন্ধানে অথবা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রয়োজনে বাস্তুতন্ত্রের কাছাকাছি আবাসিক এলাকায় ঢুকে পড়ে।

কর্মকর্তারা আরও জানান, পার্শ্ববর্তী মালাতাজ গ্রামের একটি পুকুরে ১০০টির বেশি কুমির রয়েছে। সেজন্য ভারী বৃষ্টি ও বন্যার সময় প্রাণীগুলোর রাস্তাঘাটে কিংবা মানুষের বাড়িঘরে চলে আসার আশঙ্কা অনেক বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর অসংখ্য অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব।

শনিবার (১ আগস্ট) এই ক্লাবের স্বেচ্ছাসেবক দল চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী অঞ্চলে সরাসরি উপস্থিত হয়ে ‘Flood Relief 2026’ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে।

এই উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি, যেসব পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য ২১০টি পরিবারের ঘর নির্মাণে প্রয়োজনীয় রুফিং শিট প্রদান করা হয়, যাতে তারা নতুন করে নিজেদের আশ্রয় গড়ে তুলতে পারে।

এই কার্যক্রমটি শুধু ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি মানবিক সহমর্মিতা, দায়বদ্ধতা এবং সম্মিলিত উদ্যোগের একটি বাস্তব উদাহরণ ছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে, সংকটের সময় সম্মিলিত উদ্যোগই মানুষের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে।

ক্লাবের স্বেচ্ছাসেবকরা বলেন, "মানবতার সেবায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ভবিষ্যতেও সমাজের প্রয়োজনে একই নিষ্ঠা ও অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।"

প্রতিটি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোকে নিজেদের দায়িত্ব উল্লেখ করে তারা জানান, এভাবেই গড়ে উঠবে আরও সহানুভূতিশীল ও মানবিক সমাজ।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব এই মানবিক উদ্যোগ সফল করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, দাতা, সহযোগী ও সমর্থকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাদের মূল্যবান অবদান ও অক্লান্ত সহযোগিতা ছাড়া এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হতো না বলেও জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ঘোষণা শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি রাজ্যের পুলিশমন্ত্রীও।’

শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী তসলিমা নাসরিনকে এমনভাবেই ভরসা দেন। অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত না হলেও, হঠাৎ করে সেখানে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে লেখিকাকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন। সেই সময়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। এই রাজ্যে সবার আসার সুযোগ রয়েছে এবং সবার কথা বলার স্বাধীনতা বিদ্যমান। তসলিমা নাসরিন, যিনি অত্যন্ত সম্মানীয় লেখিকা, এই বঙ্গভূমিতে গত শুক্রবার (৩১ জুলাই) এসেছেন। আজকের কর্মসূচির মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত আছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, এখানে ধমক-চমক, দেখে নেবো, আটকে দেবো- এসব জিনিস অতীত হয়ে গেছে।

এরপর লেখিকার উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, এখানে আমি আমন্ত্রিত নই। তিনি (তসলিমা নাসরিন) আছেন বলেই, তাকে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে স্বাগত জানালাম। পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর।

শুভেন্দু অধিকারী তসলিমা নাসরিনের উদ্দেশে আরও বলেন, আপনি একবার নয়, পশ্চিমবঙ্গে বারবার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। তিনি জানান, পশ্চিমবঙ্গে শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্ভরতার সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাবলম্বী হতে হবে: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


নির্ভরতার সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাবলম্বী হতে হবে: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জ্বালানি খাতের অলিগার্কিক ব্যবস্থা ভেঙে ফেলার জন্য নবায়নযোগ্য জ্বালানি হতে পারে অন্যতম উদাহরণ।

তিনি আরো বলেন, এটা জ্বালানি খাতের রাজনৈতিক অর্থনীতি, এ সম্পর্কে আমরা জানি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে বিষধর ব্যবস্থা বিগত সরকার রেখে গেছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এ কারণে ‘এনার্জি মিক্স’ করতে হবে বলে সরকার মনে করে।

রবিবার রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত ‘ডিট্রিবিউটেড রিনিউএবল এনার্জি : দ্য ফিউচার সোলার সলিউশন ফর বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, কোন কোন জায়গায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো যায়, সেই ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে এটা নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ খাতে যে পরিমাণ অর্থায়ন দরকার, তা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোই করতে পারে। এজন্য বাড়তি অর্থায়নের দরকার হচ্ছে না। তবে চাহিদা কেমন আছে, সে বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে যোগান বা সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কোভিড হবে বা মধ্যপ্রাচ্যের সংকট হবে-এটা আমরা জানতাম না। তাই অনিশ্চয়তাই এখন নিউ নরমাল। এই পরিস্থিতিতে নির্ভরতার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে স্বাবলম্বীর সংস্কৃতির দিকে যেতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর ফলে আমাদের জ্বালানি আমদানি খাতে সাশ্রয় হবে, আমরা নিজেদের স্বাবলম্বীও করবে।

তিনি আরো বলেন, এক্ষেত্রে স্বাবলম্বী এবং অধিকারভিত্তিক যাত্রার একটি বড় মাইলফলক হতে পারে গৃহস্থালি পর্যায়ে, অফিসে বা দোকানে, হাসপাতালে, বিদ্যালয়ে সর্বত্র নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা করা। তবে আমরা বলছি না যে, সব ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার হবে। আমরা আশা করি ২০৩০ সালের মধ্যে এটাকে ৩০ শতাংশে নিয়ে যেতে হবে এবং ধীরে ধীরে এনার্জি মিক্সকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ইআরএফ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এই সেমিনার সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এসময় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, ইডকলের মতো নবায়নযোগ্য জ্বালানি খাতের অর্থায়ন সংশ্লিষ্ট বিভিন্ন নিয় regulator সংস্থাগুলোর মধ্যে একটি সমন্বয় দরকার রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার মালা। সেমিনারে আরও বক্তব্য দেন অ্যাকশন এইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশনের ম্যানেজার আবুল আজাদ, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, ক্লিন’র সিইও হাসান মেহেদী, সোলশেয়ারের ইনোভেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%