মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৩ পি.এম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৫ বছর মেয়াদি একটি সমন্বিত জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছেন, যা প্রাথমিক শিক্ষার গুণগত ও কাঠামোগত রূপান্তর নিশ্চিত করবে।
তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষার সংস্কার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, তথ্য-প্রমাণ এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে হতে হবে। এই লক্ষ্যে, জাতীয় পর্যায়ে ১৫ বছর মেয়াদি একটি ফ্রেমওয়ার্ক তৈরি করার পাশাপাশি তিন, পাঁচ, সাত এবং দশ বছর মেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের প্রকৃত শিখন-অগ্রগতি মূল্যায়ন এবং গৃহীত উদ্যোগের কার্যকারিতা পরিমাপ করা সম্ভব হয়।
আজ মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (বিসিডিএম) অনুষ্ঠিত ‘ন্যাশনাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা নয়, বরং প্রতিটি শিশুর প্রকৃত শিখন, আনন্দময় শিক্ষা এবং নৈতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করা প্রয়োজন। প্রধানমন্ত্রী ঘোষিত ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর ধারণাকে সামনে রেখে পাঠ্যক্রম, শ্রেণিকক্ষের কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষাকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। শিশুদের আনন্দের মধ্য দিয়ে শেখার পরিবেশ তৈরি করাই প্রাথমিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হতে হবে।
সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মান ও সুযোগের ব্যবধান কমাতে সমন্বিত মানদণ্ডের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রাক্-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্তরের শ্রেণিবিন্যাস, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিখন কাঠামো এবং শিক্ষাক্রমের ধারাবাহিকতা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপণ, পুষ্টি, অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ, আসবাবপত্র, স্যানিটেশন ও শিখন-সহায়ক উপাদানের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মনিটরিং এবং জবাবদিহিতা আরও কার্যকর করার তাগিদ দেন।
তিনি জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর নতুন নাম হতে যাচ্ছে ‘সবার আগে প্রাথমিক শিক্ষা: জাতীয় রূপান্তর কর্মসূচি-১’। এই নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষাকে জাতীয় উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং এই খাতে গুণগত ও কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করতেই।
কর্মশালায় বিভিন্ন গ্রুপের উপস্থাপিত সুপারিশ যথাযথভাবে সংকলন করে নীতিনির্ধারকদের কাছে উপস্থাপনের নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বিশেষজ্ঞ, কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক শিক্ষার জন্য একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি জাতীয় রূপান্তর কাঠামো প্রণয়ন সম্ভব হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সউদী আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কঠোর সতর্কতা জারি করে জানিয়েছে যে, যেসব ব্যক্তিগত নিয়োগকর্তা (কফিল) তাদের অধীনে কর্মরত কর্মীদের অন্য কোনো নিয়োগকর্তার অধীনে বা নিজ উদ্যোগে কাজ করার সুযোগ দেবেন, তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। এই শাস্তির মধ্যে রয়েছে সর্বোচ্চ ১ লাখ সউদী রিয়াল জরিমানা, ৬ মাস পর্যন্ত কারাদণ্ড এবং নতুন কর্মী নিয়োগের ওপর সর্বোচ্চ ৫ বছরের নিষেধাজ্ঞা।
মন্ত্রণালয় দেশবাসীকে আহ্বান জানিয়েছে যে, তারা আবাসন (ইকামা), শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করবেন।
এছাড়াও, যদি কেউ এ ধরনের আইন লঙ্ঘনের ঘটনা দেখতে পান, তাহলে সাধারণ জনগণের কাছে তা জানানোর অনুরোধ করা হয়েছে। অভিযোগ জানাতে মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং সউদী আরবের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: সৌদি গেজেট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের একটি নতুন বিশেষ দল গঠন করেছে, যার উদ্দেশ্য ইরানে অস্ত্র এবং ড্রোন বা ক্ষেপণাস্ত্র তৈরির যন্ত্রাংশ প্রবেশ পুরোপুরি বন্ধ করা। পাকিস্তান, ইরাক, মধ্য এশিয়া এবং কাস্পিয়ান সাগর হয়ে যেসব অস্ত্র ইরানে প্রবেশ করে, সেগুলোর পথ বন্ধ করাই এই বাহিনীর মূল লক্ষ্য। চলমান যুদ্ধের কারণে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো অবরুদ্ধ থাকায় তারা এখন উত্তর দিক থেকে অস্ত্র আমদানির ওপর বেশি নির্ভর করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার ফ্লোরিডার ট্যাম্পায় এই বাহিনীটির উদ্বোধন করেন। অস্ত্র আটকানোর পাশাপাশি ইরানের তেল বিক্রির পথ চিরতরে বন্ধ করাও এই টাস্ক ফোর্সের অন্যতম লক্ষ্য।
ইরান কীভাবে অস্ত্র জোগাড় করে?
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান দেশের ভেতরেই বেশিরভাগ অস্ত্র তৈরি করে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে তারা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে এবং এগুলো দিয়েই মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি প্রদর্শন করছে। তবে মাইক্রোচিপ, মোটর ও সেমিকন্ডাক্টরের মতো জটিল যন্ত্রাংশগুলো ইরান নিজে তৈরি করতে পারে না। এই দ্বৈত-ব্যবহারযোগ্য যন্ত্রগুলো সাধারণত উত্তর আমেরিকা, ইউরোপ ও পূর্ব এশিয়ার কিছু দেশে তৈরি হয়। অত্যন্ত জটিল ও গোপনীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে শেষ পর্যন্ত এই যন্ত্রগুলো ইরানে পৌঁছায়। এমনকি মার্কিন বা জাপানি কোম্পানির তৈরি সার্কিট বোর্ডও অনেক সময় ইরানি অস্ত্রের ভেতর পাওয়া যায়।
রাশিয়া ও চীনের সংযোগ
সোভিয়েত আমল থেকেই রাশিয়ার সাথে ইরানের সামরিক সম্পর্ক গভীর। যুদ্ধ শেষ হলে রাশিয়া থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান পাওয়ার চুক্তির পাশাপাশি ইরান দেশি-বিদেশি বিভিন্ন সমরাস্ত্রের লেনদেন চালিয়ে যাচ্ছে। এর বিপরীতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে নিজস্ব শাহেদ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। অন্যদিকে, ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনও গোপনে দেশটিকে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন রাসায়নিক উপাদান দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। বেইজিং বরাবরই এসব অস্বীকার করলেও মার্কিন অবরোধের আগ পর্যন্ত চীনই ছিল ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা, যা তেহরানের অর্থনীতিকে টিকিয়ে রেখেছিল।
মার্কিন কৌশল কতটা সফল হবে?
ইরানের অস্ত্র আসা ঠেকাতে যুক্তরাষ্ট্র দেশটির সাতটি প্রতিবেশী দেশ—ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানের ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে। কিছু দেশ সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নিলেও বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এই অবরোধ সফল করা খুব কঠিন। কারণ ইরাক তার বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইরানি গ্যাসের ওপর নির্ভরশীল এবং পাকিস্তান তাদের সীমান্ত অঞ্চলের জ্বালানি চাহিদার জন্য ইরানের সস্তা পেট্রোলের ওপর ভরসা করে। এছাড়া আফগানিস্তানের তালেবান সরকারের ওপর মার্কিন কোনো নিয়ন্ত্রণ নেই। সবচেয়ে বড় কথা, কাস্পিয়ান সাগরে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বাইরের কোনো দেশের সামরিক বাহিনী প্রবেশ করতে পারে না। রাশিয়া এই সাগরকে নিজেদের এলাকা মনে করায় সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে কোনো অভিযান চালানো অসম্ভব। গবেষক পিটার ওয়েজেম্যানের মতে, মাত্র ২০ জনের একটি ছোট দল দিয়ে ইরানের বিশাল অস্ত্রপ্রবাহ ঠেকানো মোটেও সম্ভব নয়।
সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের এই নতুন টাস্কফোর্সকে স্রেফ ‘শব্দের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের সাথে সমন্বয় করে রাশিয়াও এই মার্কিন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও উসকানি বলে অভিহিত করে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। তবে এ বিষয়ে চীন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদক, অনলাইন জুয়া, সামাজিক অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, থানাকে দালালমুক্ত করা, আঞ্চলিক সড়কের যানজট নিরসন এবং স্কুল চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের আনাগোনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি ওসির কাছে অভিযোগ জানাতে পারেন, সে ব্যবস্থাও নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় রাজাপুর থানায় নিজের কার্যালয়ে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন ওসি হারুন-অর-রশিদ হাওলাদার। গত ১৫ নভেম্বর তিনি রাজাপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।
মতবিনিময় সভায় ওসি বলেন, ‘রাজাপুরে আমি নতুন হলেও পুলিশের চাকরিতে বিভিন্ন থানায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমার কাছে সাধারণ মানুষের প্রত্যাশাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশ জনগণের সেবক। তাই মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।’
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘মাদক একটি পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়। রাজাপুরে মাদক ব্যবসায়ী ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধেও পুলিশ সক্রিয় ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না।’
থানাকে দালালমুক্ত করার বিষয়ে ওসি বলেন, ‘সাধারণ মানুষ থানায় আসবেন তাদের সমস্যা ও অভিযোগ নিয়ে। সেখানে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের প্রয়োজন নেই। কেউ যেন থানায় এসে দালালের খপ্পরে না পড়েন, সেটি নিশ্চিত করতে চাই। মানুষ সরাসরি আমার কক্ষে এসে তাদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। অভিযোগের ধরন অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। পুলিশের কাছে সেবা পেতে কাউকে কোনো ব্যক্তির মাধ্যমে আসতে হবে না। সাধারণ মানুষের জন্য থানার দরজা সব সময় উন্মুক্ত থাকবে।’
রাজাপুরের আঞ্চলিক সড়কের যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। যানজটের কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাতে অযথা যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সড়কে শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নেওয়া হবে।’
শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তা প্রসঙ্গে ওসি আরও বলেন, ‘স্কুল-কলেজে যাতায়াতের সময় শিক্ষার্থীরা যেন নিরাপদ পরিবেশ পায়, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। স্কুলের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের অযথা আনাগোনা, মেয়েদের উত্ত্যক্ত করা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ বিষয়ে পুলিশি নজরদারি বাড়ানো হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অভিভাবকদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত এই ওসি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের কোথায় কী সমস্যা রয়েছে, কোথায় অন্যায়-অনিয়ম হচ্ছে, তা গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমে সামনে আসে। পুলিশের একার পক্ষে সমাজের সব অপরাধ ও অসংগতি দূর করা সম্ভব নয়। এ জন্য সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। রাজাপুরের কোথাও মাদক, অনলাইন জুয়া, চুরি, ছিনতাই কিংবা কোনো ধরনের অপরাধের তথ্য থাকলে তা পুলিশকে জানাবেন। তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই রাজাপুর থানায় মানুষ সেবা নিতে এসে সন্তুষ্টি নিয়ে ফিরে যাবেন। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, আবার অপরাধীও যেন আইনের বাইরে থাকতে না পারেন। পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করাই হবে আমার অন্যতম লক্ষ্য। রাজাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি।’
মতবিনিময় সভায় রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সম্পাদক এনামুল হকসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা রাজাপুরের বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও জনসাধারণের পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অভিষেক টেস্টের শেষ ইনিংসে নাসের খান মারুফখিল অসাধারণ সেঞ্চুরি উপহার দিয়েছেন। তার দুর্দান্ত ইনিংসে ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠে। তবে আফগানিস্তান শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। উত্তেজনা, নাটকীয়তা, পাল্টাপাল্টি লড়াই এবং আবেগে ভরপুর এই ম্যাচের শেষ হাসি হাসতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে।
শারজাহ টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে পরাজিত করে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে।
২০০৪ সালে ঘরের মাঠে বাংলাদেশকে হারানোর পর এটি জিম্বাবুয়ের দুই বা ততোধিক টেস্টের সিরিজে প্রথম জয়।
ম্যাচে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে সেরার পুরস্কার জিতেছেন ব্লেসিং মুজারাবানি।
তবে শেষ দিনের সেরা পারফরম্যান্স ছিল মারুফখিলের। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি প্রায় ৩৪৫ মিনিট ক্রিজে ছিলেন, নিজের উইকেটকে দুর্গের মতো রক্ষা করেছেন। তিনি ২৪২ বল খেলে ১০ চারে ১০১ রানে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৩৩৯ রান সংগ্রহ করে। আফগানিস্তান ২১৭ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ১২২ রানের লিড পাওয়ার পর, জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে এবং আফগানিস্তানের সামনে ৪১৮ রানের লক্ষ্য রাখে।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের লোয়ার অর্ডার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গ্রায়েম ক্রেমার অপরাজিত ৫০ এবং মুজারাবানি ৫৯ রান করে নবম উইকেটে ৯০ রানের জুটি গড়েন। তাদের এই প্রতিরোধের ফলে জিম্বাবুয়ে বড় সংগ্রহ করতে সক্ষম হয়।
৪১৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান একসময় লড়াই চালালেও শেষ পর্যন্ত ৩৬০ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫৭ রানের জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।
ম্যাচজুড়ে মুজারাবানি ছিলেন জিম্বাবুয়ের তুরুপের তাস। প্রথম ইনিংসে ৫৯ রান করার পাশাপাশি দুই ইনিংসেই তিনটি করে মোট ৬ উইকেট শিকার করেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্সই জিম্বাবুয়েকে সিরিজ জয়ের পথে এগিয়ে নিয়ে যায়।
এই জয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ