০৯:৫০ এম
২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং জাতীয় দলের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য ভুল জনবল নির্বাচন ও নেতৃত্বকে দায়ী করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ব্যর্থতার পর প্রেসিডেন্ট সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন। তিনি মানেন, সঠিক যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে দায়িত্ব দেওয়ার ফলেই এ ধরনের ব্যর্থতা এসেছে।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি বলেছেন, ‘আমি শুধু হতবাক নই, এই ফলাফলে সম্পূর্ণ বিস্মিত। এটি আবারও প্রমাণ করেছে যে জনবল নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেশাদার দক্ষতার বদলে ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে বসালে এমন ফলই আসবে।’
আরও পড়ুন: আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
প্রেসিডেন্টের সমালোচনার মূল লক্ষ্য ছিলেন জাতীয় দলের প্রধান কোচ হং মিয়ং-বো। বিশ্বকাপের ব্যর্থতার পর তিনি ২৮ জুন পদত্যাগ করেন।
গ্রুপ ‘এ’-তে দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারালেও, পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরে যায়।
এই তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয় এশিয়ার এই দলটি।
বিশ্বকাপ থেকে অকাল বিদায়ের পর দক্ষিণ কোরিয়ার ফুটবলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে ফুটবল প্রশাসন ও জাতীয় দলের কাঠামোয় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: মানবতাই আমাদের পরিচয়: সাঈদ আল নোমান এমপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন