মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২৯ এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে, যার ফলে ধোঁয়ায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, মধ্যরাতে ফতুল্লায় একটি মাদ্রাসার ভবনে আগুন লেগে যায়। আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ধোঁয়ার কারণে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাদের চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। তাদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা প্রদান করা হচ্ছে।
জামিয়া আশরাফিয়া মাদ্রাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত মাদ্রাসাটিতে রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখান থেকেই অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর কাফরুল এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের একজন সদস্যকে আটক করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করা এবং তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় স্টাফ কলেজের বিপরীত পাশে এই ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, সড়কে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের একটি বাসে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আগুন লাগিয়ে দেয়। এ সময় আশপাশের দোকানিরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হোসেন নামে একজন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হোসেন জানিয়েছেন, তিনি যুবরাজ নামে কাফরুল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এর নির্দেশে বাসে আগুন দেন।
এদিকে, দারুস সালাম রোডে ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাফিউল ও শুভ চৌধুরীকে আটক করা হয়েছে। তারা গত ৬ নভেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন গল্ফ ক্লাবের সামনে ছাত্রলীগের মিছিলে ও গাবতলী মিছিলে অংশগ্রহণের কথা স্বীকার করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ছিলেন পর্দায় দাপুটে উপস্থিতি, অন্যদিকে পোশাক শিল্পে তার ব্যবসা ছিল শত কোটি টাকার। দুই অঙ্গনে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্র বদলে গেছে। অভিনয়ে আগের মতো ব্যস্ততা নেই। ব্যবসায়ও দেখা দিয়েছে বড় ধরনের সংকট। বর্তমানে তিনি শত শত কোটি টাকার ঋণের বোঝা, বন্ধ হয়ে যাওয়া কারখানা এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সব মিলিয়ে কঠিন সময় পার করছেন এই চিত্রনায়ক।
এমনকি পাওনা টাকা আদায়ে এবার অনন্ত জলিল এবং তার স্ত্রী বর্ষার বিরুদ্ধে একটি বেসরকারি ব্যাংক আইনি নোটিশ পাঠিয়েছে।
ব্যাংকের দাবি, অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপারেলসের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির ২৬৭ কোটি ২১ লাখ ৯০০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।
তবে গত ২ নভেম্বর তার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে ব্যবসায়িক মন্দার মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা দিতে তাকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছে। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অংকের দেনা তৈরি হয়েছে।
শুধু ব্যাংক ঋণ নয়, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস।
অনন্ত জলিলের ভাষ্য, ব্যাংকের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তৈরি পোশাক শিল্পে যাত্রা শুরু হয় অনন্ত জলিলের। এরপর একে একে তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাশাপাশি ২০১০ সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে, যেখানে তার সহশিল্পী ছিলেন স্ত্রী বর্ষা।
পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড। চলচ্চিত্রের পর্দায় সফলতার স্বপ্ন দেখানো এই তারকার ব্যবসায়িক সাম্রাজ্য বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
একদিকে শত শত কোটি টাকার ঋণের বোঝা, অন্যদিকে কারখানা ও শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। ব্যাংকের আইনি নোটিশের পর অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্য শেষ পর্যন্ত কোন পথে এগোবে, সেটি এখন দেখার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর জেলায় আগাম জাতের আমন ধান কাটা এবং মাড়াইয়ের কার্যক্রম শুরু হয়েছে। মাঠগুলো সোনালি ধানে পূর্ণ হয়ে উঠেছে। পাকা ধান ঘরে তোলার জন্য কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। শেরপুর সদর উপজেলার পাশাপাশি গারো পাহাড়ের সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে সোনালি আমন ধান শোভা পাচ্ছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়া ও পরিচর্যার কারণে এ বছর আগাম জাতের স্বল্পমেয়াদি রোপা আমনের ফলন ভালো হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, চলতি বছর শেরপুর জেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৩ হাজার ৬৯৩ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হেক্টর বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জেলায় আগাম জাতের আমন হিসেবে বিনা-১৭, ব্রি ধান-৭৫ সহ বিভিন্ন স্বল্পমেয়াদি ও উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করা হচ্ছে। পাশাপাশি কৃষক পর্যায়ে স্থানীয়ভাবে উন্নত ও স্বল্পমেয়াদি বিভিন্ন জাতের ধানের আবাদও চলছে।
কৃষকদের মতে, আগাম জাতের আমন ধান চাষের একটি বড় সুবিধা হলো দ্রুত ফসল ঘরে তোলা সম্ভব হয়। এর ফলে একই জমিতে পরবর্তী রবি মৌসুমে সরিষা, ডাল, আলু, ভুট্টাসহ বিভিন্ন ফসল এবং শীতকালীন সবজি চাষের সুযোগ তৈরি হয়। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকদের বাড়তি আয়ের সম্ভাবনাও বৃদ্ধি পায়।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবারের আগাম আমনের আবাদ ও ফলন সন্তোষজনক হয়েছে। সময়মতো ধান ঘরে তুলতে পারলে একই জমিতে আবারও রবি ফসল আবাদ করে তারা আর্থিকভাবে লাভবান হতে সক্ষম হবেন।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন দৈনিক ইনকিলাবকে জানান, চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। আগাম জাতের ধানের ফলনও দিন দিন বাড়ছে। এসব ধান আগেভাগে কেটে কৃষকরা একই জমিতে রবি ফসল আবাদ করতে পারছেন। এর ফলে অতিরিক্ত ফসল উৎপাদনের পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সউদী আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় এই পাইপলাইনটির ওপর হামলা চালানো হয়। হামলার ফলে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সউদী আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সউদী প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানায়।
সউদী জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিকভাবে চলমান রয়েছে। তবে হামলার পেছনে কারা দায়ী, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, সউদী আরব এবং দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর জোটের বিরুদ্ধে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। এই পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে।
হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য এই পাইপলাইনটি সউদী আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনও কঠোরভাবে সীমিত রয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পাইপলাইনটি একাধিকবার হামলার শিকার হয়েছে।
ইয়েমেনের হুথিরা অতীতে সউদী আরবের তেল অবকাঠামোর ওপর একাধিক হামলা চালিয়েছে। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে তেল শোধনাগার এবং তেল সংরক্ষণাগার।
প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ (৭৪৫ মাইল) ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য এটি বন্ধ রাখতে হয়েছিল। সউদী আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে ছোড়া হয়েছিল।
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটার পর সউদী আরব এই পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের পরিমাণ বৃদ্ধি করেছে। দেশটি প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইন দিয়ে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ