প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর জেলায় আগাম জাতের আমন ধান কাটা এবং মাড়াইয়ের কার্যক্রম শুরু হয়েছে। মাঠগুলো সোনালি ধানে পূর্ণ হয়ে উঠেছে। পাকা ধান ঘরে তোলার জন্য কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। শেরপুর সদর উপজেলার পাশাপাশি গারো পাহাড়ের সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে সোনালি আমন ধান শোভা পাচ্ছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়া ও পরিচর্যার কারণে এ বছর আগাম জাতের স্বল্পমেয়াদি রোপা আমনের ফলন ভালো হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, চলতি বছর শেরপুর জেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৩ হাজার ৬৯৩ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হেক্টর বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জেলায় আগাম জাতের আমন হিসেবে বিনা-১৭, ব্রি ধান-৭৫ সহ বিভিন্ন স্বল্পমেয়াদি ও উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করা হচ্ছে। পাশাপাশি কৃষক পর্যায়ে স্থানীয়ভাবে উন্নত ও স্বল্পমেয়াদি বিভিন্ন জাতের ধানের আবাদও চলছে।
কৃষকদের মতে, আগাম জাতের আমন ধান চাষের একটি বড় সুবিধা হলো দ্রুত ফসল ঘরে তোলা সম্ভব হয়। এর ফলে একই জমিতে পরবর্তী রবি মৌসুমে সরিষা, ডাল, আলু, ভুট্টাসহ বিভিন্ন ফসল এবং শীতকালীন সবজি চাষের সুযোগ তৈরি হয়। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকদের বাড়তি আয়ের সম্ভাবনাও বৃদ্ধি পায়।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবারের আগাম আমনের আবাদ ও ফলন সন্তোষজনক হয়েছে। সময়মতো ধান ঘরে তুলতে পারলে একই জমিতে আবারও রবি ফসল আবাদ করে তারা আর্থিকভাবে লাভবান হতে সক্ষম হবেন।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন দৈনিক ইনকিলাবকে জানান, চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। আগাম জাতের ধানের ফলনও দিন দিন বাড়ছে। এসব ধান আগেভাগে কেটে কৃষকরা একই জমিতে রবি ফসল আবাদ করতে পারছেন। এর ফলে অতিরিক্ত ফসল উৎপাদনের পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন