বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
১১:৪৫ পি.এম
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে, মধুপুর থানা পুলিশের সহযোগিতায়, উপজেলার ২ নম্বর মহিষমারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিটি স্থানীয় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহিষমারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তাগণ, মধুপুর থানা পুলিশের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা উল্লেখ করেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহ প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর পবা উপজেলায় ভাতিজার হাসুয়ার কোপে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাদপুরের বাগিচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আফজাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইদ্রিস আলী ওই এলাকার সৈয়দ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাঠে কৃষিকাজ করার সময় বাবার সামনে ছেলের বিড়ি খাওয়াকে কেন্দ্র করে ইদ্রিস আলীর ছেলের সঙ্গে পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইদ্রিস আলীর ছেলে পক্ষ নিয়ে তার ভাতিজা আফজাল হোসেন বিরোধে জড়িয়ে পড়েন। পরে উত্তেজিত হয়ে আফজাল হাসুয়া দিয়ে ইদ্রিস আলীকে কোপ দেন। হাসুয়ার কোপে ইদ্রিস আলীর এক পায়ের উরুতে গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের মর্গের সামনে নিহতের স্বজনরা জানান, তারা বাড়িতে কাজ করছিলেন। মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীর পা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য তারা মর্গে অপেক্ষা করছেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোঃ গাজিউর রহমান বলেন, অভিযুক্ত আফজাল হোসেনও আহত হয়েছেন। তিনি পুলিশ হেফাজতে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কিশোরগঞ্জ ও জামালপুর জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ও সরকারের নানামুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সংশ্লিষ্ট জেলার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তদারকি ও পরামর্শ প্রদান করবেন।
সরকারের টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করার অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ হিসেবে মাঠ পর্যায়ে এই তদারকি ও সমন্বয় কার্যক্রম পরিচালিত হবে।
এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর নিজ বসতঘর থেকে মোঃ ইয়ানুস আলী ওরফে ইউনুস আলী (৫৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে মহানগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়ানুস আলী ছিলেন মৃত সমীর আলী ও মৃত নছেয়ারার পুত্র, যিনি ধরমপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাত থেকে ২৩ আগস্টের মধ্যে কোনো এক সময় ধরমপুর পূর্বপাড়ায় হারেজের দোকানের পাশে গলিতে নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন ইয়ানুস আলী। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি প্লাস্টিকের চেয়ারের ওপর দাঁড়িয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
পরে বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে প্লাস্টিকের চেয়ারের ওপর তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
স্থানীয়রা বিষয়টি মতিহার থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আরজুন জানান, ধরমপুর পূর্বপাড়া এলাকার মৃত সমীর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ রামেক মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে মতিহার থানায় একটি অপমৃত্যুর (ইউডি মামলা) রুজু হয়েছে বলেও জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ হেফাজত থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা এক নারী আসামি হঠাৎ গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) হত্যা মামলার আসামি মিতু আক্তার কৌশলে থানা হেফাজত থেকে গায়েব হয়ে যায়।
তবে ওয়ারী বিভাগের এডিসি (ডেমরা জোন) মহসিন মাসুদ বলেছেন, রিমান্ডে থাকা হত্যা মামলার ওই নারী আসামি কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। হত্যা মামলায় গ্রেপ্তার মিতু আক্তার তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে আদালতে হাজির করার প্রস্তুতির সময় তিনি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান।
পুলিশ সূত্র জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।
এদিকে, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যাত্রাবাড়ী থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (লাইন ক্লোজ) করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ