ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে নানা কৌশল


চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে নানা কৌশল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বজুড়ে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় চীনের বিরুদ্ধে নজিরবিহীন গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, চীনের গোয়েন্দারা ব্যবসায়িক সম্পর্ক, প্রেমের ফাঁদ, সাইবার হামলা এবং গবেষণায় অর্থায়নের মতো বিভিন্ন কৌশলে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে কেন্দ্র করে গুপ্তচরবৃত্তির অভিযোগ এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা, চীনের গোয়েন্দারা হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেশটির অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে। এই ঘটনা এমন একটি সময়ে ঘটেছে, যখন বেইজিং এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপ তৈরিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

গুপ্তচরবৃত্তির বিস্তৃত জগৎ

আরও পড়ুন: গাজার ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলকে চার দেশের আহ্বান

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত শিল্পের বিকাশে গোপন অভিযান পরিচালনার অভিযোগ চীনের বিরুদ্ধে দীর্ঘদিনের। পশ্চিমা কর্মকর্তাদের মতে, দেশটির সরকার বিভিন্ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের কাজে লাগিয়ে ব্যাপক পরিসরে তথ্য সংগ্রহের অভিযান চালাচ্ছে। এর উদ্দেশ্য হলো চীনের অর্থনীতিকে শক্তিশালী করা, সামরিক সক্ষমতা বৃদ্ধি, দেশের অভ্যন্তরে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ জোরদার করা এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করা।

এই গোয়েন্দা তৎপরতা ব্যাপক পরিধির। এর মধ্যে প্রেমের ফাঁদে ফেলা, বড় পরিসরে হ্যাকিং, কৌশলগত ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ এবং স্পর্শকাতর একাডেমিক গবেষণায় অর্থায়ন অন্তর্ভুক্ত। ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা কার্যক্রমে প্রায় ছয় লাখ মানুষ যুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতার তুলনায় এই সংখ্যা অনেক বেশি।

প্রতিবেদনটি আরও জানাচ্ছে, চীনের এই তৎপরতা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিশ্বজুড়ে বিস্তৃত একটি তথ্য সংগ্রহের নেটওয়ার্কের মাধ্যমে দেশটি প্রযুক্তিগত জ্ঞান ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে। বিশেষ করে এআই, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য কৌশলগত প্রযুক্তি খাতে পশ্চিমা দেশগুলোর অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়াই বেইজিংয়ের অন্যতম লক্ষ্য।

শেয়ারবাজারে ধস

আরও পড়ুন: লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, ৭৫ পরিবার গৃহহীন

এদিকে, হুয়াংকে ঘিরে বিতর্কের প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও পড়েছে। সপ্তাহ শেষে এনভিডিয়ার শেয়ারের দাম ১৩ শতাংশ কমেছে।

শুক্রবার অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারেও দরপতন দেখা যায়। তবে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী এএমডি ও ব্রডকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার অন্তর্ভুক্ত থাকা পিএইচএলএক্স সেমিকন্ডাক্টর সূচক সপ্তাহজুড়ে ৮ শতাংশ বেড়েছে।

তীব্র রাজনৈতিক উত্তেজনা

অন্যদিকে, ওয়াশিংটনে এ ঘটনায় রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে। চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি তুলেছেন আইনপ্রণেতারা। তাঁদের আশঙ্কা, এসব প্রযুক্তি চীনের সামরিক শক্তি ও নজরদারি সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হতে পারে।

আরও পড়ুন: ইসরাইলি অভিনেত্রী গাল গাদতের ইহুদিবিদ্বেষ নিয়ে কান্না, সামাজিক মাধ্যমে সমালোচনা

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্টিফেন মিলার প্রশাসনের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় পরিবর্তন আনতে ব্যস্ত সময় পার করছেন। মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পাশাপাশি কংগ্রেসের ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্ত মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির এই কেলেঙ্কারি প্রশাসনের দুই মন্ত্রীর মধ্যেও বিরোধ তৈরি করেছে।

সব মিলিয়ে, হুয়াংকে ঘিরে ঘটনা চীনের গোয়েন্দা তৎপরতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে নতুন মাত্রা দিয়েছে। প্রযুক্তিগত অগ্রগতি ও সামরিক সক্ষমতা বাড়াতে বেইজিংয়ের বৈশ্বিক তথ্য সংগ্রহের প্রচেষ্টা এখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতার অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমারিওর দাবি, আনচেলত্তির ছাঁটাই হওয়া উচিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


রোমারিওর দাবি, আনচেলত্তির ছাঁটাই হওয়া উচিত

ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচে পরাজয়ের পর দেশটির ফুটবলে নতুন বিতর্ক ও অসন্তোষের ঢেউ উঠেছে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও, কার্লো আনচেলত্তির অধীনে দলের ধারাবাহিক ব্যর্থতায় ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি এবং বর্তমান সিনিয়র সিনেটর রোমারিও ভীষণ ক্ষুব্ধ। তিনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতি আনচেলত্তিকে অবিলম্বে বরখাস্ত করার জন্য জোরালো দাবি জানিয়েছেন।

গত শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে ব্রাজিল। এটি বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওদের পঞ্চম হার। আনচেলত্তির কোচিং ক্যারিয়ার বিশ্বফুটবলে অত্যন্ত সমৃদ্ধ ও সফল হলেও, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে তার কৌশল ও দল পরিচালনার ক্ষেত্রে বরাবরই প্রশ্ন উঠছে। জাপানের বিপক্ষে এই লজ্জাজনক হারের পর রোমারিও আর চুপ থাকেননি।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক কড়া বার্তায় রোমারিও আনচেলত্তিকে উদ্দেশ করে লিখেছেন, ‘আনচেলত্তি, যথেষ্ট হয়েছে! ব্যাগ গুছিয়ে চলে যাও! আর নিতে পারছি না আমরা। তোমার ক্যারিয়ার নিয়ে কারো প্রশ্ন নেই। বিশ্বফুটবলে সর্বকালের অন্যতম সেরা কোচ তুমি; তবে ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের জন্য সঠিক ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারনি তুমি।’

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরুণ সভাপতি সামির জাউদের উদ্দেশে রোমারিও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ৪২ বছর বয়সি সভাপতিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘সামির, তুমি তরুণ ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আমাদের ফুটবলের ভালো চাও। এখন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখানোর সময় এসেছে। আনচেলত্তিকে বরখাস্ত করো!’

২০০২ সালের পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপের স্বাদ পায়নি। দীর্ঘ এই শিরোপাখরা কাটাতে এবং দলের মান রক্ষা করতে রিয়াল মাদ্রিদ থেকে আনচেলত্তিকে উসমানীয় কায়দায় বড় আশায় আনা হয়েছিল। কিন্তু মাঠের খেলায় তার কোনো ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে না উল্লেখ করে রোমারিও আরো যোগ করেন, ‘জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা অনেকবারই বিব্রত হয়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নিতে পারি না। পদক্ষেপ নেওয়ার সময় এখনই।’

জাপানের বিপক্ষে হারের ক্ষত দূর করতে এবং চলতি বছরের আন্তর্জাতিক সূচি শেষ করতে আগামী মঙ্গলবার স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফের মাঠে নামবে ব্রাজিল। এ ম্যাচে দল কেমন পারফর্ম করে এবং সিবিএফ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়Ñসেদিকেই এখন পুরো ফুটবল বিশ্বের নজর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের দক্ষ কর্মীরা জাম্বিয়ায় আন্তর্জাতিক প্রশিক্ষক ও কারিগরি সহায়তা প্রদান করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


বাংলাদেশের দক্ষ কর্মীরা জাম্বিয়ায় আন্তর্জাতিক প্রশিক্ষক ও কারিগরি সহায়তা প্রদান করছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি) কর্মীরা আন্তর্জাতিক পর্যায়ে তাদের অর্জিত কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা ছড়িয়ে দিচ্ছেন। এই প্রেক্ষাপটে, প্রতিষ্ঠানটির নয় সদস্যের একটি দল সম্প্রতি জাম্বিয়ার রাজধানী লুসাকায় পৌঁছেছে। সেখানে তারা বিএটি জাম্বিয়ার নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা প্রদান করবে এবং স্থানীয় সহকর্মীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করবে।

পূর্বে, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে বিএটি বাংলাদেশের কারখানার কর্মীরা একই ধরনের দায়িত্ব পালন করেছেন। এসব দেশে তারা প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি বিএটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে নিজেদের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে কর্মীদের এই অংশগ্রহণ বাংলাদেশের কারখানায় গড়ে ওঠা কারিগরি সক্ষমতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে, দেশের কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানোর সম্ভাবনাও তুলে ধরা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে।

নয় সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিএটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এক্সিকিউটিভ ওহিদুর রহমান। দলের অন্যান্য সদস্যরা হলেন সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং বিভাগের মো. আবুল মনসুর মোজিদ, এসএম নাজমুল আলম বক্সা, ইব্রাহিম খলিল, কে এইচ রুবেল, মহিনউদ্দিন ও শুভ ঘোষ। এছাড়া, প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমজাদ হোসেন ও মো. হাসানউদ্দিনও দলের সদস্য।

বিএটি বাংলাদেশের অপারেশনস ডিরেক্টর শাবাব আলী মন্তব্য করেন, আন্তর্জাতিক পর্যায়ে তাদের টেকনিশিয়ানদের কারিগরি দক্ষতার ওপর আস্থা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, "এই যাত্রা বিএটি বাংলাদেশের কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও নির্ভরযোগ্যতার প্রতিফলন।" তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি বিশ্বমানের দক্ষতা ও সক্ষমতা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাম্বিয়ায় এই দল মূল্যবান অবদান রাখবে বলেও তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনার নির্দেশ দিয়েছেন। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৬ বিধি এবং সড়ক পরিহন আইনের ৪৫ ধারা অনুযায়ী এই অভিযান ও প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে।

জনস্বার্থে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর রবিবার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ প্রদান করেন। রিটকারী পক্ষের আইনজীবী হাসানুল বান্না এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের আরও কয়েকটি নির্দেশনা প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

নীরব এলাকার (সাইলেন্ট জোনস) ক্ষেত্রে যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন, শব্দ নিয়ন্ত্রণে নীরব এলাকার জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়, বিভিন্ন কর্মসূচি পালন এবং মোবাইলে বিশেষ বার্তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুযায়ী আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের জন্যও নির্দেশনা প্রদান করেছে হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারা অনুযায়ী শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালুর নির্দেশও দেওয়া হয়েছে।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান তুলে ধরে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। নির্দেশপ্রাপ্তদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক অন্তর্ভুক্ত রয়েছেন। এসব নির্দেশ বাস্তবায়নের জন্য তাদের তিন মাস পর পর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী, বেআইনি, জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে, প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকায় এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে সে ব্যাখ্যাও চাওয়া হয়েছে। আইনজীবী মো. আশরাফ আলী আদালতে রিটের পক্ষে শুনানি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের ঘটনা দেখে মনে হয় না এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের অংশ: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


গোপালগঞ্জের ঘটনা দেখে মনে হয় না এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে চলমান সহিংসতা, নাশকতা এবং পুলিশের ওপর হামলার ঘটনাগুলোর তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি মন্তব্য করেছেন, এসব ঘটনার পর মনে হয় না এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ। তাঁর মতে, এটি কেবল সরকারের নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার প্রকাশ।

রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেছেন, ‘গোপালগঞ্জে যা ঘটছে–নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা–এসব দেখে কি মনে হয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ!’

প্রশাসনিক স্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, রাষ্ট্রের সব অঙ্গ, প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এসব ঘটনার পর মানুষ বুঝতে পারছে না, রাষ্ট্রের কোনো অভিভাবক আছে কি না। রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রের চরম ব্যর্থতার কথাও তিনি উল্লেখ করেন।

সরকারের প্রতি জনগণের অনাস্থার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জনগণের কাছে করা ওয়াদা যারা ভঙ্গ করেন এবং গণ-আকাঙ্ক্ষা ও গণরায়কে যারা উপেক্ষা করেন, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। এই সরকারের সঙ্গে যে জনগণ নেই, রাষ্ট্রের চরম ব্যর্থতাই যেন তার প্রমাণ দিচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে? দেশের মানুষ যখন নিজের চোখে এসব দৃশ্য দেখছে, তখন এমন বক্তব্য তাদের কাছে শুধু হাস্যকরই নয়, বরং বাস্তবতাকে অস্বীকার করার শামিল।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%