০৮:১৯ পি.এম
ঝিনাইদহের ৬ উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা—জেলা সদরে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। এ দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘আমরা ঝিনাইদহবাসী’ ব্যানারের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।
মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান। বক্তারা বলেন, ঝিনাইদহের সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার লাখো মানুষ এখনও উন্নত চিকিৎসাসেবার জন্য খুলনা, যশোর, রাজশাহী কিংবা ঢাকার ওপর নির্ভরশীল। জেলা সদরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুস সবুর, প্রকৌশলী আবুল বাশার, এম এ কবির, শাহিনুর রহমান লিটন, ফখরুদ্দিন মুন্না, সাব্বির হোসেন জুয়েল, শারমিন সুলতানাসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: মাদারীপুরে খাবারের অভাবে লোকালয়ে ছড়িয়ে পড়ছে বানর, সংখ্যা কমছে
বক্তারা বলেন, ঝিনাইদহ সদর জেলা প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত স্থান। জেলার সব উপজেলা থেকে সদর শহরে যাতায়াত সহজ হওয়ায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিও কম হবে।
এ সময় বক্তারা বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঝিনাইদহের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা আশা প্রকাশ করেন, জেলার মানুষের দীর্ঘদিনের এ ন্যায্য দাবি বাস্তবায়নে তিনি আন্তরিক ভূমিকা রাখবেন এবং ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করবেন।
মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয়; এটি পুরো জেলার মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্র। তাই ঝিনাইদহের ৬ উপজেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের ঘোষণা দিতে হবে।
কর্মসূচির শেষে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন