ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: মীর শাহে আলম


পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: মীর শাহে আলম

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, শুধু সভা-সমাবেশন বা পরিকল্পনা নয়, মাঠপর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজ বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন ও ময়লা-আবর্জনা অপসারণ করে ময়লার বিন প্রতিস্থাপন কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

সভার শুরুতে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে দুই সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

এ সময় জানানো হয়, নগর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উদ্যোগের ফল যেন নাগরিকরা বাস্তবে অনুভব করতে পারেন, সে লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

চলমান কার্যক্রমের গতি আরও বাড়ানোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, নতুন বড় প্রকল্প গ্রহণের আগে পাইলট প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা প্রয়োজন। সফল উদ্যোগগুলো পর্যায়ক্রমে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: কুমিল্লায় বালু বিরোধে ইসলামী সংগীত শিল্পীকে পিটিয়ে হত্যা

প্রতিমন্ত্রী কোথায় কোথায় বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে তার একটি হালনাগাদ তালিকা প্রস্তুতের নির্দেশ দেন।

পাশাপাশি নতুন করে কোন কোন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে, সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে এবং ময়লার বিন স্থাপন করা হয়েছে-এসব তথ্য সুনির্দিষ্টভাবে সংরক্ষণ ও মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কার্যক্রমের নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ে কার্যকর মনিটরিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলার উদ্যোগে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নিজেও এসব কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও পরিদর্শন করেন। তাই প্রতিটি উদ্যোগ বাস্তবসম্মত, কার্যকর এবং দৃশ্যমান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন: বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির

সভার সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নগর উন্নয়ন অনুবিভাগের যুগ্ম সচিব পরিমল সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে সরানোর লক্ষ্য, নতুন ইহুদি-আরব রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


নেতানিয়াহুকে সরানোর লক্ষ্য, নতুন ইহুদি-আরব রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ইসরায়েলের আগামী ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন একটি ইহুদি-আরব রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

দলটির লক্ষ্য তরুণ ভোটারদের আকৃষ্ট করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ডানপন্থী সরকারকে ক্ষমতা থেকে সরানো।

তবে সমালোচকদের আশঙ্কা, নতুন দলটি বিরোধী ভোট ভাগ করে দিলে নেতানিয়াহুকে হটানো আরো কঠিন হতে পারে।

বুধবার (২৯ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘এ প্লেস ফর আস অল’ নামে দলটি গত জুনে গঠিত হয়। দলটি শান্তি, সামাজিক সমতা এবং ইহুদি-আরব ঐক্যের বার্তা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।

তাদের প্রার্থী তালিকায় সমান সংখ্যক ইহুদি ও আরব সদস্য রাখা হয়েছে।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব। তবে নির্বাচনে তাদের ভোটদানের হার বরাবরই কম। ২০২২ সালের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি ছিল ৫৩ দশমিক ২ শতাংশ।

একই সময়ে ইহুদি ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৭৫ শতাংশ। বিশ্লেষকদের মতে, এই ব্যবধান নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল।

নতুন দলের সহ-নেতা অ্যালন-লি গ্রিন বলেন, ‘যারা রাজনীতিতে আস্থা হারিয়ে ভোট দিতে যান না, বিশেষ করে তরুণদের ভোটকেন্দ্রে আনাই তাদের মূল লক্ষ্য। আমরা বিরোধী ভোট ভাগ করতে নয়, নতুন ভোটার তৈরি করতে চাই।’

তবে আরব রাজনৈতিক দলগুলোর নেতারা ভিন্ন মত দিয়েছেন।

তারা জানান, এমন সময় নতুন দল গঠন হলে আরব ভোট বিভক্ত হওয়ার ঝুঁকি বাড়বে। এতে নেতানিয়াহুবিরোধী শিবিরই বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে ইসরায়েলের পার্লামেন্ট কনেসেটে ১২০টি আসনের মধ্যে আরব দলগুলোর দখলে রয়েছে ১০টি আসন। কোনো দলকে সংসদে আসন পেতে হলে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, নতুন দলটি সেই সীমা অতিক্রম করতে না পারলে তাদের পাওয়া ভোট কোনো আসনে পরিণত হবে না। এতে বিরোধী শিবিরের ভোট নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে নতুন দলটির নেতারা জানিয়েছেন, তারা প্রয়োজনীয় সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী। একই সঙ্গে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট বা একীভূত হওয়ার সম্ভাবনাও খোলা রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে প্রীতি ফুটবল ম্যাচ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে প্রীতি ফুটবল ম্যাচ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান

কুড়িগ্রামে কিশোর ও কিশোরীদের অংশগ্রহণে এক মনোরম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজন করা হয়। ক্রীড়ামোদী ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়, যার আয়োজক ছিল কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং পৃষ্ঠপোষকতা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর-এর চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "নিয়মিত ক্রীড়া চর্চা ও সুস্থ বিনোদন তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস এবং যাবতীয় সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের মতো বড় আয়োজন তৃণমূল থেকে উদয় হওয়া ফুটবলারদের জাতীয় মঞ্চে তুলে আনতে সাহায্য করবে।"

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, ডিআইজি প্রিজন (রংপুর) কামাল হোসেন, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর-এর স্কুল ও কলেজ পরিদর্শক প্রফেসর আমিনুল ইসলাম, ডেপুটি কন্ট্রোলার জহুরুল ইসলাম প্রামানিক, সোনালী অতীত ক্লাব কুড়িগ্রাম জেলার সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুকসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ম্যাচ শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা কিশোর-কিশোরী খেলোয়াড়দের সাথে মাঠে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। যখন খেলা শুরু হয়, তখন আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে প্রীতি ম্যাচটি। দু'দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ক্রীড়াসুলভ মনোভাব উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

এদিকে, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফল করার জন্য এবং সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করতে কুড়িগ্রাম জেলার প্রতিটি উপজেলাতেই ধাপে ধাপে উদ্বুদ্ধকরণ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। বক্তারা আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের ধারাবাহিক উদ্যোগ জেলা পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের জাতীয় অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ বৃদ্ধি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে অন্যের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


একজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে অন্যের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি করা—আমরা কখনোই সেটা করব না। সব দেশের সঙ্গেই আমাদের নিজস্ব স্বার্থ অক্ষুণ্ন রেখে এবং স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আচ্ছা দেখুন, আমার মনে হয় কূটনীতিতে আমরা আন্দাজে কাজ করি না। আমরা বাস্তবতার ভিত্তিতে কাজ করি, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ার (সামাজিক যোগাযোগ মাধ্যম) ওপর ভিত্তি করে চলি না, তাই না? দুই নম্বর কথা হলো, আমি আপনার উত্তর দিচ্ছি, কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য কোনো দেশের পরিপ্রেক্ষিতে ‘জিরো-সাম গেম’ নয়। একজনের সাথে সম্পর্ক নষ্ট করে আরেকজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, আমরা কখনোই সেটা করব না। সব দেশের সঙ্গেই আমাদের নিজস্ব স্বার্থ অক্ষুণ্ন রেখে এবং স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। কারও সঙ্গে সম্পর্ক উন্নয়ন হওয়ার মানে এই নয় যে, আরেকজনের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে।

তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো একটি সফর হয়েছে। ভবিষ্যতে যদি আমাদের প্রধানমন্ত্রী ভারতে যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হবে এবং এই যে মিস্টার লু (ডোনাল্ড লু) আসলেন, তার সাথে বা সেক্রেটারি অব স্টেটের প্রতিনিধিদের সাথে আমার দেখা হয়েছে। মূলত এই মতবিনিময়গুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি।

ড. খলিলুর রহমান আরও বলেন, বাংলাদেশের সঙ্গে তো শুধু একটি দেশের নয়, বহু দেশের সম্পর্ক আছে। এটা তো স্ত্রী এবং সতিনের মধ্যে মারামারি নয় ভাই! এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক। যেখানে আমাদের স্বার্থ থাকবে, আমরা সেখানেই যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টার অভিযোগ, অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা ক্বারী বাহার উদ্দিন মাহবুবীর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টার অভিযোগ, অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা ক্বারী বাহার উদ্দিন মাহবুবীর

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ছাতিয়াইন ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী বাহার উদ্দিন মাহবুবী অভিযোগ করেছেন যে, তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছে এবং তার নাম ও পরিচয় ব্যবহার করে অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে।

সম্প্রতি, তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন যে, কয়েকদিন ধরে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চলছে, তবে সেটি এখনও সফল হয়নি। তিনি দাবি করেন যে, তার ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে।

স্ট্যাটাসে ক্বারী বাহার উদ্দিন মাহবুবী লিখেছেন, "আমার আইডি কয়েকদিন ধরে হ্যাক করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে, এখন আমার ছবি এবং নাম ব্যবহার করে কে বা কারা অনলাইনে অপপ্রচার চালানোর চেষ্টা চালাচ্ছে। আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশি দূর যেতে পারবে না, ইনশাআল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ।"

তিনি তার অনুসারীদের ভুয়া আইডি বা বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%