০৫:৫৭ পি.এম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, অপ্রয়োজনীয় বিভাগ খুলে শিক্ষিত বেকার তৈরির সুযোগ সৃষ্টি করা যাবে না।
রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা উচিত নয়। তিনি বলেন, "এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যা আগে অ্যানাউন্স করে খোলা হয়েছে, শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে।" তিনি আরও বলেন, "এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই।"
আরও পড়ুন: চুয়েটের গবেষণা সহকারীদের পাঁচ মাস ধরে বেতন বন্ধ, আটকে নতুন পে-স্কেলও
শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা, বর্তমান শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগগুলো বিবেচনা করা আবশ্যক। তিনি সতর্ক করেন যে, কেবল বিভাগ খোলার জন্য বিভাগ খোলা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। এ ক্ষেত্রে যেসব বিভাগের বাস্তব প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, "শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা।" তবে এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই উন্নয়নের পথ তৈরি করতে হবে।
পরীক্ষায় নকল প্রতিরোধের পাশাপাশি উন্নত দেশগুলোর অগ্রগতির পদ্ধতি অনুসরণ করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কমানোর বিষয়ে নিজের উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে ২০৩০ সালের মধ্যে শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, তা জানতে চেয়েছিলেন। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বাজেট দেওয়ার আশ্বাসও তিনি দিয়েছেন।
আরও পড়ুন: রাবির প্রকৌশল দপ্তরে অর্ধেক পদ শূন্য, জনবল সংকটে সমস্যা
তবে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন যে, জাতীয় বিশ্ববিদ্যালয় নয় মাসেও বেকারত্বের তালিকা দিতে পারেনি। তিনি বলেন, "বেকারত্ব কমানোর জন্য বাজেট দেওয়ার কথা থাকলেও কার্যত বেকারত্ব তৈরির কারখানা চালানোর বাজেট দিতে হচ্ছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েও তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত মানতে রাজি নয় বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন