ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সার্কুলার অর্থনীতিতে বাংলাদেশ-নেদারল্যান্ডসের নতুন অধ্যায়ের সূচনা


সার্কুলার অর্থনীতিতে বাংলাদেশ-নেদারল্যান্ডসের নতুন অধ্যায়ের সূচনা

বাংলাদেশ নেদারল্যান্ডসের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে, যার উদ্দেশ্য হলো তৈরি পোশাক ও টেক্সটাইল খাতকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও বৈশ্বিক বাজারের উপযোগী করে গড়ে তোলা। এর মাধ্যমে টেক্সটাইল মূল্য শৃঙ্খলে সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহারযোগ্য উৎপাদন ব্যবস্থা, এবং সবুজ শিল্পায়নে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে।

সোমবার, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিটি সই হয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসের অর্থনৈতিক বিষয়ক ও জলবায়ু নীতি মন্ত্রণালয়ের মধ্যে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মন্তব্য করেন, বৈশ্বিক টেক্সটাইল শিল্পে টেকসই উৎপাদন ব্যবস্থা ও সার্কুলার অর্থনীতি এখন সময়ের অপরিহার্য দাবি। বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাত বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এই খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!

তিনি আরো বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে পারস্পরিক আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে অংশীদার হিসেবে কাজ করছে। পানি ব্যবস্থাপনা, কৃষি, লজিস্টিকস এবং টেকসই শিল্প উন্নয়নের মতো খাতে নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‌এই সমঝোতা স্মারক আমাদের অংশীদারিত্বকে আরও সবুজ, স্থিতিশীল ও ভবিষ্যতমুখী অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সার্কুলার অর্থনীতি শুধুমাত্র পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; এটি রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, সম্পদের সর্বোত্তম ব্যবহার, টেকসই বিনিয়োগ আকর্ষণ, এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) গণ্ডি পেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের প্রেক্ষাপটে শিল্পখাতের টেকসই সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেদারল্যান্ডসের ক্লাইমেট অ্যান্ড গ্রিন গ্রোথবিষয়ক মন্ত্রী স্টিয়েন্তে ভ্যান ভেল্ডহোভেন মন্তব্য করেন, সার্কুলার অর্থনীতিতে রূপান্তর কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। পুরো সরবরাহ শৃঙ্খলজুড়ে আন্তর্জাতিক সহযোগিতা, বাণিজ্যিক অংশীদারত্ব এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন: মাগুরার দুর্গাপূজার মেলায় অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

তিনি বলেন, দুই দেশের কর্মকর্তারা ইতোমধ্যে অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নেদারল্যান্ডসের পক্ষে স্বাক্ষর করেন স্টিয়েন্তে ভ্যান ভেল্ডহোভেন। দুই দেশের মন্ত্রীরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী এবং ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এই সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে সবুজ প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন, পুনর্ব্যবহারভিত্তিক উৎপাদন ব্যবস্থা এবং টেকসই শিল্পায়নের প্রসার ঘটবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল শিল্পখাত গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার মাইকিং, পুলিশ দুইজনকে আটক করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিমাণ ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হবে’। তিনি উল্লেখ করেছেন যে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। ট্রাম্প বলেন, যৌথ সামরিক মহড়াগুলো অনেক ব্যয়বহুল এবং এর বড় অংশের খরচ যুক্তরাষ্ট্রকেই বহন করতে হয়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এসব মহড়া অপ্রয়োজনীয় এবং উত্তর কোরিয়ার জন্য বৈরী বার্তা তৈরি করে।

যদিও দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যৌথ সামরিক মহড়া নির্ধারিত সময় অনুযায়ীই হবে। এই বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই বিষয়ে ট্রাম্প আরো অভিযোগ করেন, সম্প্রতি ইরানের ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ’ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে দক্ষিণ কোরিয়া রাজি হয়নি।

এর আগে চলতি মাসে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এর পরই ট্রাম্পের পক্ষ থেকে সামরিক মহড়া কমানোর ঘোষণা আসলো।

তবে ট্রাম্প বলেন, আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা থাকায়, এখন তা বাতিল করার জন্য ‘অনেক দেরি হয়ে গেছে’।

তিনি আরো বলেন, সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে দক্ষিণ কোরিয়া এতে রাজি হয়নি। ট্রাম্পের এই ঘোষণার এক দিন আগে তিনি ২০১৮ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তোলা একটি পুরনো ছবি পোস্ট করেন। তিনি বলেন, ছবিতে দুজনকে খুব বন্ধুত্বপূর্ণ মনে না হলেও বাস্তবে কিমের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে বার্ষিক সামরিক মহড়ার ঘোষণা দেন। ১১ দিনের এই মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮ হাজার সেনা অংশ নেওয়ার কথা। সামরিক কর্মকর্তারা জানান, আগের বছরগুলোর মতোই এবারও মহড়া হবে। সংবাদ সম্মেলনে তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সেনাদের অংশ নেওয়ার বিষয়টিও তুলে ধরেন।

মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র রায়ান ডোনাল্ড বলেন, উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের অভিজ্ঞতাও যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণে বিবেচনায় রাখা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে। তারা এই মহড়াকে ‘আগ্রাসী যুদ্ধের প্রস্তুতি’ বলে উল্লেখ করে। মহড়া শুরুর কয়েক দিন আগে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের নজরদারিতে উত্তর কোরিয়ার আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ধরা পড়ে। এটি ছিল অল্প সময়ের মধ্যে দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তার পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়। এরপর থেকে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরো জোরদার করেছে। সাম্প্রতিক সময়ে, দক্ষিণ কোরিয়াকে নিয়ে ট্রাম্পের মন্তব্য থেকে বোঝা যায়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতে সরাসরি সামরিক বা অন্য কোনো সহায়তা দিতে সিউল রাজি না হওয়ায় তিনি অসন্তুষ্ট। এর আগে জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ অন্য মিত্র দেশগুলোও ইরান সংঘাতে সরাসরি জড়াতে না চাওয়ায় ট্রাম্প তাদের সমালোচনা করেছিলেন। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর সিদ্ধান্ত ট্রাম্প এবারই প্রথম নেননি।

২০১৮ সালে কিম জং উনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা চলার সময় তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া সম্পূর্ণরূপে বন্ধ করেছিলেন। পরে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময়ও মহড়ার পরিসর কমানো হয়।

এদিকে, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। ১৯৫৩ সালে একটি অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে দুই কোরিয়ার যুদ্ধ থেমেছিল। তবে এরপর কোনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি হয়নি। তাই আইনগতভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো যুদ্ধরত অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির নতুন নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন কর্মকর্তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা কঠোরভাবে মানার তাগিদ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পাঠানো এক চিঠিতে নির্দেশনাটি প্রদান করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং সরকারি আচরণবিধি মেনে চলা সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য বাধ্যতামূলক। অধিদপ্তর ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষা পরিবারের সদস্যরা যথাযথভাবে এ নির্দেশিকা অনুসরণ করছেন কি না, তা নিবিড়ভাবে পরীক্ষা করার লক্ষ্যে মাউশির উদ্যোগে একটি ‘সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, মাউশি অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের কোনো সদস্য যদি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশিকার বিপরীত, আপত্তিকর, বিভ্রান্তিকর, ভুল, নেতিবাচক বা দাপ্তরিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এমন কোনো স্ট্যাটাস, মন্তব্য, ছবি, ভিডিও, পোস্ট বা অন্য কোনো কনটেন্ট প্রকাশ করে, তাহলে তা লক্ষ্যে এনে, তা যথাযথভাবে সংরক্ষণপূর্বক অগ্রাধিকার ভিত্তিতে মনিটরিং কমিটির আহ্বায়ককে ই-মেইলের ([email protected]) মাধ্যমে জানানো হবে।

অবহিতকরণের জন্য যে তথ্যসমূহ সংযুক্ত করতে বলা হয়েছে, সেগুলো হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবি ও কর্মস্থল; সামাজিক যোগাযোগমাধ্যমের নাম এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা প্রোফাইলের লিংক; পোস্ট বা স্ট্যাটাস প্রকাশের তারিখ ও সময়; সংশ্লিষ্ট পোস্ট বা স্ট্যাটাসের স্ক্রিনশটসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসান-তানজিদের পারফরম্যান্সের প্রশংসায় ওয়াসিম আকরাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


হাসান-তানজিদের পারফরম্যান্সের প্রশংসায় ওয়াসিম আকরাম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর মাধ্যমে বাংলাদেশের জন্য এটি ছিল প্রতিপক্ষের মাটিতে প্রথম জয়। এই দাপুটে জয়টি বাংলাদেশের প্রশংসা জাগিয়েছে বিশ্বের কাছে।

শুধু দল নয়, বরং আলাদা আলাদাভাবে ক্রিকেটাররাও প্রশংসা পাচ্ছেন। বিশেষ করে ঐতিহাসিক জয় এনে দেওয়ার অন্যতম দুই গুরুত্বপূর্ণ কারিগর, হাসান মাহমুদ ও তানজিদ হাসান তামিম, প্রশংসায় ভাসছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের পর এবার পাকিস্তানের ওয়াসিম আকরামেরও প্রশংসা পাচ্ছেন তারা।

আকরাম দুজনের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের কিংবদন্তি লিখেছেন, 'প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছে, এর মধ্যে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে ওপেনার তানজিদ। আমি হাসান মাহমুদের বোলিংয়ে দারুণ মুগ্ধ হয়েছি। সে চমৎকার লেংথে বল করেছে। খুব বেশি কিছু করার চেষ্ট না করে একদম নিখুঁত লাইন-লেংথে বোলিং করেছে।'

ডারউইন টেস্টে মোট ৯ উইকেট নিয়ে (৬ ও ৩) ম্যাচের সেরা হয়েছেন হাসান। বিপরীতে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ। দুজনের পাশাপাশি ৬৫ রানের সঙ্গে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে জয়ে অনবদ্য অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়ে দীর্ঘ ২৩ বছর পর অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আকরামের মতে, জয়টি মহাকাব্যিক। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার লিখেছেন, 'শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মহাকাব্যিক জয়! এই জয় জানিয়ে দেয় টেস্টে বাংলাদেশ কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকার কোথায়। জয়ে দলের সবাই কোনো না কোনোভাবে অবদান রেখেছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা জব্দ, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


কুমিল্লায় প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা জব্দ, আটক ২

কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রায় ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে। ইতোমধ্যে এ ঘটনায় ফয়সাল হোসেন (২৫) ও আমান উল্লাহ (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশের তথ্য মতে, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চলাকালে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জাগুরজুলি এলাকায় অবস্থান নিয়েছিল ডিবির একটি দল।

এ সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা বহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়।

আটক দুইজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

বিশেষভাবে উল্লেখযোগ্য, আমান উল্লাহ ওই গাড়ির চালক ছিলেন।

ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, প্রায় ৩ লাখ পিস ইয়াবাসহ একটি প্রাডো গাড়ি জব্দ করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা হতে পারে।

পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় দুইজনকে আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে জানা হবে এই বিপুল পরিমাণ ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার কথা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%