০৬:১০ পি.এম
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন পেয়ে সুনামগঞ্জ এবং ঢাকার আশুলিয়া অঞ্চলে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) রাতে পৃথক দুটি স্থানে এই ঘটনা ঘটে।
শনিবার রাত ৯টার সময় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকায় একজন ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ৫ বছরের ভাতিজির উপর ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাড়িতে তার বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে শিশুটি খেলাধুলা করার সময় দূরসম্পর্কের এক চাচা তাকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নিপীড়নের চেষ্টা করেন। শিশুর চিৎকারে প্রতিবেশী এবং বাবা-মা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
৯৯৯ থেকে অবিলম্বে বিষয়টি জগন্নাথপুর থানাকে জানানো হলে কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস এবং পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম সার্বক্ষণিক যোগাযোগ রাখতে থাকেন।
এরপর জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সাব্বির মিয়াকে (৪০) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিরিবিলি ফালগুনী হাউজিং এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে একজন ব্যক্তি জানান, তার ৫ বছরের নাতনির উপর ধর্ষণের চেষ্টা করা হয়েছে। নিরিবিলি ফালগুনী হাউজিংয়ের একটি ভাড়া বাসায় খেলাধুলা করার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় শিশুটি বাইরে চলে আসে। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি তার একাকিত্বের সুযোগ নিয়ে তাকে স্পর্শকাতর স্থানে হাত দেন।
শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মালিহা আক্তার কলটি গ্রহণ করেন এবং ডিসপাচার এএসআই সিরাজুল ইসলামের মাধ্যমে আশুলিয়া থানাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মো. সেলিমকে (৩১) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন