মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৯ পি.এম
দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের জন্য গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ওয়াপদা বাঁধে রতনপুর রেগুলেটর নির্মাণ এবং উদাখালী খাল সংস্কারের দাবিতে স্থানীয় কালির বাজার বটতলায় একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আহবায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটির সহ-সভাপতি সন্তোষ কুমার বর্মন, আব্দুল্লাহ সরকার, ইউনুস আলী, সাদেকুর রহমান, খলিলুর রহমান, অনিল বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, উদাখালী, উড়িয়া, কঞ্চিপাড়া ও বোয়ালী ইউনিয়নের ১/৩ ফসলী জমিতে জলাবদ্ধতার কারণে আমন ধানের চাষ করা সম্ভব হয় না। এর ফলে শাক-সবজি, রবি ফসল, ইরি-বোরো ও বীজতলা তৈরিতেও মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। এছাড়া যমুনা নদী থেকে আসা ৭-৮ কোটি টাকার মাছ থেকেও এ অঞ্চলের মানুষ বঞ্চিত হয়ে থাকে।
স্থানীয়রা জানান, ২০২৪ সাল থেকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে গণস্বাক্ষরসহ চারবার স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত রেগুলেটরটি নির্মাণের চূড়ান্ত অগ্রগতি লক্ষ্য করা যায়নি। তাই অত্র অঞ্চলের জনগণ আসন্ন বর্ষার আগেই দ্রুত রেগুলেটরটি নির্মাণ এবং উদাখালী খালটি সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বুধবার (১১ নভেম্বর) জমাদিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে।
পবিত্র জমাদিউস সানি মাসের গণনা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান। জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্যগুলো পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে। জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোর, ১০ নভেম্বর ২০২৬ : বড়াইগ্রাম উপজেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ৪০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে এসব জালকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার, উপজেলার জোনাইল চামটা ব্রীজের গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক জানান, জোনাইল চামটা ব্রীজের গুরুত্বপূর্ণ পয়েন্টে তিন লাখ টাকা মূল্যমানের ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এ সময় একটি স্রোতি জালও উচ্ছেদ করা হয়। পরবর্তীতে এসব জালকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনঃতদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করেন সংগঠনটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে তারা জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, একাডেমিক শৃঙ্খলা পুনঃস্থাপন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অবকাঠামোগত সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ জড়িত ব্যক্তিদের পুনঃতদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবিলম্বে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করতে হবে।’
একাডেমিক শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের বিচারের আওতায় আনার পাশাপাশি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালুর দাবি জানান তিনি।
এছাড়া চলতি বছরের মে মাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান জিয়াউদ্দিন আয়ান। তিনি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের আহ্বানও জানান।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়, রেজিস্ট্রার অফিস ও কেন্দ্রীয় গ্রন্থাগারসহ গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যক্রম স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার দাবি জানানো হয়। সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ মেট্রিক টন আমন ধান এবং ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আরও জানান, ৫০ হাজার মেট্রিক টন আতপ চালও সংগ্রহ করা হবে। দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ে তিনি এসব তথ্য প্রদান করেন।
খাদ্য মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের জন্য ৪৯ টাকা এবং আতপ চালের জন্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান বিক্রি করতে চাইলে কৃষকের কাছ থেকে তা কেনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার। কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই এই সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট মোকাবিলার উদ্দেশ্যে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি চাল এবং ৩০০টি উপজেলায় পুষ্টি চাল বিতরণ অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ