১২:২২ পি.এম
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে আবারও জয় শাহ নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে তিনি দ্বিতীয় মেয়াদে এই পদে আসীন হয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহের পুনর্নিয়োগের বিষয়টি আজ ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর আইসিসি নিশ্চিত করেছে।
জয় শাহ প্রথমবার ২০২৪ সালের ২৭ আগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ৩৬ বছর বয়সে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জয় শাহ।
নতুন মেয়াদে জয় শাহ ২০২৯ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন। পুনর্নিয়োগের পর তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি সম্মানিত। পরিচালকদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। ক্রিকেটের বৈশ্বিক স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যাব।’
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্স থাকছে না, কমছে ম্যাচও
তিনি আরও উল্লেখ করেন, ‘ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি আমরা। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শক ও প্রজন্মের কাছে খেলাটিকে পরিচিত করার অসাধারণ সুযোগ।’
জয় শাহ জানান, ক্রিকেটের টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভক্ত, খেলোয়াড় ও বাণিজ্যিক অংশীদারদের গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি মানুষকে একত্র করা।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান রিচার্ড থম্পসন, আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ, সহ-সভাপতি তাভেঙ্গওয়া মুখুলানি, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পরিচালক রজার টুজ এবং সহযোগী সদস্যদের চেয়ারম্যান গুরুমূর্তি পালানি জয় শাহকে অভিনন্দন জানিয়েছেন।
তাদের বক্তব্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি শক্তিশালী করা, নারী ক্রিকেটের উন্নয়ন, আফ্রিকা মহাদেশে ক্রিকেটের প্রসার এবং সহযোগী দেশগুলোর সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভিডিওতেই ‘জাতীয় বেইমান’ তকমা পেলেন রাফিনিয়া!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন