ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী বাংলাদেশি শাজিয়া হক


ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী বাংলাদেশি শাজিয়া হক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেবেলো সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট-১ থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ও কমিউনিটি নেত্রী শাজিয়া হক। আগামী ৩ নভেম্বর সাধারণ নির্বাচনে তিনি কাউন্সিলমেম্বার পদের জন্য লড়াই করছেন।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি কমিউনিটিতে শাজিয়া হক একজন দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি ব্যবসা, সমাজসেবা এবং স্থানীয় নাগরিক নেতৃত্বের ক্ষেত্রে সক্রিয়ভাবে যুক্ত আছেন। বাংলাদেশে জন্ম নেওয়া শাজিয়া লালমাটিয়া কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করে যুক্তরাষ্ট্রে চলে যান। পরবর্তী সময় তিনি লস অ্যাঞ্জেলেস ভ্যালি কলেজ থেকে লিবারেল আর্টসে অ্যাসোসিয়েট ডিগ্রি নিয়ে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি চ্যালেন আইল্যান্ডস থেকে মনোবিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ায় একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন।

নাগরিক নেতৃত্বে অভিজ্ঞতাও রয়েছে শাজিয়া হকের, যিনি লস অ্যাঞ্জেলেসের উইলশায়ার সেন্টার-কোরিয়াটাউন নেবারহুড কাউন্সিলের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১২ সাল থেকে প্রবাসীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফোবানার (উত্তর আমেরিকা বাংলাদেশি সম্মেলন) বিভিন্ন কার্যক্রমের সঙ্গে এবং স্থানীয় লিটল বাংলাদেশ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

শাজিয়া হকের নির্বাচনি ইশতেহারে স্থানীয় জননিরাপত্তা জোরদার করা, প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠা, কার্যকর বাজেট ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, নাগরিকদের সরাসরি সমস্যার কথা শোনা এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসী ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অধিকার নিয়ে সোচ্চার থাকা বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

মন্টেবেলো সিটির সরকারি সময়সূচী অনুযায়ী, ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভার এই নির্বাচনে ডিস্ট্রিক্ট-১ আসনে বিজয়ীর মেয়াদ হবে চার বছর, অর্থাৎ ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এই নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসনে প্রবাসীদের অংশগ্রহণের একটি নতুন মাইলফলক উন্মোচিত হবে বলেও ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি কমিউনিটি আশা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৮ এম


সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে এই সভা শুরু হওয়ার কথা রয়েছে।

এই বিশেষ সভার আয়োজন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে করা হয়েছে, যেখানে সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, প্রধান প্রধান অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত বিস্তারিত আলোচনা ও তথ্য প্রকাশ করা হবে।

সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা সভায় উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরাইলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ এম


গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরাইলি মন্ত্রীর

ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গাজায় ইসরাইলি বাহিনীর প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করা উচিত।

এমনকি তিনি হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালানোরও আহ্বান জানিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) প্রচারিত একটি পডকাস্টে গাজায় আটক সাবেক ইসরাইলি বন্দি রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে বেন-গভির এ মন্তব্য করেন। ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে হামলার পর গাজায় ইসরাইলের যুদ্ধ চলাকালে ব্রাসলাভস্কি সেখানে বন্দি ছিলেন।

ফিলিস্তিনিদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালানোর আহ্বান জানিয়ে বেন-গভির বলেন, ‘সেখানে এমন মানুষ আছে, যারা বেঁচে থাকার যোগ্য নয়। তাদের বেঁচে থাকা উচিত নয়। তারা মানুষও নয়।’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অংশ বেন-গভির দীর্ঘদিন ধরেই এ ধরনের চরমপন্থি বক্তব্য দিয়ে আসছেন। তিনি ইসরাইলের পুলিশ ও কারা বিভাগের দায়িত্বে রয়েছেন।

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ইসরাইলের সাধারণ নির্বাচনের আগে দেশটির রাজনীতিতে বেন-গভিরের প্রভাবও বেড়েছে। বর্তমান ‘যুদ্ধবিরতির’ অধীনে গাজায় সামরিক হামলা কমিয়ে দেয়ার নেতানিয়াহুর সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন বলেও ব্রাসলাভস্কিকে জানান। সরাসরি হুমকি নয়, তাদের বিরুদ্ধেও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড পুনরায় চালুর পক্ষে মত দেন তিনি।

ইসরাইলি সামরিক বাহিনীর ওপর সরাসরি কোনো আনুষ্ঠানিক কর্তৃত্ব নেই বেন-গভিরের। এছাড়া তিনি নিজে থেকে হামলার নির্দেশ দেয়ার ক্ষমতাও নেই। তবে তিনি ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য, যেখানে যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা নীতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

আলাপচারিতায় ব্রাসলাভস্কি ইসরাইলে সাম্প্রতিক কার্যকর হওয়া মৃত্যুদণ্ড আইনের আওতায় সামরিক আদালতে ইসরাইলিদের ওপর প্রাণঘাতী হামলার দায়ে দণ্ডিত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকর করার কাজে তাকে অংশ নেয়ার সুযোগ দিতে অনুরোধ করেন।

তিনি বলেন, ‘আমার একটি ব্যক্তিগত অনুরোধ আছে। মন্ত্রী, আমি সত্যিই আপনার চোখের দিকে তাকিয়ে বলছি—আমাকে তাদের ফাঁসিতে ঝোলানোর দায়িত্ব দিন।’

জবাবে বেন-গভির তাকে আশ্বস্ত করে বলেন, ‘এটা ঘটানোর জন্য আমি বিশ্বকে উল্টে দেব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এটি না হওয়া পর্যন্ত আমি সবকিছু করব।’

বেন-গভির ফিলিস্তিনিদের গাজা থেকে স্থায়ীভাবে চলে যেতে উৎসাহিত করার পাশাপাশি সেখানে নতুন করে ইসরাইলি বসতি স্থাপনেরও আহ্বান জানিয়েছেন। ব্রাসলাভস্কিকে তিনি বলেন, ‘পুরো গাজাকেই আমরা নিজেদের বলে মনে করি।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় গাজায় ১ হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বেন-গভিরের সাম্প্রতিক মন্তব্য তার দীর্ঘদিনের চরমপন্থি অবস্থানেরই ধারাবাহিকতা। কিশোর বয়সে তিনি নিষিদ্ধ কাহানিস্ট জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

মন্ত্রী হওয়ার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ডকে নিয়মিত শাস্তি হিসেবে চালুর পক্ষে প্রচার চালিয়েছেন তিনি। একই সঙ্গে ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের জীবনযাত্রার পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে আরও কঠোর করার কথাও প্রকাশ্যে বলেছেন।

তার এসব কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে সমালোচিত হলেও এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও তা তার কর্মকাণ্ডে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন থেকে সিলেট নগরীতে ভবন নির্মাণ করতে লাগবে সিউকের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

আবুল কাশেম রুমন,সিলেট

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৪ এম


এখন থেকে সিলেট নগরীতে ভবন নির্মাণ করতে লাগবে সিউকের অনুমোদন

পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া যে  কোনো ধরনের ভবন নির্মাণ, সম্প্রসারণ বা পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিউকের আওতাধীন এলাকায় ভূমি ব্যবহারের ছাড়পত্র, ভবন নির্মাণের নকশা অনুমোদন এবং জলাধার খনন বা পুনঃখননের জন্য আবেদন সিউকের কার্যালয়ে জমা দিতে হবে। কার্যালয়ের ঠিকানাÑ২৯/এ ফরচুন গার্ডেন, বঙ্গবীর রোড, নাইওরপুল, সিলেট।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইমারত নির্মাণ আইন-১৯৫২, ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং  কোড (বিএনবিসি)-২০২০ অনুসরণ করতে হবে। এ জন্য সিউকের তালিকাভুক্ত স্থপতি, প্রকৌশলী বা নকশাকারকের মাধ্যমে ভূমি জরিপ, মাটি পরীক্ষা ও নকশা প্রণয়ন করে আবেদন দাখিল করতে হবে। এছাড়া রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৫ ধারা অনুযায়ী সব ডেভেলপার প্রতিষ্ঠানকে সিউকে নিবন্ধিত হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমোদিত নকশা অনুযায়ীই নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। অবৈধ দখল, জলাশয় ভরাট কিংবা পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৩-এর ৫৪ ধারার উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনটি কার্যকর হওয়ার পর সিউকের অনুমতি ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষের মাধ্যমে নেওয়া অনুমোদন অকার্যকর ও অননুমোদিত হিসেবে গণ্য হবে।
আইন বা বিধিমালা লঙ্ঘন করে পরিচালিত যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
নগরবাসীকে ভবন নির্মাণ, ভূমি ব্যবহার কিংবা সংশ্লিষ্ট যে কোনো কার্যক্রমের আগে সিউক কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ এম


ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে আবার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এই তথ্যটি নিশ্চিত করেছে জার্মানির ভুতত্ত্ব গবেষণা সংস্থা জিএফজি জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস একটি বিবৃতির মাধ্যমে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, নতুন এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে দক্ষিণ অক্ষাংশের ৮.৫৭ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১২১.৫৫ ডিগ্রিতে।

সূত্র: সিনহুয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%