মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৫ এম
স্মার্টফোনের এক স্পর্শে মুহূর্তেই দেশের এবং বিদেশের সব খবর পৌঁছে যাচ্ছে, কিন্তু ভোরের আলো ফোটার আগেই কাঁধে পত্রিকার ব্যাগ তুলে নেন এক প্রবীণ ব্যক্তি। শহরের অলিগলি, দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ এবং বাসাবাড়িতে হেঁটে হেঁটে পৌঁছে দেন দিনের প্রথম সংবাদ। দীর্ঘ সময় ধরে একই ছন্দে চলা এই মানুষটির নাম মোজাম্মেল হক। সৈয়দপুরের মানুষের কাছে তিনি পরিচিত একটি নাম।
নীলফামারীর সৈয়দপুর শহরের দিনাজপুর সড়কে অবস্থিত মণ্ডল পেপার হাউসে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। দীর্ঘশ্বাস ফেলে তিনি শোনান দীর্ঘ পথচলার গল্প।
মোজাম্মেল হকের বয়স ৬৫ বছর। তবুও থেমে নেই জীবনসংগ্রাম। জীবিকার তাগিদে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেন। এরপর সাইকেল চালিয়ে আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৈয়দপুর শহরে আসেন মো. মোজাম্মেল হক। কখনো ঝড়, কখনো বৃষ্টি, আবার কখনো প্রচণ্ড খরা- কোনো প্রতিকূলতাই তাঁকে দমাতে পারেনি। এভাবেই টানা ৩০ বছর ধরে পত্রিকা সরবরাহের কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি।
মোজাম্মেল হকের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বাঘাচোরা গ্রামে। তিনি দুই ছেলে এবং এক মেয়ে সন্তানের বাবা। সন্তানদের বিয়ে দিয়েছেন এবং তাঁরা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বয়সের ভার বাড়লেও পেশার প্রতি দায়িত্ববোধ এবং জীবনসংগ্রামের তাগিদে প্রতিদিনই তাঁকে ছুটতে হয় সৈয়দপুর শহরে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সৈয়দপুরের মণ্ডল পেপার হাউসে কর্মরত মোজাম্মেল হক বলেন, ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা সকালে আসে। প্রতিষ্ঠানটির কমিশন এজেন্ট হাজী মজেদুল হক মণ্ডলের অধীনে তিনি পত্রিকা সরবরাহের কাজ করেন। প্রয়োজন হলে পত্রিকা নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী শহরেও যেতে হয় তাঁকে।
মোজাম্মেল হক বলেন, ‘আমি যখন কাজ শুরু করি, তখন পত্রিকার সংখ্যা ছিল কম, হকারও ছিল হাতে গোনা কয়েকজন। প্রতিদিন ভোরে পত্রিকা সংগ্রহ করে বেরিয়ে পড়তাম। রোদ-বৃষ্টি, ঝড় কিংবা শীত-কোনো কিছুই আমাকে থামাতে পারেনি। মানুষের হাতে সময়মতো খবর পৌঁছে দেওয়াটাই ছিল আমার দায়িত্ব।’
একসময় সৈয়দপুর শহরের সকাল শুরু হতো পত্রিকার হকারদের হাঁকডাকে। জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা নিয়ে ছুটে বেড়াতেন তিনি। শহরের বহু পরিবারে সকালের চায়ের সঙ্গে খবরের কাগজ পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাঁর কাঁধে।
বর্তমানে তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে পত্রিকা সরবরাহ করেন। প্রতিদিন প্রায় ৩০০ কপি জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা বিক্রি করেন তিনি। তবে প্রযুক্তির বিকাশ এবং ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যমের প্রসারের কারণে আগের তুলনায় ছাপা পত্রিকার বিক্রি অনেক কমে গেছে।
পরিবারের কথাও জানালেন এই প্রবীণ হকার। তাঁর স্ত্রী একজন গৃহিণী। পত্রিকা বিক্রির আয় দিয়ে তিন সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন তিনি। ইতোমধ্যে দুই মেয়ের বিয়ে দিয়েছেন এবং এক ছেলে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
জীবনের দীর্ঘ সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘এই পত্রিকা বিক্রির টাকাতেই সংসার চালিয়েছি, সন্তানদের লেখাপড়া করিয়েছি। আগে মানুষ কাগজের জন্য অপেক্ষা করত, এখন মোবাইলেই খবর পড়ে। তাই আয় অনেক কমে গেছে। বয়সও হয়েছে, শরীর আর আগের মতো চলে না। পায়ে হেঁটে কাগজ বিক্রি করা এখন খুব কষ্ট হয়। তারপরও পেটের দায়ে আর এই পেশার প্রতি ভালোবাসা থেকে কাজটা করে যাচ্ছি। জীবনের বাকি সময়টাও এ পেশাতেই কাটিয়ে দিতে চাই।’
সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কথাসাহিত্যিক আব্দুল হাফিজ বলেন, ‘মোজাম্মেল হককে অনেক দিন থেকেই পত্রিকা বিলি করতে দেখছি। সততা, সময়ানুবর্তিতা আর দায়িত্ববোধ দিয়ে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। ডিজিটাল যুগেও তিনি যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই অনুকরণীয়। প্রযুক্তির এই সময়ে অনেকেই পেশা বদলে ফেলেছেন। কিন্তু মোজাম্মেল হক এখনো সংবাদপত্রের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন। তাঁর মতো মানুষের কারণেই ছাপা পত্রিকার ঐতিহ্য আজও টিকে আছে।’
স্থানীয় সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু বলেন, ‘সংবাদপত্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার নেপথ্যের কারিগর হচ্ছেন মোজাম্মেল হকের মতো মানুষ। তিনি শুধু একজন হকার নন, সৈয়দপুরের সংবাদপত্র সংস্কৃতির জীবন্ত ইতিহাস। সময়ের পরিবর্তনে বদলে গেছে মানুষের পাঠাভ্যাস। কাগজের পাতা ছেড়ে খবর চলে এসেছে মুঠোফোনের পর্দায়। তবুও প্রতিদিন সূর্য ওঠার আগেই কাঁধে পত্রিকার ব্যাগ নিয়ে পথে নামেন মোজাম্মেল হক। বয়সের ভার, কমে যাওয়া আয় আর শারীরিক ক্লান্তি তাঁকে থামাতে পারেনি।
সৈয়দপুরের মানুষের কাছে মোজাম্মেল হক শুধু একজন পত্রিকা বিক্রেতা নন; তিনি একটি প্রজন্মের স্মৃতি, একটি শহরের সকালের প্রতিচ্ছবি এবং ছাপা সংবাদপত্রের গৌরবময় ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুক লাইভে উল্লাস করা ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদীন জিসান মুন্সী একজন ছাত্রলীগ কর্মী এবং তিনি জাহাঙ্গীর মুন্সির পুত্র। তার পৈতৃক বাড়ি মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামে অবস্থিত। তবে, তিনি দীর্ঘ সময় ধরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে তার নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।
পুলিশের সূত্রে জানা গেছে, জিসান বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে পুলিশের নজরদারিতে ছিলেন। এছাড়া, মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই থানায় হামলা ও ভাঙচুরের পর জিসানকে উল্লাস করতে দেখা যায়।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে জিসানকে গ্রেপ্তার করে।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে মামলাটি বিচারপ্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছাবে এবং রায় ঘোষণার দিন নির্ধারণ করা হবে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, যুক্তিতর্ক উপস্থাপনের কার্যক্রম ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
রোববার (২২ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল ২৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, মঙ্গলবার থেকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ১৯ নভেম্বর মামলার ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়।
রোববার আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি মামলা-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও একটি পেনড্রাইভে ভিডিও উপস্থাপন করেন। পরে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম তাকে জেরা করেন।
জেরার সময় পপি জানান, দাখিল করা নথিপত্রের সত্যতা তিনি ব্যক্তিগতভাবে যাচাই করেননি এবং পেনড্রাইভে থাকা ভিডিওগুলোও নিজে দেখেননি। আসামিপক্ষের পক্ষ থেকে আর কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না বলে জানানো হলে ট্রাইব্যুনাল যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন।
তিন অভিযোগে শতাধিক হত্যার অভিযোগ
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তিনটি পৃথক ঘটনায় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা রয়েছে।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতি ও সংশ্লিষ্টতা ছিল।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলা এবং সুন্দরবন-সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে মাসুদসহ প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনালের রায়ে।
যেভাবে শুরু হয় বিচার
গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৪ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
এরপর একে একে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল গত ১ অক্টোবর। দীর্ঘ জবানবন্দি ও আসামিপক্ষের জেরা শেষে ১৯ নভেম্বর তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
জিয়াউল আহসান এ মামলার একমাত্র আসামি। তিনি সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। নিরাপত্তাজনিত কারণে তিনি সাম্প্রতিক সময়ে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নিয়েছেন।
সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় এখন মামলার গুরুত্বপূর্ণ পর্যায় যুক্তিতর্ক উপস্থাপন। মঙ্গলবার রাষ্ট্রপক্ষ প্রথমে তাদের অভিযোগের পক্ষে যুক্তি তুলে ধরবে। এরপর আসামিপক্ষ নিজেদের বক্তব্য ও যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলার পরবর্তী বিচারিক পদক্ষেপ এবং রায় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। ফলে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে মামলাটি এখন চূড়ান্ত বিচারিক পর্যায়ের দিকে এগোচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বছরের শেষের দিকে কাজের চাপ থেকে কিছুটা বিরতি নিয়ে ভ্রমণের পরিকল্পনা করেন অনেকেই। শীতকাল ভ্রমণের জন্য অন্যতম সেরা সময় হিসেবে বিবেচিত হয়। মনোরম আবহাওয়া, বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য এবং সমুদ্রসৈকতের নির্মল পরিবেশ মিলিয়ে শীতের ছুটিতে ভ্রমণ স্মরণীয় হয়ে উঠতে পারে।
যদি আপনি বছরের শেষের দিকে কয়েক দিনের ছুটি কাটানোর পরিকল্পনা করেন, তাহলে ভারতের এই ১০টি জনপ্রিয় পর্যটনকেন্দ্র আপনার ভ্রমণতালিকায় রাখা যেতে পারে।
১. গুলমার্গ, জম্মু ও কাশ্মীর
শীতের সৌন্দর্য উপভোগের জন্য গুলমার্গ হতে পারে একটি অন্যতম সেরা গন্তব্য। বরফে ঢাকা পাহাড়, সাদা উপত্যকা এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। এখানে শীতকালে স্কিইংসহ বিভিন্ন তুষারক্রীড়ার সুযোগও রয়েছে।
২. মানালি, হিমাচল প্রদেশ
শীতের ছুটিতে পাহাড় ও বরফের সৌন্দর্য উপভোগের জন্য মানালি বরাবরই পর্যটকদের পছন্দের তালিকায় থাকে। পাইনবন, বরফে ঢাকা পাহাড় এবং মনোরম উপত্যকার পাশাপাশি সোলাং ভ্যালি, হাডিম্বা মন্দির ও রোহতাং অঞ্চলের আকর্ষণ পর্যটকদের টানে।
৩. ঋষিকেশ, উত্তরাখণ্ড
প্রকৃতি, আধ্যাত্মিকতা ও অ্যাডভেঞ্চারের মেলবন্ধন রয়েছে ঋষিকেশে। গঙ্গার তীরে সময় কাটানো, সন্ধ্যার গঙ্গা আরতি উপভোগ এবং রিভার রাফটিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ এখানে রয়েছে। পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য।
৪. জয়পুর, রাজস্থান
শীতকাল জয়পুর ভ্রমণের আদর্শ সময়গুলোর একটি। তুলনামূলক আরামদায়ক আবহাওয়ায় ঘুরে দেখা যায় আমের ফোর্ট, হাওয়া মহল, সিটি প্যালেস ও জলমহল। রাজস্থানি খাবার, ঐতিহ্যবাহী স্থাপত্য এবং রঙিন বাজার পর্যটকদের ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেয়।
৫. কচ্ছ, গুজরাট
প্রাকৃতিক সৌন্দর্যের ভিন্ন স্বাদ পেতে শীতকালে গুজরাতের কচ্ছ থেকে ঘুরে আসতে পারেন। এখানকার বিখ্যাত সাদা লবণাক্ত মরুভূমি বা হোয়াইট রণ পর্যটকদের বিশেষ আকর্ষণ। রণ উৎসবের সময়ে গেলে মরুভূমির সৌন্দর্যের পাশাপাশি লোকসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় হস্তশিল্প উপভোগের সুযোগ মেলে।
৬. গোয়া
সমুদ্রসৈকতে শীতের ছুটি কাটানোর জন্য গোয়া হতে পারে আদর্শ ঠিকানা। মনোরম আবহাওয়ায় সমুদ্রের ধারে সময় কাটানো, ওয়াটার স্পোর্টস এবং বিচ ক্যাফের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন পর্যটকেরা। পুরনো গির্জা, পর্তুগিজ স্থাপত্য ও স্থানীয় বাজারও ঘুরে দেখার মতো।
৭. মুন্নার, কেরলা
সবুজ পাহাড়, বিস্তীর্ণ চা-বাগান এবং মেঘে ঢাকা উপত্যকার জন্য বিখ্যাত মুন্নার। শীতের মনোরম আবহাওয়ায় এখানে প্রকৃতির কাছাকাছি নিরিবিলি সময় কাটানো যায়। এরাভিকুলাম জাতীয় উদ্যান, মাট্টুপেট্টি বাঁধ এবং চা-বাগান এখানকার উল্লেখযোগ্য আকর্ষণ।
৮. কুর্গ, কর্নাটক
প্রকৃতিপ্রেমীদের জন্য কুর্গ বা কোডাগু হতে পারে দারুণ একটি গন্তব্য। কফি বাগান, সবুজ পাহাড়, জলপ্রপাত এবং কুয়াশায় ঢাকা পথ এই এলাকার সৌন্দর্য বাড়িয়ে তোলে। অ্যাবে জলপ্রপাত, রাজা’স সিট এবং স্থানীয় কফি বাগান ঘুরে দেখতে পারেন পর্যটকেরা।
৯. তাওয়াং, অরুণাচল প্রদেশ
উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য তাওয়াং রাখতে পারেন আপনার ভ্রমণতালিকায়। বরফে ঢাকা পাহাড়, শান্ত উপত্যকা এবং ঐতিহাসিক বৌদ্ধ মঠ এখানকার অন্যতম আকর্ষণ। তাওয়াং মনাস্ট্রি ও সেলা পাস পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। তবে শীতকালে তুষারপাতের কারণে যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে।
১০. দার্জিলিং, পশ্চিমবঙ্গ
শীতের ছুটিতে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দার্জিলিং। কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, চা-বাগান, ঐতিহ্যবাহী টয় ট্রেন এবং পাহাড়ি পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা, বাতাসিয়া লুপ ঘুরে আসা কিংবা ম্যাল রোডে সময় কাটানো—সব মিলিয়ে দার্জিলিং হতে পারে শীতের ছুটির দারুণ ঠিকানা।
শীতের ভ্রমণে যাওয়ার আগে যা মনে রাখবেন
শীতকালে পাহাড়ি এলাকায় ভ্রমণের পরিকল্পনা করলে আবহাওয়ার পূর্বাভাস, রাস্তার অবস্থা এবং প্রয়োজনীয় অনুমতিপত্র সম্পর্কে আগে থেকেই জেনে নিন। বিশেষ করে তাওয়াং ও গুলমার্গের মতো বরফপ্রবণ এলাকায় গরম পোশাক ও প্রয়োজনীয় প্রস্তুতি রাখা জরুরি। পাশাপাশি হোটেল ও যাতায়াতের টিকিট আগেভাগে বুকিং করলে শেষ মুহূর্তের ঝামেলা এড়ানো সম্ভব।
প্রকৃতির অপার সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি কিংবা সমুদ্রের হাতছানি শীতের ছুটিতে ভারতের এই ১০টি গন্তব্যে মিলতে পারে ভিন্ন স্বাদের ভ্রমণ অভিজ্ঞতা। পছন্দ ও বাজেট অনুযায়ী বেছে নিন আপনার পরবর্তী ছুটির ঠিকানা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
থাইল্যান্ডে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আটটার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এছাড়াও, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে।
সূত্র আরও জানায়, আটক হওয়া বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তিনি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করতেন বলে তথ্য পাওয়া গেছে। সম্প্রতি তিনি দলীয় কর্মী-সমর্থকদের সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ