প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্মার্টফোনের এক স্পর্শে মুহূর্তেই দেশের এবং বিদেশের সব খবর পৌঁছে যাচ্ছে, কিন্তু ভোরের আলো ফোটার আগেই কাঁধে পত্রিকার ব্যাগ তুলে নেন এক প্রবীণ ব্যক্তি। শহরের অলিগলি, দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ এবং বাসাবাড়িতে হেঁটে হেঁটে পৌঁছে দেন দিনের প্রথম সংবাদ। দীর্ঘ সময় ধরে একই ছন্দে চলা এই মানুষটির নাম মোজাম্মেল হক। সৈয়দপুরের মানুষের কাছে তিনি পরিচিত একটি নাম।
নীলফামারীর সৈয়দপুর শহরের দিনাজপুর সড়কে অবস্থিত মণ্ডল পেপার হাউসে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। দীর্ঘশ্বাস ফেলে তিনি শোনান দীর্ঘ পথচলার গল্প।
মোজাম্মেল হকের বয়স ৬৫ বছর। তবুও থেমে নেই জীবনসংগ্রাম। জীবিকার তাগিদে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেন। এরপর সাইকেল চালিয়ে আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৈয়দপুর শহরে আসেন মো. মোজাম্মেল হক। কখনো ঝড়, কখনো বৃষ্টি, আবার কখনো প্রচণ্ড খরা- কোনো প্রতিকূলতাই তাঁকে দমাতে পারেনি। এভাবেই টানা ৩০ বছর ধরে পত্রিকা সরবরাহের কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি।
মোজাম্মেল হকের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বাঘাচোরা গ্রামে। তিনি দুই ছেলে এবং এক মেয়ে সন্তানের বাবা। সন্তানদের বিয়ে দিয়েছেন এবং তাঁরা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বয়সের ভার বাড়লেও পেশার প্রতি দায়িত্ববোধ এবং জীবনসংগ্রামের তাগিদে প্রতিদিনই তাঁকে ছুটতে হয় সৈয়দপুর শহরে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সৈয়দপুরের মণ্ডল পেপার হাউসে কর্মরত মোজাম্মেল হক বলেন, ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা সকালে আসে। প্রতিষ্ঠানটির কমিশন এজেন্ট হাজী মজেদুল হক মণ্ডলের অধীনে তিনি পত্রিকা সরবরাহের কাজ করেন। প্রয়োজন হলে পত্রিকা নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী শহরেও যেতে হয় তাঁকে।
মোজাম্মেল হক বলেন, ‘আমি যখন কাজ শুরু করি, তখন পত্রিকার সংখ্যা ছিল কম, হকারও ছিল হাতে গোনা কয়েকজন। প্রতিদিন ভোরে পত্রিকা সংগ্রহ করে বেরিয়ে পড়তাম। রোদ-বৃষ্টি, ঝড় কিংবা শীত-কোনো কিছুই আমাকে থামাতে পারেনি। মানুষের হাতে সময়মতো খবর পৌঁছে দেওয়াটাই ছিল আমার দায়িত্ব।’
একসময় সৈয়দপুর শহরের সকাল শুরু হতো পত্রিকার হকারদের হাঁকডাকে। জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা নিয়ে ছুটে বেড়াতেন তিনি। শহরের বহু পরিবারে সকালের চায়ের সঙ্গে খবরের কাগজ পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাঁর কাঁধে।
বর্তমানে তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে পত্রিকা সরবরাহ করেন। প্রতিদিন প্রায় ৩০০ কপি জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা বিক্রি করেন তিনি। তবে প্রযুক্তির বিকাশ এবং ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যমের প্রসারের কারণে আগের তুলনায় ছাপা পত্রিকার বিক্রি অনেক কমে গেছে।
পরিবারের কথাও জানালেন এই প্রবীণ হকার। তাঁর স্ত্রী একজন গৃহিণী। পত্রিকা বিক্রির আয় দিয়ে তিন সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন তিনি। ইতোমধ্যে দুই মেয়ের বিয়ে দিয়েছেন এবং এক ছেলে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
জীবনের দীর্ঘ সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘এই পত্রিকা বিক্রির টাকাতেই সংসার চালিয়েছি, সন্তানদের লেখাপড়া করিয়েছি। আগে মানুষ কাগজের জন্য অপেক্ষা করত, এখন মোবাইলেই খবর পড়ে। তাই আয় অনেক কমে গেছে। বয়সও হয়েছে, শরীর আর আগের মতো চলে না। পায়ে হেঁটে কাগজ বিক্রি করা এখন খুব কষ্ট হয়। তারপরও পেটের দায়ে আর এই পেশার প্রতি ভালোবাসা থেকে কাজটা করে যাচ্ছি। জীবনের বাকি সময়টাও এ পেশাতেই কাটিয়ে দিতে চাই।’
সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কথাসাহিত্যিক আব্দুল হাফিজ বলেন, ‘মোজাম্মেল হককে অনেক দিন থেকেই পত্রিকা বিলি করতে দেখছি। সততা, সময়ানুবর্তিতা আর দায়িত্ববোধ দিয়ে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। ডিজিটাল যুগেও তিনি যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই অনুকরণীয়। প্রযুক্তির এই সময়ে অনেকেই পেশা বদলে ফেলেছেন। কিন্তু মোজাম্মেল হক এখনো সংবাদপত্রের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন। তাঁর মতো মানুষের কারণেই ছাপা পত্রিকার ঐতিহ্য আজও টিকে আছে।’
স্থানীয় সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু বলেন, ‘সংবাদপত্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার নেপথ্যের কারিগর হচ্ছেন মোজাম্মেল হকের মতো মানুষ। তিনি শুধু একজন হকার নন, সৈয়দপুরের সংবাদপত্র সংস্কৃতির জীবন্ত ইতিহাস। সময়ের পরিবর্তনে বদলে গেছে মানুষের পাঠাভ্যাস। কাগজের পাতা ছেড়ে খবর চলে এসেছে মুঠোফোনের পর্দায়। তবুও প্রতিদিন সূর্য ওঠার আগেই কাঁধে পত্রিকার ব্যাগ নিয়ে পথে নামেন মোজাম্মেল হক। বয়সের ভার, কমে যাওয়া আয় আর শারীরিক ক্লান্তি তাঁকে থামাতে পারেনি।
সৈয়দপুরের মানুষের কাছে মোজাম্মেল হক শুধু একজন পত্রিকা বিক্রেতা নন; তিনি একটি প্রজন্মের স্মৃতি, একটি শহরের সকালের প্রতিচ্ছবি এবং ছাপা সংবাদপত্রের গৌরবময় ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন