০৪:৩৯ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৮ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের ৫ নম্বর পুল বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় ওয়াশিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এ সময় কিছু মানুষ সাপটিকে মেরে ফেলার চেষ্টা করেন। পরে, সচেতন এলাকার বাসিন্দারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বাবুল রবিদাস গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৮ ফুট এবং ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি, এমনটাই জানিয়েছেন উদ্ধারকারীরা। পরে অজগরটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেছেন, সাপটি দেখতে পেয়ে স্থানীয় কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ সাপটিকে মেরে ফেলার চেষ্টা করতে থাকেন। খবর পেয়ে আমরা গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। এটি একটি বড় আকারের অজগর, যার দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি। তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন