ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩


নারায়ণগঞ্জে শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যার পরিকল্পনা ও জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন।

 

গ্রেপ্তারকৃত তিনজন হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), একই এলাকার সিয়াম আহমেদ সিজান (২১) এবং মো. সোহান (২৪)।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এসব তথ্য প্রকাশ করেন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে রাস্তা থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। সেই সময় সেখানে গুলির খোসা এবং পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

 

নিহত শুভ গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। প্রাথমিক তদন্তে আমাদের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে শুভকে হত্যা করা হয়েছে।

হাসিনুজ্জামান আরও জানান, প্রধান আসামি অনিককে গ্রেপ্তার করতে পারলে হত্যার প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হবে।

 

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার দিনের সফরে ফ্রান্স গেলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


চার দিনের সফরে ফ্রান্স গেলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং চার দিনের সফরে ফ্রান্সে গেছেন। সফরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শীর্ষ বৈঠকে নিরাপত্তা, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়োনহাপ সংবাদ সংস্থা।

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতা নিরাপত্তা, অর্থনীতি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপ জানিয়েছে, আসন্ন শীর্ষ বৈঠকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা এবং হরমুজ প্রণালীতে সেনা মোতায়েনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

গত এপ্রিলে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দক্ষিণ কোরিয়া সফরের কয়েক মাস পর লি জে মিয়ংয়ের এই ফ্রান্স সফর অনুষ্ঠিত হচ্ছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন চুক্তির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


মার্কিন চুক্তির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

মার্কিন মধ্যস্থতায় তৈরি কাঠামো চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন।

রবিবার সকালে সংঘটিত এসব হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশুদেরও অন্তর্ভুক্ত রয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই তথ্য এক প্রতিবেদনে প্রকাশ করেছে

আনাদোলু এজেন্সি

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি কার্যক্রম কেন্দ্র জানায়, নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় হামলায় দু’জন নিহত এবং দু’জন আহত হয়েছেন। নাবাতিয়েহ শহরের আল-রাহিবাত মহল্লায় হামলায় এক নারী ও এক কিশোরীসহ আটজন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, আরব সালিম এলাকায় হামলায় দুজন নারী নিহত এবং দুজন কিশোরীসহ ছয়জন আহত হয়েছেন। এছাড়া কাফার রেম্মানে চারজন নারী আহত হয়েছেন।

এর আগে, লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান আরব সালিমের একটি বাড়িতে হামলা চালালে দুজন নারী নিহত এবং ছয়জন আহত হন। আহতদের নাবাতিয়েহ এলাকার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এনএনএর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আরব সালিমের আরেকটি বাড়িতে হামলা চালিয়ে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়।

ভোর থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে বলেও জানায় সংস্থাটি। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে নাবাতিয়েহ জেলার কাফার রেম্মান এলাকার সাবেক মেয়র আলি মোয়াল্লেমের বাড়িও ছিল, যেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, তারা একটি ড্রোন শনাক্ত করে আটক করেছে। তাদের অভিযোগ, ড্রোনটি দক্ষিণ লেবাননের একটি ‘নিরাপত্তা অঞ্চলে’ অবস্থানরত ইসরায়েলি বাহিনীর দিকে হিজবুল্লাহ পাঠিয়েছিল। এর পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়ে উঠেছে।

গত ২৬ জুন স্বাক্ষরিত মার্কিন-সমর্থিত কাঠামো চুক্তির মধ্যেই এসব হামলা চলছে। চুক্তির আওতায়, লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিনিময়ে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের ব্যবস্থা রয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৫৮ জন নিহত এবং ১২ হাজার ৩৫৯ জন আহত হয়েছেন। এই সময়ের মধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এয়ারবাস কেনার বিষয়টি গুরুত্বসহকারে নেওয়ার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


এয়ারবাস কেনার বিষয়টি গুরুত্বসহকারে নেওয়ার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের উড়োজাহাজ কেনার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়টিও গুরুত্বসহকারে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রবিবার (৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ইইউভুক্ত ২৭ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশে সব ক্ষেত্রে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। 

এয়ারবাস কেনার বিষয়টি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার অংশ কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দৃষ্টিতে এয়ারবাসের একটি অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক অফার রয়েছে। এটিকে খুব গুরুত্বসহকারে নেওয়া উচিত এবং আমরা এয়ারবাস ও বিমানের মধ্যে খুব দ্রুত আলোচনা সমাপ্তির প্রত্যাশা করছি।

মাইকেল মিলার বলেন, আমরা অনুরোধ করছি তা হলো সব ক্ষেত্রে একটি লেভেল প্লেয়িং ফিল্ড। সুতরাং যদি আপনার কোনো সরকারি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা যেন বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয় এবং আমাদের কোম্পানিগুলো যেন যেকোনো দেশের কোম্পানির সঙ্গে তাদের সাধ্যমতো সর্বোত্তম প্রতিযোগিতা করতে পারে।

বৈঠকে বিএনপি সরকারের ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করতে সরকারের অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়। ইইউর পক্ষ থেকে এর আগে বাংলাদেশের বাণিজ্যে ৬১টি অশুল্ক বাধার কথা বলা হয়েছিল। এর মধ্যে ছয় মাসে ৪৮টি পুরোপুরি দূর করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে ৬১টি প্রতিবন্ধকতা ছিল। তার মধ্যে ৪৮টি পুরোপুরি সমাধান হয়েছে, বাকিগুলো সমাধানের চেষ্টা করছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে চলতি বছরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এলডিসি গ্র্যাজুয়েশন তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ আবেদন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন আমরা তো তিন বছর পেছানোর জন্য আবেদন করেছি। ইতোমধ্যে জাতিসংঘের দুইটা- মানে এই প্রসেসের দুইটা প্রক্রিয়া আমরা শেষ করেছি আর এই প্রক্রিয়ার দুইটা ধাপ আমরা অতিক্রম করেছি- ইউএন সিডিপি আর ইকোসকো।

তিনি আরও বলেন, আর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এটা উত্থাপিত হলে আমরা আশা করছি ইউরোপিয়ান ইউনিয়নের সম্মতি পাব। এটিই তাদের সমর্থন। এদিকে, চলতি সপ্তাহের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হবে বলেও জানান রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় বিষয়ে এ নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা, ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে জনগণকে আরও সচেতন করতে হবে।

প্রধানমন্ত্রী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের যুক্ত করার নির্দেশ দেন।

তিনি বলেন, তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ের জনগণকে যুক্ত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসুবিধা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। হাসপাতালের ভর্তি ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়েও আলোচনা হয়, যাতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠে এর প্রতিফলন থাকতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপকভাবে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%