ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জন্মদিনেই ‘মৃত্যুর’ গুজব ছড়াল হলিউড তারকার


জন্মদিনেই ‘মৃত্যুর’ গুজব ছড়াল হলিউড তারকার

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা অ্যারন পলের ৪৭তম জন্মদিনের উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ২৭ আগস্ট, তার জন্মদিনের দিন, ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তার পাশাপাশি একটি অপ্রত্যাশিত বিভ্রান্তি সৃষ্টি হয়। কিছু পোস্টে এমনভাবে উপস্থাপন করা হয়, যা দেখে অনেকেই মনে করেন অ্যারন পল আর বেঁচে নেই।

তবে, অভিনেতার মৃত্যুর খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। অ্যারন পল সম্পূর্ণ সুস্থ আছেন এবং সম্প্রতি নিজের ৪৭তম জন্মদিন উদযাপন করেছেন।

জানা গেছে, জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু শুভেচ্ছাবার্তার নকশা এবং উপস্থাপন ছিল অনেকটা কোনো তারকার মৃত্যুর পর প্রকাশিত শোকবার্তার মতো। এসব পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ার ফলে বিভ্রান্তি তৈরি হয়। কিছু ব্যবহারকারী পোস্টগুলোর প্রকৃত অর্থ যাচাই না করেই অভিনেতার মৃত্যুর খবর হিসেবে ধরে নেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

অ্যারন পল ‘ব্রেকিং ব্যাড’ ধারাবাহিকে জেসি পিঙ্কম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। এই চরিত্রটি দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, পরবর্তী সময়ে এটি তার ক্যারিয়ারের অন্যতম পরিচয় হয়ে দাঁড়ায়।

সাম্প্রতিক সময়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতার কার্যকলাপ বেশ নীরব ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশিত হয়। সেই পোস্টে অ্যারন পল অনুসারীদের উদ্দেশে জানান, ‘আপাতত বিদায় আমার বন্ধুরা। আমার একঘেয়েমি কমিয়ে আরও অনুপ্রাণিত হওয়া দরকার। আমি ফোন দূরে সরিয়ে রেখে সেটাই করতে যাচ্ছি। সবার জন্য ভালোবাসা।’

দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার তেমন সক্রিয়তা না থাকাও সম্ভবত মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বিভ্রান্তি বাড়িয়ে দেয়। তবে, তার মৃত্যুর বিষয়ে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন। জন্মদিনের দিনেই গুজবের কেন্দ্রবিন্দুতে চলে আসা এই হলিউড তারকা বর্তমানে সুস্থ ও জীবিত আছেন।

সূত্র :

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না: এমপি শহিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না: এমপি শহিদুল ইসলাম

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল মন্তব্য করেছেন যে, সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না। তিনি উল্লেখ করেন যে, সাংবাদিকতা করার পাশাপাশি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা উচিত নয়।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে ভাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিজ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভাটি রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘সাংবাদিকদের আচার-আচরণ, চলনে-বলনে ন্যূনতম বাতাবরণ থাকতে হবে। আপনারা এলাকার ইতিবাচক খবরের ওপরও গুরুত্ব দেবেন। একটি এলাকার ভাবমূর্তি অনেকাংশে আপনাদের সংবাদ পরিবেশনের ওপর নির্ভর করে। পাশাপাশি সাংবাদিকতায় সততা বজায় রাখতে হবে।’

চাঁদাবাজির বিষয়েও তিনি মন্তব্য করেন, ‘আমার নির্বাচনি এলাকায় কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটলে আপনারা আমাকে তথ্য দেবেন। এমনকি আমাদের দলের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলেও জানাবেন। পরিচয় গোপন রেখে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি, জুয়া ও মাদককে যারা পৃষ্ঠপোষকতা করে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমার দলের বা ঘনিষ্ঠ কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।’

এমপি শহিদুল ইসলাম বাবুল জানান, গত ছয় মাসে ভাঙ্গায় বেশ কিছু উন্নয়নকাজ দৃশ্যমান হয়েছে। ছয়টি বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রসহ ভবন নির্মাণে মোট ৪৮ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এছাড়া ৪০টি সড়ক নির্মাণের কাজ চলছে এবং আরও ৪৩টি সড়কের কাজ অনুমোদন হয়েছে।

তিনি উল্লেখ করেন, এলাকার দীর্ঘদিনের দাবি ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনাপ্রবণ ভাঙ্গায় ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। সদরপুরে নদীভাঙন রোধেও কাজ চলছে।

মতবিনিময় সভায় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বক্তব্য দেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সভায় সাংবাদিকদের জন্য জায়গাসহ একটি প্রেসক্লাব ভবন নির্মাণের আশ্বাস দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমানে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


ওমানে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

ওমানের সামাইলে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) রাতে এই দুর্ঘটনাটি ঘটে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, সামাইলের ওয়াদি বানি রাওয়াহা এলাকায় মাস্কাটগামী সুলতান থুওয়াইনি বিন সাঈদ সড়কে একটি ট্রাক এবং একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে, পুলিশ ওই এলাকার দিকে আসা গাড়িচালকদের সতর্ক থাকার জন্য আহ্বান জানালেও, তখন হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে শনিবার সকালে, পরবর্তী এক হালনাগাদে পুলিশ ছয়জনের মৃত্যুর পাশাপাশি ১৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার স্থানটি সামাইলের আল মাহাল এলাকা হিসেবে উল্লেখ করা হয় পরবর্তী বিবৃতিতে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সাউথ আল বাতিনাহ গভর্নরেট নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

সূত্র: গাল্ফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান

ভারত যদি শেখ হাসিনা, ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সঠিক মনোভাব ব্যক্ত করে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই সফরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফরে যাবেন। যদি তারা শেখ হাসিনা, ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সঠিক মনোভাব ব্যক্ত করে।

রাশেদ খান বলেন, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের জনগণের স্বার্থ দেখতে হবে। ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল, বেরোবি প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শুভ কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুশাইদ আহমেদ দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন শ্রাবণ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক ভাস্কর রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মাশফিকুল হাসান, অর্থ সম্পাদক খাদিজা আক্তার রিমু, দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রাহেল ইসলাম শাওন এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ইউনুচ রাতুল।

এ ছাড়া সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক হয়েছেন মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, উপ-প্রচার সম্পাদক মিঠুন সরকার এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জসীম মিয়া। সম্পাদকীয় পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বখতিয়ার নাসিফ আহমেদ ও সমাপ্ত সরকার। কার্যনির্বাহী সদস্য হয়েছেন ফারহানা মীম ও ফিরোজ কবির।

সংগঠন সূত্রে জানা যায়, তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা, লেখনী দক্ষতা বিকাশ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে চিন্তা ও মতপ্রকাশের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কাজ করছে। বেরোবি শাখাটিও শিক্ষার্থীদের লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক চর্চায় সম্পৃক্ত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নতুন কমিটির সভাপতি শুভ কর্মকার বলেন, “সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পরের সহযোগিতা ও প্রচেষ্টায় সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা ও বিশ্বাস রাখি।”

সাধারণ সম্পাদক রুশাইদ আহমেদ বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই মননশীল শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশকে লেখালেখির মাধ্যমে ত্বরান্বিত করছে তরুণ কলাম লেখক ফোরাম, বেরোবি শাখা। আমাদের নতুন কমিটি সেই কার্যক্রমকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।”

নতুন কমিটির দায়িত্বশীলরা জানান, দায়িত্ব নেওয়ার পর সংগঠনের নিয়মিত কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখির সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া পাঠচক্র, সাহিত্য ভিত্তিক আয়োজন ও প্রশিক্ষণ মূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিটির মাধ্যমে ক্যাম্পাসে তরুণদের লেখালেখি ও পাঠচর্চার পরিসর আরও বিস্তৃত করার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে যুক্তি নির্ভর চিন্তা ও মত প্রকাশের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করা এবং তাদের লেখনী দক্ষতা বিকাশে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখাও ক্যাম্পাসে লেখালেখি ও মননশীল চর্চার পরিবেশ তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%