০৮:২২ এম
সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার কারণে রাজশাহী নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার পরে একাধিক ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে দেখা গেছে। অনেক জারকিন নিয়ে তেল কিনতে এসেছেন।
রাজশাহী জেলা প্রশাসন এবং রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতি জানায়, জ্বালানি তেলের কোন সংকট নেই। জেলা প্রশাসন এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার জন্য আহ্বান জানানো হয়েছে।
নগরীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, তেলের সরবরাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে রাত ৮টার দিকে হঠাৎ মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় কিছু পাম্পে দীর্ঘ সারির সৃষ্টি হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার
তেল নিতে আসা বিভিন্ন মোটরসাইকেল চালকরা জানান, ফেসবুকে জ্বালানি তেলের সংকট ও বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড়ের ছবি দেখে তারা আগেভাগে বেশি পরিমাণে তেল কিনতে এসেছেন। তাদের মধ্যে একটি দুশ্চিন্তা ছিল যে, পরে হয়তো তেল পাওয়া কঠিন হয়ে যেতে পারে।
অন্যদিকে অনেকের মতামত হলো, ফিলিং স্টেশনের সামনে অস্বাভাবিক ভিড় দেখে আরও মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে আসছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আছে। গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মমিনুল হক বলেন, রাত ৮টার পরে গ্রাহকের চাপ একদম বেড়ে যায়। তবে তিনি নিশ্চিত করেন, রাজশাহীতে জ্বালানি তেলের কোন সংকট নেই। পর্যাপ্ত সরবরাহ প্রাপ্তির পাশাপাশি মঙ্গলবারও বিভিন্ন পাম্পে তেলের ট্যাংকার পৌঁছেছে।
আরও পড়ুন: বৃহস্পতিবার সিলেটের কিছু এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন