ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হামলা হলে পুরো অঞ্চলকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের


হামলা হলে পুরো অঞ্চলকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে আবারও কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন, ইরানের ওপর যে কোনো হামলার জবাব কেবল হামলার উৎসেই সীমাবদ্ধ থাকবে না; পুরো অঞ্চলকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রকে ‘বোকামি না করার’ পরামর্শও দিয়েছেন। একই সঙ্গে, ওয়াশিংটনের চাপ ও নৌ অবরোধ অব্যাহত থাকলে, হরমুজ প্রণালির পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। খবরটি আল জাজিরার আধারে প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি উল্লেখ করেছেন, শত্রুপক্ষের কোনো সম্ভাব্য হামলার জবাব শুধু পারস্য উপসাগর অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। ইরান সেখান থেকে হামলা চালানোর সব সামরিক ঘাঁটি এবং হামলার উৎসস্থলগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে।

এর আগে, ইরানের শীর্ষ নেতৃত্বও সতর্ক করে বলেছিল যে, দেশের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে, এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

রেজায়ির দাবির বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মনে করছে বাজার বন্ধ থাকার দুই দিনের মধ্যেই ইরানের ওপর ব্যাপক হামলা চালিয়ে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব। তিনি মন্তব্য করেছেন, গত সপ্তাহে ওয়াশিংটন সফর করা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন ধারণা দিয়েছেন।

তিনি আরও বলেছেন, ‘ইরানে হামলা হলে পুরো অঞ্চল ও এর স্থাপনাগুলোকে আমরা প্রস্তর যুগে ফিরিয়ে দেব। এমন বোকামি না করাই আপনার জন্য ভালো হবে।’

অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হুমকি ও নৌ অবরোধ অব্যাহত রাখে, তবে তেহরান হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ আরও কঠোর করবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালি ও সমুদ্রপথও বন্ধ করে দেওয়া হতে পারে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও যুদ্ধংদেহী অবস্থান অব্যাহত থাকলে হরমুজ প্রণালির অবরোধ আরও জোরদার করা হবে এবং অন্যান্য সমুদ্রপথ বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

জোলঘাদর সতর্ক করে বলেন, এমন পরিস্থিতির মূল্য দিতে হবে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং মার্কিন ভোটারদের।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই, তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর পর পাঁচ মাসেরও বেশি সময় ধরে প্রণালিটি বন্ধ রয়েছে। একসময় বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবাহিত হত। প্রণালিটি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং জ্বালানির দামও বেড়েছে।

অন্যদিকে, গত মাসে ইরানের মিত্র ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে অবরোধের ঘোষণা দেয়। এর ফলে, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে যে জাহাজগুলো লোহিত সাগর ব্যবহার করছিল, সেগুলোর চলাচলও নতুন করে বাধাগ্রস্ত হয়েছে। গত জুন মাসে সৌদি আরব লোহিত সাগর হয়ে প্রতিদিন প্রায় ৪১ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছিল।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এফবিসিসিআইয়ের প্রশাসক পদে মো. ফজলুল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


এফবিসিসিআইয়ের প্রশাসক পদে মো. ফজলুল হক

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলुल হক আজ দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গত ২৬ জুলাই জারি করা এক অফিস আদেশের মাধ্যমে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বাণিজ্য, ব্যবসা ও শিল্পখাতের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে মো. ফজলুল হককে এফবিসিসিআই’র প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগটি ট্রেড অর্গানাইজেশনস আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইর একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে দায়িত্ব হস্তান্তরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের নিয়োগাদেশ অনুসারে মো. ফজলুল হক আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

প্রবীণ এই ব্যবসায়ী নেতা এর আগে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে দেশের তৈরি পোশাকের নিটওয়্যার খাতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালীগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে

সাতক্ষীরার কালীগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন করার পর এক সাংবাদিকের কাছে ৪ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছে। ঘুষ না দেওয়ায় সাংবাদিককে লাঞ্ছিত, দুর্ব্যবহার ও হুমকি দেওয়া হয়েছে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মিলন কুমার সাহার হস্তক্ষেপে উক্ত সাংবাদিক আরাফাত হোসেনের মোবাইল ফোনটি অফিসে ডেকে উপস্থিত সাংবাদিকদের মাঝে ফেরত দেওয়া হয়। এছাড়া তথ্য অধিকার আইনে তার কাছে আবেদন করতে বলা হয়। রবিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পিআইও অফিসের সামনে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে দৈনিক আলোকিত সকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দক্ষিণের মশালের স্টাফ রিপোর্টার আরাফাত হোসেন তার অভিযোগ জানানোর পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের ধারণ করা ভিডিওতে বিভিন্ন তথ্য ও অভিযোগ উঠে এসেছে। সাংবাদিক আরাফাত হোসেন বলেছেন, “২০২৪-২৫-২৬ অর্থবছরে উপজেলার বিভিন্ন প্রকল্পের বাজেট ও ব্যয়, প্রকল্প সংক্রান্ত তথ্য জানতে আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের অফিসে গিয়ে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিই।” পরে তিনি খোঁজাখুঁজির নামে আমার কাছে ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে তার পার্সোনাল গাড়ির চালক আরশাদ আলী এবং অফিস সহকারী চন্দ্রকান্ত ঘোষ, মিলে আমাকে লাঞ্ছিত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অফিস চত্বরে চলে যান।

তারপর আমি উপস্থিত সাংবাদিকদের সামনে ঘুষ এবং আবেদন জমা না নেওয়ার বিষয়টি জানতে চাইলে তারা হুমকি দিয়ে দ্রুত আরশাদের মোটরসাইকেল মাধ্যমে অফিস চত্বর থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তার অফিসে ডেকে আমার ছিনতাইকৃত মোবাইল ফোন ফেরত দিলেও ঘুষখোর মফিজের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। কালীগঞ্জের সাংবাদিকরা বলেছেন, “তথ্য অধিকার আইন একটি সাংবিধানিক বিষয়। সে অনুযায়ী একজন নাগরিক হিসাবে প্রত্যেকের তথ্য চাওয়া এবং তা পাওয়ার অধিকার থাকলেও পিআইও মফিজের এমন আচরণ স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় তথ্য অধিকার আইন ২০০৯ বাতিলের দাবি করা হয়েছে।”

পিআইও মফিজুর রহমান কালিগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলা জুড়ে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির কারণে সুষ্ঠুভাবে কোন প্রকল্পের কাজ সম্পন্ন হয়নি। শোনা যাচ্ছে, বিভিন্ন প্রকল্পে আগে ১০-১৫ পার্সেন্ট না দিলে প্রকল্পের বিল দেওয়া হয় না। মসজিদ, মন্দির, মাদ্রাসাকেও এই নিয়মের আওতায় আনা হয়েছে। উপজেলাব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে নামমাত্র তদারকি ছাড়া শুধুমাত্র পার্সেন্টেজই কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজন। যার ফলে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে এভাবে প্রকল্পের টাকা হরি লুটের ভাগাভাগি করে চললেও দেখার কেউ নেই। বর্তমানে পিআইও মফিজের নীতির মাধ্যমে কালিগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী দেবহাটা উপজেলায়ও এই মহাগ্লানি ও ঘুষের উৎসব চলছে। ঘুষখোর পিআইও মফিজের পূর্বেও যে সমস্ত জেলা ও উপজেলায় কর্মরত ছিলেন, সেখানেও তিনি মিস্টার পার্সেন্টেজ ও মহা ঘুষখোর হিসেবে গণমাধ্যমের শিরোনামে এসেছেন এবং এখানেও তার আচরণ আলোকপাতের বাইরে নয়। তার আগের ঘুষের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকার রিপোর্ট উদ্ভাসিত হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারা কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু ঘটেছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এখন ৫৬ জনে পৌঁছে গেছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের মধ্যে একজন খুলনা বিভাগের বাসিন্দা এবং অন্যজন বরিশাল বিভাগের।

অন্যদিকে, একই সময়ে নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগের ৩৬ জন, চট্টগ্রাম বিভাগের ৪৯ জন, খুলনা বিভাগের ৮১ জন, রাজশাহী বিভাগের ২৯ জন, রংপুর বিভাগের ১৬ জন, বরিশাল বিভাগের ৫৪ জন এবং সিলেট বিভাগের ৪ জন রোগী রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন আরও বলছে, চলতি বছরের ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৬ হাজার ৭৪ জন, ময়মনসিংহ বিভাগের ৬৮৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৭৮৯ জন, খুলনা বিভাগের ২ হাজার ৬৪ জন, রাজশাহী বিভাগের ৬১২ জন, রংপুর বিভাগের ৩৪৮ জন, বরিশাল বিভাগের ৩ হাজার ৪২৫ জন এবং সিলেট বিভাগের ১০৩ জন।

এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৯৩০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি আছেন ১ হাজার ১১৮ জন রোগী।

এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই: রহমাতুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই: রহমাতুল্লাহ

পরিবেশের ভারসাম্য রক্ষা করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বারা নির্দেশিত দেশের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির যে গ্রহণ করা হয়েছে সেটির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২ আগস্ট) বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন হাইস্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন। এ সময়, বিদ্যালয়ের প্রাঙ্গণসহ নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির প্রায় ১০০টি গাছের চারা রোপণ করা হয়।

রহমাতুল্লাহ বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবন ও জীবিকার ওপর এর সরাসরি প্রভাব পড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি ও নানা প্রকারের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। সে কারণে, এসব ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে দেশে ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসা প্রয়োজন।

রহমাতুল্লাহ যোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বৃক্ষরোপণের জন্য গুরুত্বপূর্ণ স্থান। শিক্ষার্থীদের মধ্যে যদি পরিবেশ সচেতনতা তৈরি করা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ রক্ষায় আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে তাদের নিজ নিজ এলাকার বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

সাংবাদিক মো: ইমন খন্দকার হৃদয়ের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড মিশন হাই স্কুলের প্রধান শিক্ষক ফাদার জন (এসপিবি), বরিশাল মহানগর বিএনপির সদস্য মো: জাহিদুর রহমান রিপন, বাংলাদেশ গ্রীন ভলানটারী অর্গানাইজেশনের সভাপতি মো: আলমগীর হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারিক সুলাইমান, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, নগর যুবদল নেতা মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ আল মামুন, সদ্য সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, মহানগর ছাত্রদল নেতা হাজিক দাঈয়ান ইশতী, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবিন, এবং ছাত্রদল নেত্রী অনন্যা কবির প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%