ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন মার্কিন নিষেধাজ্ঞায় কোনো ফল হবে না : ইরান


নতুন মার্কিন নিষেধাজ্ঞায় কোনো ফল হবে না : ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে কোনো ফল আসবে না। এর আগে ওয়াশিংটন ইরানের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা প্রকাশ করেছে।

যুদ্ধ শুরু হওয়ার প্রায় ছয় মাস পরেও দুই পক্ষের মধ্যে অচলাবস্থা বিরাজ করছে। ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রেখেছে, অন্যদিকে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রেখেছে।

এ খবরটি তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

যুদ্ধের প্রভাব নিয়ে দেশে রাজনৈতিক চাপের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ থেকে সরে এসে অর্থনৈতিক চাপের দিকে ঝুঁকছেন। তিনি নিষেধাজ্ঞা বাড়ানোর পাশাপাশি এতে যোগ না দেওয়া দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছেন।

তবে কয়েক দশকের নিষেধাজ্ঞা সামলে আসা ইরান এখনো অনড় রয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এই চাপ মোকাবিলার জন্য তাদের দুই বছরের পরিকল্পনা রয়েছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার বলেন, “এই পর্যায়ে অর্থনৈতিক চাপ দিয়ে আমেরিকা কোনো কিছু অর্জন করতে পারবে না। যুদ্ধেও তারা কিছু অর্জন করতে পারেনি।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত যেভাবে করেছি, সেভাবেই অর্থনৈতিক চাপের বিরুদ্ধে আমরা দৃঢ় থাকব এবং তা অব্যাহত রাখব।”

আরও পড়ুন: কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী

এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, যুদ্ধের সময় দুর্বল হয়ে পড়া সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করেছে সেনাবাহিনী।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সব অস্ত্রব্যবস্থার পুনর্নির্মাণ এবং বিদেশ থেকে নতুন সরঞ্জাম আমদানি করা হয়েছে।

সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে, দেশটির প্রায় ১০০ শতাংশ সামরিক কারখানা ধ্বংস করেছে এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে কবর দিয়েছে।’

বেসেন্ট আরও বলেন, নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করে বর্ধিত মাধ্যমিক নিষেধাজ্ঞার আওতায় ইরানের ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল ও নৌপরিবহন খাতকে লক্ষ্যবস্তু করা হবে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

-‘তাড়াহুড়ো করছি না’-

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তারা ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করার অঙ্গীকার করে এবং তেহরানের সরকার উৎখাতের হুমকিও দেয়।

ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা হামলা চালায় এবং তেল ও গ্যাসের বৈশ্বিক সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। পণ্যবাহী জাহাজগুলো বড় বাজারে পৌঁছাতে পারছে না। এতে তেলের দাম বেড়েছে এবং নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে।

আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে

ট্রাম্প প্রায়ই বলেন, একটি চুক্তি খুব কাছাকাছি। তবে পরে তিনি কূটনীতি থেকে সরে আসেন।

ইরানের সঙ্গে আলোচনার জন্য কত সময় দিচ্ছেনÑবুধবার আলজাজিরার এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার কোনো সময়সীমা নেই, একেবারেই নেই। আমি তাড়াহুড়ো করছি না। আমার কোনো সময়সীমাই নেই।”

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করেছেন।

তিনি বলেন, “আমি আপনাদের বলছিÑকোনো চুক্তি হতে পারে না।” ইরানের নেতাদের তিনি ‘বর্বর’ বলেও অভিহিত করেন।

আরও পড়ুন: যশোরের বাঘারপাড়া আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

-‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’-

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে অবরুদ্ধ হরমুজ প্রণালী। ইরান বলছে, যুক্তরাষ্ট্র তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলবে না। প্রণালী পার হওয়ার চেষ্টা করা জাহাজগুলোতেও তারা প্রায়ই হামলা চালিয়েছে।

তেহরান আরও জানিয়েছে, প্রণালী ব্যবহারের জন্য তারা ফি নেওয়ার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলের অন্যান্য দেশ এর তীব্র বিরোধিতা করছে।

ট্রাম্প দাবি করছেন, হরমুজ প্রণালীর ওপর মার্কিন নৌবাহিনীর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। এমনকি তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলেও অভিহিত করেছেন। তবে সেখানে জাহাজ চলাচল যুদ্ধের আগের মাত্রার তুলনায় অনেক কম রয়েছে।

আরও পড়ুন: মাকে দেখতে হাসপাতালে গিয়ে আর ফেরা হলো না ১৫ বছরের সামিয়ার

ইরানের বিপরীত পাশে অবস্থিত ওমান তেহরানের সঙ্গে একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে আলোচনা করছে।

এর মাধ্যমে জাহাজ চলাচল আবার শুরু করার সুযোগ তৈরি হবে।

বুধবার ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, ওমানের সঙ্গে আলোচনায় দুই দেশ প্রণালীর ব্যবস্থাপনা থেকে আদায় করা যেকোনো রাজস্ব ভাগাভাগি করতে সম্মত হয়েছে। চুক্তিটি চূড়ান্ত করার কাজে যুক্তরাষ্ট্র ‘বাধা সৃষ্টি করছে’ বলেও অভিযোগ করেছে তারা।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার বলেন, তিনি আশা করছেন, তার দেশ ও ইরান ‘শিগগিরই’ অস্থায়ী নৌপথ চালুর ঘোষণা দেবে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে চুক্তি হলে সেটির বিকল্প হিসেবে একটি স্থায়ী নৌপথ নিয়ে আলোচনার জন্য ইরান ও ওমান ৩০ থেকে ৬০ দিন সময় পাবে।

তিনি আরও বলেন, আলোচনায় রেভল্যুশনারি গার্ডসও যুক্ত রয়েছে। আলোচনায় থাকা মানচিত্রগুলো সশস্ত্র বাহিনী তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস এবং অনুপ্রেরণা।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন যে কোনো আন্দোলন ও সংগ্রামের মূল অনুপ্রেরণা। তিনি জীবনের প্রতিটি পর্যায়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন।

তিনি আরও উল্লেখ করেন, কাজী নজরুল আমাদেরকে অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। নজরুল ছিলেন যে কোনো আন্দোলন-সংগ্রামের প্রধান অনুপ্রেরণার উৎস।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান পর্যন্ত কাজী নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে কাজী নজরুলের বাণী আমাদের শিক্ষা দেয়।

রুহুল কবির রিজভী আরও বলেন, কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের শক্তির একটি উৎস। আজকের ৫০তম মৃত্যুবার্ষিকীতে আমি এবং আমার দল তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

রিজভী বলেন, কাজী নজরুলের মতো মহীরুহ প্রতিভার চর্চা ও অনুশীলন দেশে আবার শুরু হয়েছে। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা। তাঁর লেখনি, সাহিত্যকর্ম এবং বাণী আমাদের পথ চলতে সাহায্য করে। নজরুল আমাদেরকে নির্ভীক করে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে।

কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ।

উল্লেখ্য, কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। তিনি শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হয়েছেন।

কবি কাজী নজরুল ইসলাম মাত্র ২৩ বছর সৃষ্টিশীল ছিলেন। তাঁর সাহিত্যজীবনের এই ২৩ বছরের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। নজরুলের সাহিত্যকর্ম বাংলা ভাষাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছে। তাঁর কবিতা ও গান যুগে যুগে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। তিনি ছিলেন চিরপ্রেমের কবিও।

ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র না ফেরার দেশে পাড়ি জমান দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতৃত্বের অনুভূতির কথা জানালেন সামান্থা, দিলেন বিশেষ বার্তাও

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


মাতৃত্বের অনুভূতির কথা জানালেন সামান্থা, দিলেন বিশেষ বার্তাও

ভারতের দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবন এখন একটি নতুন অধ্যায়ে প্রবাহিত হচ্ছে। মাতৃত্বের অনুভূতি তার প্রতিদিনের জীবনযাপনকে পরিবর্তন করেছে। এই বিশেষ অধ্যায়টি তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করছেন। পাশাপাশি, নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন হয়ে উঠেছেন।

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে শরীরচর্চার কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সামান্থা। সেখানে কখনো তিনি মনোযোগ দিয়ে ব্যায়াম করতে দেখা গিয়েছে, আবার কখনো ক্লান্ত হয়ে মেঝেতে শুয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। মজার ছলে তিনি উল্লেখ করেছেন, এখন এমন অনেক দিনও আসছে, যেদিন শরীরচর্চার বড় একটি অংশ মেঝেতে শুয়ে বিশ্রাম নিয়ে কাটছে।

শুধু ছবি ও ভিডিও প্রকাশ করেই তিনি থেমে থাকেননি। মাতৃত্বের এই সময়ের উপলব্ধি নিয়েও তিনি কথা বলেছেন। একটি ছবির সঙ্গে দেওয়া বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি নিজের শরীরের সংকেতগুলো মনোযোগ দিয়ে শুনতে শিখেছেন।

তবে, অন্য কেউ যেন তার শরীরচর্চার ছবি দেখে একইভাবে ব্যায়াম শুরু না করেন, সে বিষয়ে তিনি সতর্ক করেছেন। সামান্থা জানিয়েছেন, দীর্ঘদিনের শরীরচর্চার অভ্যাসের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়েই তিনি এই সময়েও ব্যায়াম করছেন। তার প্রশিক্ষকও গর্ভবতী নারীদের শরীরচর্চায় বিশেষভাবে প্রশিক্ষিত।

সামান্থার মতে, প্রতিটি নারীর গর্ভাবস্থার অভিজ্ঞতা ভিন্ন। কারো জন্য যে ধরনের ব্যায়াম নিরাপদ, অন্যের জন্য সেটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই, তার প্রকাশিত ছবি বা ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজের মতো করে শরীরচর্চা শুরু না করার জন্য তিনি অনুরোধ করেছেন। গর্ভাবস্থায় ব্যায়াম করার আগে অবশ্যই চিকিৎসক ও প্রশিক্ষিত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ওপর তিনি জোর দিয়েছেন।

এর আগে, স্বামী রাজের সঙ্গে একান্ত সময় কাটানোর কিছু মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেছেন সামান্থা। ‘বেবিমুন’-এর সেই স্মৃতিগুলো ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

সূত্র :

টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) বিকালে তার মৃত্যু হয়।

 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকাশিত প্রতিদিনের ডেঙ্গু তথ্য থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত নারীর নাম ছুইদা বানু (৬৫) এবং তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় বাস করতেন। বুধবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

 

পরে বিকালে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিক্যাল সূত্রে আরও জানা যায়, চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। আজ ২৭ আগস্ট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৭ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে। জনস্বার্থে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তাদের বিভিন্ন ইউনিট ও জেলায় নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার, পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রথম প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানকে বরগুনায় এবং মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুরে বদলি করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

এছাড়া, ডিএম হাসিবুল বেনজীরকে সিলেট থেকে গাইবান্ধায়, জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে এবং বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দেকে এপিবিএনে বদলি করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে সাতক্ষীরায় এবং পিটিসি, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমাকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রিদকে জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলে বদলি করা হয়েছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা সুলতানা নেলিকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

এছাড়া, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইসফাকুল কবির সরকারকে সহকারী পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে বদলি করা হয়েছে। অন্যদিকে, এপিবিএনের সহকারী পুলিশ সুপার জনি লাল দেবকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৯ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে র্যাবের সহকারী পুলিশ সুপার এইচএম গোলাম রব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ৬ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%