১২:১৫ এম
দুর্নীতির কারণে সাধারণ জনগণকে উচ্চমূল্য পরিশোধ করতে হয়, এমন মন্তব্য করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, তরুণ সমাজ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। তিনি উল্লেখ করেন, তাদেরকে কোনো ধরনের সম্পৃক্ততা ছাড়াই ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। তিনি আরও বলেন, "আমরা যদি মধ্যমমাত্রায়ও দুর্নীতি নিয়ন্ত্রণে সক্ষম হতাম, তাহলে আমাদের জিডিপি ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেত।" কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারলে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার রোধ করা সম্ভব হতো।
গতকাল শুক্রবার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংস্থাটির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সারাদেশের ৩২টি বিতর্ক দল ও বিচারকমণ্ডলী উপস্থিত ছিলেন। টিআইবির নির্বাহী পরিচালক উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।
দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য চারটি পূর্বশর্ত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, "রাজনৈতিক সদিচ্ছা দুর্নীতি নিয়ন্ত্রণের প্রথম শর্ত।" যাদের হাতে কর্তৃত্ব, রাষ্ট্রক্ষমতা ও সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা রয়েছে, সেই রাজনৈতিক শক্তিকে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তরিক ও প্রত্যয়ী হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের জবাবতিহিতার আওতায় এনে সুবিচার নিশ্চিত করা। এই প্রক্রিয়ায় যে কোনো ধরনের ভয়-ভীতি ও করুণার ঊর্ধ্বে উঠে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় নির্বিশেষে "আইনের দৃষ্টিতে সবাই সমান" এই মূল্যবোধকে লালন করতে হবে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানসহ দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত এ জাতীয় প্রতিষ্ঠানের কার্যকর স্বাধীনতা ও তাদের অর্পিত দায়িত্ব যথানিয়মে পালনে সক্ষমতা নিশ্চিত করা তৃতীয় শর্ত। সর্বশেষ, সাধারণ জনগণের দুর্নীতিবিরোধী বোধ ও এ বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করাটাই হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণের চতুর্থ পূর্বশর্ত। সাধারণ মানুষ তথা সেবাগ্রহীতাকে দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টি করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। টিআইবি তরুণ প্রজন্মসহ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
আরও পড়ুন: নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, নিরাপত্তা নিশ্চিতের দাবি
অন্যের মতামত ও মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ, পারস্পরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে দ্বিমত থাকলে তা যুক্তির মাধ্যমে খণ্ডন করা এবং সঠিক তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে নিজের বক্তব্য উপস্থাপন করাই বিতর্কের মূল্যবোধ বলে মনে করেন ড. জামান। তিনি বলেন, "শুধু প্রতিযোগিতার ক্ষেত্রে নয়, বরং আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ।"
বিতার্কিক ও বিচারকদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, "আপনাদের সকলকে একসঙ্গে পাওয়া আমাদের জন্য পুরস্কারস্বরূপ ও সৌভাগ্যের ব্যাপার।" এই প্রতিযোগিতায় আপনারা সময়ানুবর্তিতা, সহনশীলতা ও যৌক্তিকবোধের যে চর্চা করছেন, বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে তা অব্যাহত রাখবেন-এই প্রত্যাশা করেন তিনি।
টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, "এই প্রতিযোগিতার মাধ্যমে একদিকে আপনাদের নতুন নতুন বিষয় সম্পর্কে যেমন ধারণা তৈরি হবে, অন্যদিকে সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব হবে। এটা মেলবন্ধনের এক অপূর্ব সুযোগ। অধিকন্তু, আমরা সারাবছর আপনাদের জন্য অপেক্ষা করি। আমরা আশা করছি, আপনারা দুর্নীতিবিরোধী অন্যতম এজেন্ট হিসেবে এই সামাজিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন।"
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন