মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি
০৭:৪৬ পি.এম
উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টুডেন্টস (এডামস)-এর বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ জুন) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. তৌহিদ আহমেদ (তুহিন), সৌখিন সরকার এবং ফাইরুজ তাজনিম। প্রতিযোগিতায় মো. তৌহিদ আহমেদ (তুহিন) ৯১ ভোট পেয়ে বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাসফিয়া আহম্মেদ (শ্রেয়সী) এবং মো. মোরশেদুল ইসলাম (মৃদুল)। এতে তাসফিয়া আহম্মেদ (শ্রেয়সী) ১০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে মোরশেদুল ইসলাম (মৃদুল) পান ৯৩ ভোট।
কার্যকরী সদস্য পদে সাতজন প্রার্থী অংশ নেন এবং তাদের মধ্যে নির্বাচিত পাঁচজন হলেন— মো. খায়রুল ইসলাম, আবু তালহা, আবু বক্কর সিদ্দিক, সানজিদ ইসলাম এবং অনিক রায় অর্ণব।
অন্যদিকে মো. আনাস মাহমুদ ১০৯ ভোট এবং ইনজামাম আরাফিন ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হতে পারেননি।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক: ইশতিয়াক আহমেদ জিহাদ এবং শুভ বৈরাগী, সাংগঠনিক সম্পাদক: মো. সাজ্জাদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক: মারজান মাসুক, ক্রীড়া সম্পাদক: মো. রাজিব মাহমুদ, সাহিত্য, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: মো. আবু নোমান ইবনে কবির, কর্মব্যবস্থাপনা সম্পাদক: প্রতীক গোলদার।
নির্বাচনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, মো. সানজিদ ইসলাম খান এবং মো. আশিফ করিম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনাররা জানান, "শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব বিভাগের শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।"
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিকুল ইসলাম জানান, "ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়া আমাদের জন্য আনন্দের। পুরো নির্বাচন ছিল সুশৃঙ্খল এবং স্বচ্ছ।"
আরেক শিক্ষার্থী হুমায়রা আনিসা মন্তব্য করেছেন, "গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পেরে ভালো লেগেছে। আশা করি, নতুন কমিটি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবে।"
নবনির্বাচিত সহ-সভাপতি মো. তৌহিদ আহমেদ (তুহিন) বলেন, "আমার ওপর আস্থা রাখার জন্য বিভাগের সকল শিক্ষার্থীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি সবাইকে সঙ্গে নিয়ে বিভাগের উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং একটি কার্যকর সংগঠন গড়ে তুলতে কাজ করব।"
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আহম্মেদ (শ্রেয়সী) বলেন, "এই বিজয় আমার একার নয়, পুরো বিভাগের শিক্ষার্থীদের। আমরা এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থীর মতামত গুরুত্ব পাবে এবং বিভাগীয় কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।"
নবনির্বাচিত কার্যকরী সদস্য মো. খায়রুল ইসলাম জানান, "শিক্ষার্থীদের বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে নিষ্ঠার সঙ্গে কাজ করব। বিভাগ এবং সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সা। নতুন কোনো কর আরোপ অথবা বিদ্যমান কর বৃদ্ধি ছাড়াই এই বাজেট ঘোষণা করা হয়। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বাজেট ঘোষণা উপলক্ষে রাসিক প্রশাসক বলেন, নাগরিকদের স্বাস্থ্য বজায় রেখে উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরও উন্নত করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাস্তবতার নিরিখে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে নাগরিক সুযোগ-সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সা।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর প্রত্যাশা পূরণ, জনদুর্ভোগ কমানো, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সেবা সহজ ও গতিশীল করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। রাজশাহীকে পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে মাহফুজুর রহমান রিটন বলেন, রাসিক পরিচালিত সিটি হাসপাতালের আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের জন্য চারটি অ্যাম্বুলেন্স সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মরদেহ পরিবহনের জন্য দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স কেনার পরিকল্পনাও রয়েছে।
এছাড়া বাস টার্মিনাল, রেলস্টেশনসহ জনবহুল এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা, আধুনিক শৌচাগার ও নামাজের স্থান তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। রাসিক নিয়ন্ত্রিত পার্ক ও বিনোদনকেন্দ্রে সিনিয়র সিটিজেনদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
রাজশাহী বিভাগের কার্যক্রম তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব আয় ও অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কর আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্সে ৯০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
এছাড়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, দোকান ভাড়া, অটোরিকশা, চার্জার রিকশা ও চালকদের লাইসেন্স ফির সারচার্জের ওপর ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ছাদবাগান উৎসাহিত করতে ছাদবাগান মালিকদের হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
রাসিক প্রশাসক জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি প্রকল্প প্রবর্তন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে বর্জ্য থেকে সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হচ্ছে। নগরীর অনেক এলাকায় দীর্ঘদিন ড্রেনের কাদা অপসারণ না হওয়ায় জলাবদ্ধতা ও মশার সমস্যা তৈরি হয়েছে। নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার এবং বড় ড্রেনগুলোর কাদা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মশক নিধনে নতুন ফগিং মেশিন কেনা হবে।
বাজেটে নগরীর সড়ক, ড্রেন, আলোকায়ন ও অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। ৩০টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, সৌন্দর্যবর্ধন, নাগরিক তথ্যসেবা কেন্দ্র চালু, পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন পাঁচটি ফ্লাইওভারের মধ্যে হড়গ্রাম, বিলসিমলা ও বন্ধগেট রেলক্রসিংয়ের তিনটি ফ্লাইওভারের কাজ ডিসেম্বরে ২০২৬-এর মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়।
রাজশাহী নগরীর ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন রাসিক প্রশাসক। এর মধ্যে রয়েছে—পদ্মার চরে পাখির অভয়ারণ্য, রিভার ড্রাইভওয়ে, নতুন শহর গড়ে তোলা, আন্তর্জাতিক মানের হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বায়োডাইভারসিটি পার্ক, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, আধুনিক পরিবহন ব্যবস্থা ও পর্যটন উন্নয়ন।
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে মিল রেখে আগামী এক বছরে রাজশাহী মহানগরীতে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রায় ৫৩ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া রাসিকের কার্যক্রম অটোমেশন, অনলাইন পেমেন্ট ব্যবস্থা, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং হেল্পলাইন কল সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। নাগরিক টিভি ও বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে শুরু হচ্ছে সিরিজটির বাংলা সম্প্রচার।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটি।
ঐতিহাসিক এই সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র জেরুজালেম পুনরুদ্ধারের সংগ্রামকে ঘিরে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক প্রচেষ্টা, ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এবং সুলতান সালাহউদ্দিন আইয়ুবির অসাধারণ নেতৃত্ব ও বীরত্বগাথা এতে তুলে ধরা হয়েছে।
তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিরিজটিতে বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, বাস্তবধর্মী যুদ্ধদৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটকে জীবন্ত করে উপস্থাপন করা হয়েছে।
নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, ‘দর্শকদের জন্য বিশ্বমানের কনটেন্ট উপস্থাপনের ধারাবাহিকতায় আমরা এই সিরিজটি নিয়ে আসছি। আমাদের এই উদ্যোগ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ জন্য আয়োজন করা হয়েছে মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি ৪.০ সলিউশন শীর্ষক একটি সেমিনার। মঙ্গলবার, ৩০ জুন রুয়েটের সেমিনার রুমে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের, যেখানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক।
এই অনুষ্ঠানে আলোচনা করা হয়, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়ন্স, মেকাট্রনিক্স ও মেকানিক্যালের মতো গুরুত্বপূর্ণ বিভাগের আধুনিক ইন্ডাস্ট্রিয়াল হার্ডওয়্যার, সফটওয়্যার, ল্যাব মেশিনারিজ এবং সিমুলেটর নিয়ে। এ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনকস বিডির প্রকৌশল বিভাগের পরিচালক নাসিক এম. আক্কাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ শহীদ উজ জামান এবং সহকারী অধ্যাপক আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। তবে উল্লেখ্য, অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবর্জনার স্তূপ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। তবে, শিশুটির অভিভাবকের কোনো পরিচয় এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিশুর কান্নার শব্দ একজন আয়া শুনতে পান। পরে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে নার্সরা ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপের পার্শ্ব থেকে শিশুটিকে উদ্ধার করেন।
এই বিষয়টি নিশ্চয়তা দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান। তিনি বলেন, “উদ্ধারের সঙ্গে সঙ্গে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।” পরে শিশুটিকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
খবরটি দ্রুত ছড়াতে শুরু করলে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। শিশুকে দেখে তিনি বলেন, “আমি নিজেও একজন মা। খবরটি শুনে আমি খুব কষ্ট পেয়েছি। শিশুটির সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে, ময়লার স্তূপে একটি নবজাতককে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে, কারা নবজাতকটিকে এভাবে ফেলে রেখে গেছেন, সেই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি মো. হাসান আলী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ