প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবর্জনার স্তূপ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। তবে, শিশুটির অভিভাবকের কোনো পরিচয় এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিশুর কান্নার শব্দ একজন আয়া শুনতে পান। পরে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে নার্সরা ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপের পার্শ্ব থেকে শিশুটিকে উদ্ধার করেন।
এই বিষয়টি নিশ্চয়তা দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান। তিনি বলেন, “উদ্ধারের সঙ্গে সঙ্গে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।” পরে শিশুটিকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
খবরটি দ্রুত ছড়াতে শুরু করলে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। শিশুকে দেখে তিনি বলেন, “আমি নিজেও একজন মা। খবরটি শুনে আমি খুব কষ্ট পেয়েছি। শিশুটির সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে, ময়লার স্তূপে একটি নবজাতককে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে, কারা নবজাতকটিকে এভাবে ফেলে রেখে গেছেন, সেই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি মো. হাসান আলী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন