ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল


জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

নকআউট পর্বে একটি ছোট ভুলও টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে—এটি ভালোভাবে জানেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাই জাপানের বিপক্ষে শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ের আগে তিনি কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন সেলেসাও বস। বিশেষ করে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে পারে কিংবা পেনাল্টি শুটআউটের মতো কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজের দলকে শতভাগ প্রস্তুত রেখেছেন আনচেলত্তি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, ‘নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়, পেনাল্টি— সবকিছুর জন্য আমরা প্রস্তুত।

এ ধরনের ম্যাচে সবসময় পায়ের পাশাপাশি মস্তিষ্কও সমানভাবে কাজ করতে হবে। কারণ এটি এক লেগের ম্যাচ; তাই হেরে গেলে আর ফিরে আসার সুযোগ নেই।’

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

তবে দলের প্রতি আস্থা রেখে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়রা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।’

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলনে পুরো স্কোয়াডকে একসঙ্গে পেয়েছেন আনচেলত্তি। তবে শুরুর একাদশের বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি। স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া দলই জাপানের বিপক্ষে মাঠে নামতে পারে—এমন গুঞ্জন ফুটবলপাড়ায় রয়েছে, তবে বিষয়টি রহস্যই রেখে দিয়েছেন ব্রাজিল কোচ।

এ প্রসঙ্গে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, ‘আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাইছি না। তবে যারা খেলবে, তারা আগেই বিষয়টি জেনে গেছে। তাই খেলোয়াড়রা হয়তো কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।’

ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক খবর হলো দলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামা এই তারকাকে জাপানের বিপক্ষে আরও বেশি সময় খেলতে দেখা যেতে পারে।

আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে

নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের তুলনায় সে এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। আজ সে নিশ্চিতভাবেই ১৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত। তবে কখন তাকে মাঠে নামানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও সাম্প্রতিক স্মৃতি জাপানের বিপক্ষে মোটেও সুখকর নয় সেলেসাওদের। সর্বশেষ গত বছরের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। গোলরক্ষক ও রক্ষণভাগের একাধিক দৃষ্টিকটু ভুলের কারণে মূলত সেই ম্যাচে জয় হাতছাড়া হয়েছিল ব্রাজিলের।

এবার সেই হতাশার স্মৃতি ভুলে, অতীতের শিক্ষা নিয়ে নকআউট পর্বে দাপুটে জয় দিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

আরও পড়ুন: যশোরের বাঘারপাড়া আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৩০ এম


চীনে ভূমিকম্প অনুভূত

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৫ দশমিক ২৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির স্থানীয় সময় রবিবার রাতে এই ভূমিকম্প আঘাত হানে বলে জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বলা হয়েছে যে, এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

জিএফজেডের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে জিএফজেড।

চীনের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় উৎপত্তিস্থলের আশপাশের বিস্তীর্ণ এলাকায় ঝাঁকুনি অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সিচুয়ানের রাজধানী চেংডুসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোর বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

আঞ্চলিক কর্তৃপক্ষ বলেছে, ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না তা যাচাইয়ে উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন। তবে প্রত্যন্ত ও পার্বত্য অঞ্চল হওয়ায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পেতে কিছুটা সময় লাগতে পারে।

ভৌগোলিক অবস্থানের কারণে সিচুয়ান প্রদেশটি ছাত্র ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এর আগে ২০০৮ সালে এই প্রদেশে আঘাত হানা ৮ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সোমবারের এই কম্পনের পর জনমনে সেই আতঙ্ক আবারও নতুন করে দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগান্ডায় দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৩০ এম


উগান্ডায় দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ সেনাপ্রধানের

উগান্ডার সেনাপ্রধান এবং দেশটির প্রেসিডেন্টের ছেলে মুহুজি কাইনেরুগাবা দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন যে, তিনি স্বাধীন সংবাদমাধ্যমে বিশ্বাস করেন না।

মুহুজি কাইনেরুগাবা উল্লেখ করেন যে, উগান্ডার সর্ববৃহৎ স্বাধীন দৈনিক 'ডেইলি মনিটর' এবং দেশের অন্যতম বৃহৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল 'এনটিভি উগান্ডা' তার অনুমতি ছাড়া প্রকাশনা বা সম্প্রচার শুরু করতে পারবে না। তবে কেন তিনি এই দুটি গণমাধ্যম বন্ধ করতে বলেছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ তিনি উল্লেখ করেননি।

উল্লেখ্য, ডেইলি মনিটর এবং এনটিভি উগান্ডা—দুটি প্রতিষ্ঠান যেটি কেনিয়াভিত্তিক সংবাদমাধ্যম প্রতিষ্ঠান নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির শেয়ার নাইরোবি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। রবিবার, ডেইলি মনিটর জানিয়েছে যে, রাজধানী কাম্পালায় নেশন মিডিয়া গ্রুপের অফিসে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে কর্মীদের অফিসে প্রবেশ করতে এবং অফিস থেকে বের হতে বাধা দেওয়া হচ্ছে। এদিকে রবিবার সকাল পর্যন্ত এনটিভি উগান্ডাসহ নেশন মিডিয়া গ্রুপের সব টেলিভিশন ও রেডিওর সম্প্রচার বন্ধ ছিল।

এ ঘটনায় উগান্ডা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারের মুখপাত্র অ্যালান কাসুজা রয়টার্সের কাছে মন্তব্য চাওয়ার অনুরোধের জবাব দেননি। অন্যদিকে, উগান্ডায় নেশন মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুসান এনসিবিরওয়া জানিয়েছেন, এ বিষয়ে তার তাৎক্ষণিক কোনো মন্তব্য নেই।

মুহুজি কাইনেরুগাবা, যিনি দীর্ঘদিন ধরে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। এর আগে, তিনি বিরোধীদলীয় নেতা ববি ওয়াইনের শিরশ্ছেদ করার হুমকি দিয়েও সমালোচিত হয়েছিলেন। উল্লেখযোগ্য যে, প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি ১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন। ২০১৩ সালে তার সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশের পর সরকার ডেইলি মনিটরকে ১০ দিনের জন্য বন্ধ করে দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংঘাত এড়াতে আবারও আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৩১ এম


সংঘাত এড়াতে আবারও আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

সংঘাত এড়ানোর উদ্দেশ্যে ইরান ও যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় বসতে প্রস্তুতি নিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধ মেটাতে এই আলোচনাটি অনুষ্ঠিত হবে। কয়েক দিনের টানা পাল্টাপাল্টি হামলার পর, ঝুঁকির মুখে পড়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) কাতারে এই আলোচনা পুনরায় শুরু হবে বলে মার্কিন কর্মকর্তার সূত্রে সংবাদমাধ্যম অ্যাক্সিওস তথ্য জানিয়েছে।

গত ১৭ জুন দুই দেশের মধ্যে ১৪-দফা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমঝোতার কারিগরি বিষয়গুলোর ওপর আলোচনা চলবে এবং আপাতত হামলা স্থগিত রেখে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা হবে। সম্প্রতি সুইজারল্যান্ডে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স ও ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের মধ্যে সফল আলোচনা হয়েছে, তার পর ওয়াশিংটন তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।

কিন্তু এরপর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনার পর সংঘাত তীব্র রূপ নেয়।

বৃহস্পতিবার (২৫ জুন) হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে মার্কিন বাহিনীও ইরানে পাল্টা হামলা করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে সতর্ক করে বলেন, ‘এমন একটা সময় আসতে পারে যখন আমরা আর যুক্তিসঙ্গত থাকতে পারব না... যদি এমনটা হয়, তাহলে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের আর কোনো অস্তিত্ব থাকবে না!’

প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকির পর রবিবার (২৮ জুন) ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তাদের দাবি, পূর্ববর্তী মার্কিন হামলার জবাব হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন সূত্র জানিয়েছে, এই হামলায় তাদের কোনো সেনা হতাহত বা বড় কোনো ক্ষতি হয়নি। কুয়েত জানিয়েছে, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে বাহরাইনের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছে। কাতার জানিয়েছে, ওই এলাকায় সামরিক অভিযানের কারণে সৃষ্ট শ্র্যাপনেলের আঘাতে তাদের একজন নাগরিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

এদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের রেশ লেবাননেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভূগর্ভস্থ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি মূল শান্তি চুক্তিটি টিকিয়ে রাখতে হয়, তবে লেবাননে ইসরায়েলি হামলা অবশ্যই বন্ধ করতে হবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ বন্ধ রাখা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিকে মুক্ত করার লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি করা হয়েছিল। মঙ্গলবারের কাতার বৈঠকের ওপরই এখন নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৩২ এম


ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

ভারতের কেরালায় নাবালিকা ক্রিকেটারকে যৌন নির্যাতনের দায়ে এক ক্রিকেট কোচকে আদালত ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত তাকে ৭৯ হাজার রুপি জরিমানাও করেছে।

এটি তার বিরুদ্ধে দায়ের হওয়া তৃতীয় পকসো (প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স) মামলার ফলাফল।

দণ্ডপ্রাপ্ত কোচ মনু এমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ২০১৮ সালে ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ নিয়ে এক নাবালিকা ছাত্রীকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে তার বিরুদ্ধে পকসো আইন, তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

মামলার শুনানি শেষে কেরালার বিশেষ পকসো আদালত তাকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করে ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া আদালত ৭৯ হাজার রুপি অর্থদণ্ডও আরোপ করেন।

তবে আদালত জানিয়েছে যে, বিভিন্ন ধারায় দেওয়া সাজাগুলো একসঙ্গে কার্যকর হবে। ফলে আইন অনুযায়ী তাকে কার্যকরভাবে ২০ বছর কারাভোগ করতে হবে। এই সাজা তার আগের দুটি মামলার সাজা শেষ হওয়ার পর কার্যকর হবে।

জানা গেছে, ২০২৪ সালে একাধিক সাবেক শিক্ষার্থীর অভিযোগের পর মনু এমের বিরুদ্ধে মোট ছয়টি পকসো মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় ইতোমধ্যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। বাকি মামলাগুলোর বিচার এখনো চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%