ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং
ককটেল বিস্ফোরণ-বাসে আগুন

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, মিনিবাসে অগ্নিসংযোগ এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে, যা নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা অবরোধের সাথে সম্পর্কিত।

মামলা দুটিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ৫১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি হিসেবে ৮০ থেকে ৯৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ বুধবার (১১ নভেম্বর) রাতে একটি মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মানিক ফকির (৪০), যিনি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি উপজেলার বার্তা গ্রামে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড

মামলার এজাহার অনুযায়ী, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে প্রথম মামলা দায়ের করা হয়। এতে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হলেন মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য রিয়াদ মোর্শেদ। এ মামলায় জেলা ও পৌর নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজন, জেলা ও উপজেলা যুবলীগের তিনজন এবং অন্যান্য পর্যায়ের নেতাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতায় বিজয় মেলার মাঠের উত্তর-পূর্ব পাশে এই ঘটনা ঘটে।

অন্যদিকে, বুধবার (১১ নভেম্বর) বিশেষ ক্ষমতা আইনে দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে। এতে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী হলেন মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ আলী। এ মামলায় জেলা ও উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের ২৫ জন, যুবলীগের দুজন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজন, স্বেচ্ছাসেবক লীগের একজন এবং শ্রমিক লীগের একজন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা

এছাড়া অন্যান্য পরিচয়ের ব্যক্তিরাও আসামির তালিকায় রয়েছেন। দ্বিতীয় মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫-ঘ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ নভেম্বর রাত সোয়া ১২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের বাইতুল আমান জামে মসজিদের দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় এই ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর সন্ধ্যার পর মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হলের সামনে পার্কিং করা একটি মিনিবাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা, যার ফলে বাসটির প্রায় অর্ধেক পুড়ে যায়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, বর্তমান সরকারকে উৎখাতের উদ্দেশ্যে মহাসড়কে সমবেত হয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মিনিবাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫ কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১২ এম


জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী কখনো আধিপত্যবাদ মেনে নেবে না। তিনি উল্লেখ করেন যে, যারা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে দেশের রাজনীতি ও স্বার্থকে প্রভাবিত করতে চায়, তাদের অপতৎপরতা রুখে দিতে হবে। জামায়াতের নেতাকর্মীরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কাজ করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নবনির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিনকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ।

নবনির্বাচিত জেলা আমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুল হান্নান এবং উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ আরও বলেন, আল্লাহকে সাক্ষী রেখে যারা দ্বীনি দায়িত্ব পালনের শপথ নিয়েছেন, তাদের শপথের মর্যাদা রক্ষা করতে হবে। দায়িত্ব ও কর্তব্য পালনে সততা, নিষ্ঠা এবং ত্যাগের মানসিকতা থাকতে হবে। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র সংগঠনের রুকন বা সদস্য হলেই প্রকৃত মুমিন হওয়া যায় না; এর জন্য আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার প্রতিটি এলাকায় প্রার্থী দেওয়া এবং তাদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি এর মাধ্যমে সুনামগঞ্জে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যাশাও ব্যক্ত করেন।

শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল কবির ও অ্যাডভোকেট নুরুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুস সাত্তার, মো. শাহ আলম ও ডা. হারুনুর রশিদসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা জামায়াতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যরা। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারী রুকনরা অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবার সন্তোষ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ এম


‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবার সন্তোষ প্রকাশ

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী, যিনি ‘সাগর হুজুর’ নামে পরিচিত, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ভুক্তভোগী শিশুমাতার পরিবারের পক্ষ থেকে আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল কবীর রুবেল ট্রাইব্যুনালে রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অপর আসামি শিক্ষক সাগরের ভাই মামুন মিয়াকে আদালত খালাস দিয়েছে।

ভুক্তভোগী মেয়েটির মা মোবাইল ফোনে জানান, ‘আমি আমার মেয়ে ও নাতনিকে নিয়ে সিলেটে বসবাস করছি। বুধবার আদালত থেকে আমাকে মোবাইল ফোনে জানানো হয়েছে, সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ কথা শোনার পর আলহামদুলিল্লাহ বলি এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করি। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছিলাম, আজ তা কার্যকর হয়েছে।’ তবে তিনি এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান।

গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুটিকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। তিনি বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখান। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীকালে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১১ বছর বয়সি শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে এসআরবি-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়।

ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ নিশ্চিত করে। বর্তমানে শিশুটির বয়স প্রায় ৫ মাস (৪ মাসের বেশি) এবং সে মায়ের সঙ্গেই বসবাস করছে। এ ঘটনার পর থেকেই ওই মাদ্রাসাটি বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুজাইরাহ আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ এম


ফুজাইরাহ আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ১৮টি যানবাহন এবং পাঁচটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুসারে, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষের ফলে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। পরে একটি ট্রাকে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা ও বিশেষায়িত দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ১৪ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এবং কয়েকজন বিদেশি রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান এবং মিসরের নাগরিক রয়েছে। সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক

রবিন বরকত উল্যাহ ব্যুরো চিফ, তালাশ বিডি

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৪ এম


অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

“ভূমি অফিসে সাংবাদিক আসলেই বাইন্ধা পিটানো হবে”—এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর ভূমি অফিসের নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলে কোনো সাংবাদিক বাড়িতে থাকতে পারবেন না বলেও হুমকি দিতেন তিনি।
বিগত সরকারের আমলে ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাববলয়ের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ময়মনসিংহের আকুয়া মৌজায় ভূমি-সংক্রান্ত অনিয়ম ও অপরাধের বলয় গড়ে তোলার সঙ্গে নায়েব আবুল কালাম আজাদের সম্পৃক্ততার অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট ভূমির নথিপত্র, সরকারি রেকর্ড এবং ভুক্তভোগীদের বক্তব্য যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা জরুরি।
স্থানীয়ভাবে আরও ভুক্তভোগী রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে প্রভাব-প্রতিপত্তির ভয়ে তাঁদের অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি বলে জানা গেছে। ফলে ভূমি-সংক্রান্ত অভিযোগগুলো এবং ব্যক্তিগত নামে বেনামে সম্পদের প্রকৃত চিত্র উদ্‌ঘাটন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণে যথাযথ তদন্তের দাবি উঠেছে।
বিশিষ্টজনদের মতে, এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা জরুরি। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, অনিয়ম অনুসন্ধান করা এবং জনস্বার্থে তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্য তুলে ধরা। সেই পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
এখন প্রশ্ন—ভূমি অফিস কি জনগণের সেবা পাওয়ার জায়গা, নাকি সেখানে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গেলেই সাংবাদিকদের হুমকির মুখে পড়া? আরোও প্রশ্ন থাকে বর্তমান অফিসে বহিরাগত দালালদের অবাধ যাতায়াত এবং যারা গুরুত্বপূর্ণ অফিস ফাইল আনা নেওয়া করছেন তারা কারা?
নায়েবের ব্যক্তিগত অফিস কর্মী নাকি বেতনভুক্ত লাঠিয়াল ?
এখানে জনগণের ভূমি-সংক্রান্ত সেবা নিশ্চিত করে এবং সরকারি দপ্তরের স্বচ্ছতা বজায় রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে ওঠা হুমকির অভিযোগ এবং আকুয়া মৌজার ভূমি-সংক্রান্ত অভিযোগ বা ব্যক্তিগত সম্পদের তথ্য নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%