প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী, যিনি ‘সাগর হুজুর’ নামে পরিচিত, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ভুক্তভোগী শিশুমাতার পরিবারের পক্ষ থেকে আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল কবীর রুবেল ট্রাইব্যুনালে রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অপর আসামি শিক্ষক সাগরের ভাই মামুন মিয়াকে আদালত খালাস দিয়েছে।
ভুক্তভোগী মেয়েটির মা মোবাইল ফোনে জানান, ‘আমি আমার মেয়ে ও নাতনিকে নিয়ে সিলেটে বসবাস করছি। বুধবার আদালত থেকে আমাকে মোবাইল ফোনে জানানো হয়েছে, সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ কথা শোনার পর আলহামদুলিল্লাহ বলি এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করি। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছিলাম, আজ তা কার্যকর হয়েছে।’ তবে তিনি এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান।
গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুটিকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। তিনি বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখান। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরবর্তীকালে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১১ বছর বয়সি শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে এসআরবি-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।
আইনি প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়।
ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ নিশ্চিত করে। বর্তমানে শিশুটির বয়স প্রায় ৫ মাস (৪ মাসের বেশি) এবং সে মায়ের সঙ্গেই বসবাস করছে। এ ঘটনার পর থেকেই ওই মাদ্রাসাটি বন্ধ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন