মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৩৩ পি.এম
ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য নয়াদিল্লি প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের মূল অবস্থান হলো—ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখা। ভারতের লক্ষ্য হলো এই সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নেওয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং এ নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে তা জানানো হবে।
এছাড়া, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখপাত্র আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মধ্যেই সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে। ভারতের বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশের সি-১৩০জে পরিবহন বিমান অংশ নেওয়ার প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে মুখপাত্র জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের মূল অবস্থান অপরিবর্তিত—নয়াদিল্লি একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা ও পৌর যুবদল মিছিল ও সমাবেশের আয়োজন করেছে, যা দেশের অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং সরকার কর্তৃক নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর-২০২৬) বিকেলে ছেংগারচর স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পর স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. মঞ্জুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জল ফরাজী এবং সদস্য সচিব মো. আলম সরকার।
বক্তারা জানান, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তাঁরা বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বা তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হয়, তাহলে তা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তাঁরা আরও উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার সমুন্নত রাখতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বেপারী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজিব আহমেদ, কামাল, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব মো. জয়নাল পাটোয়ারী, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. কবির সরকারসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি ক্লিনিকগুলোতে যদি অনিয়ম দেখা যায়, তবে সেগুলো দ্রুত সিলগালা করে দেওয়া হবে।
মন্ত্রী বলেন, লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না করা, দক্ষ টেকনিশিয়ান ও ফার্মাসিস্টের অভাব, নিজস্ব চিকিৎসক ও লেবার রুমের অভাবসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘সারা দেশে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক গজিয়ে উঠেছে। এসব ক্লিনিকে অনিয়ম পাওয়া গেলে সেগুলো দ্রুত সিলগালা করে দেওয়া হবে। লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না করা, দক্ষ টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট না থাকা, নিজস্ব চিকিৎসক ও লেবার রুম না থাকাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে চালু থাকা বেসরকারি ক্লিনিকগুলোকে নিয়ম-কানুন মেনেই পরিচালনা করতে হবে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যসেবার সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা কোনো প্রিভিলেজ বা দয়া নয়, এটা সাংবিধানিক অধিকার। এটাকে মনে-প্রাণে বিশ্বাস করে আমরা কাজ করে যাচ্ছি।’
মন্ত্রী জানান, প্রত্যেক উপজেলায় ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নারী ও প্রসূতি মায়েদের জন্য ২০টি, শিশুদের জন্য ২০টি এবং ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যা রাখার পরিকল্পনা রয়েছে।
আগামী দুই বছরের মধ্যে প্রত্যেক উপজেলায় ১০টি করে ডায়ালাইসিস বেড দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে উপজেলা পর্যায়ে ৫০টি এবং জেলা সদর হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মুন্সীগঞ্জের কিডনি রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় বা নারায়ণগঞ্জে যেতে হবে না।
মন্ত্রী জানান, ইউনিয়ন পর্যায়েও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা হবে। প্রত্যেক ইউনিয়নে নতুন করে হেলথ সেন্টার করা হবে। সেখানে এমবিবিএস চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকবেন। প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে হেলথ হাব বা পরিবার কল্যাণ কেন্দ্র করার পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, এসব কেন্দ্রে নারীদের ব্রেস্ট ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার শনাক্তকরণ, রক্তচাপ, ডায়াবেটিস, ওজন ও চর্মরোগ পরীক্ষা করা হবে। কুষ্ঠ রোগী শনাক্তের কাজও করা হবে। রোগ শনাক্ত হলে প্রয়োজন অনুযায়ী উচ্চতর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ড্রাম, টায়ার, টিউব, নারিকেলের ছোবড়া, ছাদের টবসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার লার্ভা সৃষ্টি হতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখতে হবে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত একটি গোষ্ঠী প্রতিবেশী দেশের হাতে দেশের প্রভাব তুলে দেওয়ার জন্য অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে একটি মহল মরিয়া হয়ে উঠেছে বলেও জানান তিনি।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসন করে সেবার মান উন্নয়নের তাগিদ দেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতির অবনতির বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণের পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদাত মানু, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম ও সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আয়ারল্যান্ডের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা আসন্ন উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচগুলো বয়কট করার জন্য ১৬০ জনেরও বেশি আইরিশ ক্রীড়াবিদ একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।
এই তথ্যটি সোমবার ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ গ্রুপ প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরিতে এবং ৪ অক্টোবর সার্বিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে খেলবে আয়ারল্যান্ড। খেলোয়াড় ও ভক্তরা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন। এই কারণে উভয় ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে এবং দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হবে।
সংগঠনটি জানিয়েছে, স্বাক্ষরকারীদের মধ্যে অলিম্পিয়ান সিয়ারা ম্যাগিয়ান, সাবেক ফুটবলার লুইস কুইন, সাবেক রাগবি ফ্লাইহাফ টনি ওয়ার্ড এবং বক্সার টাইরন ম্যাককেনা ও এরিক ডোনোভানের মতো তারকারা রয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, “এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই মুহূর্তে আপনারা সঠিক কাজ করার সুযোগ পাচ্ছেন। ম্যাচ না খেলা হবে সবচেয়ে ক্রীড়াসুলভ পদক্ষেপ। আপনাদের নেতৃত্ব ও সাহসের মাধ্যমে খেলাধুলার শক্তি একত্রিত হওয়ার বার্তা দেবে, আমাদের যৌথ মূল্যবোধের কথা মনে করিয়ে দেবে এবং খেলার বাইরেও প্রভাব ফেলবে।”
এর আগে মে মাসে শীর্ষ আইরিশ ফুটবলাররা সেলিব্রিটিদের সঙ্গে মিলিত হয়ে একই ধরনের বয়কটের আহ্বান জানিয়েছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আয়ারল্যান্ড ইসরায়েলের গাজায় গণহত্যার বিরুদ্ধে সবচেয়ে সরব সমালোচক দেশগুলোর একটি। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা ২০২৫ সালের শেষ দিকে ইসরায়েলকে অবিলম্বে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার জন্য উয়েফাকে অনুরোধ জানাতে বিপুল ভোটে রায় দিয়েছেন।
তবে পরে এফএআই জানায়, সম্ভাব্য নিষেধাজ্ঞা ও জাতীয় দল ও সংগঠনের ক্ষতির আশঙ্কায় তারা ম্যাচগুলো খেলবে।
আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন গত সপ্তাহে বলেন, তিনি খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন এবং “আমাদের কেউই এই ম্যাচগুলো খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য সিলেট বিভাগে বদলি হয়েছেন।
তানভীর হায়দার জামালপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও জনসেবামুখী কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
তরুণ এই কর্মকর্তা দায়িত্বের প্রতি মমত্ববোধ ও পেশাগত দক্ষতার মাধ্যমে একজন কর্মনিষ্ঠ প্রশাসক হিসেবে নিজেকে তুলে ধরেছেন। ভূমি ব্যবস্থাপনা, সরকারি সেবা প্রদানসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে সংশ্লিষ্টরা জানান।
পদোন্নতির মাধ্যমে নতুন দায়িত্বে যাওয়ায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তানভীর হায়দারের সাফল্য কামনা করেছেন। জামালপুরে দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের স্মৃতিও তাঁরা তুলে ধরেন।
নতুন কর্মস্থলে তানভীর হায়দার আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ