ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, আজ বিকেলে জরুরি বৈঠক


সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, আজ বিকেলে জরুরি বৈঠক

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য তাদের চলমান আন্দোলন কর্মসূচি নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। শীর্ষ নেতাদের আসন্ন বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। পূর্বঘোষিত ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ আনুষ্ঠানিকভাবে স্থগিত বা বাতিল করা হয়নি, তবে আপাতত এর জন্য কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে জোটটি।

গতকাল শনিবার, নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই তথ্য জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এদিকে, আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে আলাদা লড়বে জাগপা: রাশেদ প্রধান

ভিডিও বার্তায় হামিদুর রহমান আযাদ বলেন, সিলেটের লংমার্চ স্থগিত হয়েছে, নাকি নতুন কর্মসূচি আসছে—এ নিয়ে প্রশ্ন উঠছে। ৬ আগস্ট আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণার ব্রিফিংয়ে চারটি বিভাগীয় শহরমুখী লংমার্চের কথা জানানো হয়েছিল। এগুলো হলো ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে রংপুর, ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া এবং ঢাকা থেকে সিলেট।

তিনি জানান, সিলেট অভিমুখী সড়কপথের অবস্থা বেশ খারাপ হওয়ায় লংমার্চের উপযোগী পরিবহনের ব্যবস্থা করা কঠিন ছিল। এ কারণে ঢাকা থেকে সিলেট পর্যন্ত লংমার্চটি ট্রেনে করার পরিকল্পনা করা হয়। এসব ছিল প্রাথমিক ঘোষণা এবং সে অনুযায়ী তারিখও ঘোষণা করা হয়েছিল।

আযাদ বলেন, পরে প্রস্তুতি নিতে গিয়ে কর্মসূচিগুলো সংশোধন করা হয় এবং তারিখও পুনর্বিন্যাস করা হয়। সর্বশেষ ৩১ অক্টোবর খুলনা অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। স্বাভাবিকভাবেই সিলেটের পূর্বঘোষিত ২১ নভেম্বরের লংমার্চ হবে কি না, সে প্রশ্ন সামনে এসেছে। তিনি জানান, এরপর আর চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়নি। খুলনা ও কুষ্টিয়ার লংমার্চ শেষে শীর্ষপর্যায়ের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এ পর্যন্ত বাস্তবায়িত কর্মসূচির মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করা হবে।

ওই বৈঠক এখনো হয়নি জানিয়ে তিনি বলেন, খুব শিগগির নেতারা বৈঠকে বসবেন। এর মধ্যে আগের কর্মসূচি বহাল থাকবে। নতুন কর্মসূচি আবার ঢেলে সাজানো হবে এবং আন্দোলনের কৌশলের বিষয়টি সেখানে গুরুত্ব পাবে। সব বিষয় শীর্ষ বৈঠকেই নির্ধারিত হবে।

আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশ আমাদের ডাটা হ্যাক করেছে, নতুন আইন জরুরি: রিজভী

হামিদুর রহমান আযাদ বলেন, ‘২১ তারিখকে সামনে রেখে আমরা আপাতত প্রস্তুতি নিচ্ছি না—এটুকু বলা যায়। বাকি সিদ্ধান্ত শীর্ষ বৈঠকে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাকাশে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ভয়েজার ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


মহাকাশে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ভয়েজার ১

নাসার মহাকাশযান ‘ভয়েজার ১’, যা ১৯৭৭ সালে যাত্রা শুরু করেছিল, বর্তমানে একটি নতুন মাইলফলকের দিকে অগ্রসর হচ্ছে। এটি পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্বে পৌঁছাতে যাচ্ছে, যা মানুষের তৈরি প্রথম মহাকাশযান হিসেবে একটি গুরুত্বপূর্ণ অর্জন। আগামী ১৮ নভেম্বর, ২০২৩ তারিখে এই মাইলফলক অর্জিত হতে পারে। এর মানে হলো, ভয়েজার ১ থেকে পৃথিবীতে সংকেত পৌঁছাতে তখন প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে।

এটি উল্লেখযোগ্য যে, আলো প্রতি সেকেন্ডে প্রায় ১ লাখ ৮৬ হাজার মাইল বেগে চলে। এই গতিতে ২৪ ঘণ্টায় আলো যে দূরত্ব অতিক্রম করে, সেটিকে এক আলোক-দিন বলা হয়। নাসার তথ্য অনুযায়ী, ভয়েজার ১ বর্তমানে পৃথিবী থেকে প্রায় ১৬ বিলিয়ন মাইল বা ২৬ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এই বিশাল দূরত্বে পৌঁছাতে মহাকাশযানটির প্রায় ৪৯ বছর সময় লেগেছে।

দূরত্বের বিশালতা বোঝাতে নাসা জানিয়েছে, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় ৪ ঘণ্টা ১০ মিনিট সময় লাগে। কিন্তু ভয়েজার ১ থেকে পৃথিবীতে সংকেত পৌঁছাতে পুরো ২৪ ঘণ্টা লাগবে।

বর্তমানে ভয়েজার ১ ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল বা ৬১ হাজার কিলোমিটার গতিতে চলমান। এত দূরে থেকেও মহাকাশযানটি পৃথিবীতে তথ্য পাঠাতে সক্ষম হচ্ছে।

১৯৭৭ সালে ‘ভয়েজার ২’ নামের আরেকটি মহাকাশযানও উৎক্ষেপণ করা হয়েছিল। ভিন্ন পথে যাত্রা করে এটি ইউরেনাস ও নেপচুন গ্রহ পরিদর্শন সম্পন্ন করেছে। ধারণা করা হচ্ছে, ভয়েজার ২ ২০৩৫ সালের নভেম্বরে পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্বে পৌঁছাবে।

২০১২ সালে ভয়েজার ১ সৌরজগতের হেলিওস্ফিয়ার অতিক্রম করে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। বর্তমানে এটি গ্লিস ৪৪৫ নামের একটি নক্ষত্রের দিকে অগ্রসর হচ্ছে। নক্ষত্রটির নিকটবর্তী পৌঁছাতে মহাকাশযানটির আরো প্রায় ৪০ হাজার বছর সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণবার্ষিকীতে অপু ও ফেলুদার স্মৃতি আজও জীবন্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণবার্ষিকীতে অপু ও ফেলুদার স্মৃতি আজও জীবন্ত

অপুর সরলতা থেকে ফেলুদার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা—দুটি ভিন্ন চরিত্রের মাধ্যমে সৌমিত্র চট্টোপাধ্যায় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। কখনো প্রেমিক, কখনো গোয়েন্দা, কখনো সাধারণ জীবনের পরিচিত মানুষ—পর্দায় প্রতিটি চরিত্রে তার নিজস্ব ছাপ ছিল। আজ ১৫ নভেম্বর, কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণবার্ষিকী। ২০২০ সালের এই দিনে ৮৫ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দেখতে দেখতে ছয় বছর পেরিয়ে গেলেও অভিনয়ের মাধ্যমে আজও দর্শকদের কাছে ফিরে আসেন সৌমিত্র।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন তিনি। পরে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। ১৯৫৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অপুর চরিত্রে অভিনয় করে প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি।

এরপর সত্যজিৎ রায়ের সঙ্গে গড়ে ওঠে এক দীর্ঘ শিল্পী-নির্মাতার জুটি। ‘চারুলতা’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অশনি সংকেত’, ‘ঘরে বাইরে’সহ নির্মাতার ১৪টি সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র। প্রতিটি চরিত্রে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি। তবে বাঙালি দর্শকদের কাছে তার সবচেয়ে জনপ্রিয় পরিচয়গুলোর একটি গোয়েন্দা ফেলুদা। ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’ সিনেমায় প্রদোষ চন্দ্র মিত্রের চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ।

শুধু চলচ্চিত্রে নয়, মঞ্চেও তার সমান দাপট ছিল। অভিনয়ের পাশাপাশি কবিতা লিখেছেন, আবৃত্তি করেছেন, নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন। সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় তার বিচরণ তাকে শুধু অভিনেতা নয়, একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে পরিচিতি দিয়েছে।

দীর্ঘ অভিনয়জীবনে তিনি পেয়েছেন বহু সম্মাননা। ২০০৪ সালে পদ্মভূষণ এবং ২০১২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি। এ ছাড়া ফ্রান্সের ‘কমান্ডার অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মাননাও পেয়েছেন এই অভিনেতা।

২০২০ সালের ১৫ নভেম্বর তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র হারায় এক উজ্জ্বল নক্ষত্রকে। কিন্তু অপু কিংবা ফেলুদা—দুই চরিত্রেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে অভিনয় ছাপ রেখে গেছে, তা সময়ের সঙ্গে মুছে যাওয়ার নয়। নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তার সিনেমা, সংলাপ ও অভিনয় আজও সমান আকর্ষণীয়। তাই ছয় বছর পরও তিনি কেবল স্মৃতির মানুষ নন, বাংলা সিনেমার জীবন্ত এক অধ্যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আসন্ন গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) থেকে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ এই তথ্য তুলে ধরেন।

সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, "আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষ, শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভোগান্তির শিকার হচ্ছে।" তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

সচিব আরও জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যে সরকার একটি কৌশলপত্র প্রণয়ন করেছে। তিনি বলেন, "দীর্ঘমেয়াদি এই পরিকল্পনার পাশাপাশি আসন্ন গ্রীষ্মের ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।"

দেশের সৌরবিদ্যুতের সম্ভাবনার চিত্র তুলে ধরে মিরানা মাহরুখ বলেন, সারা দেশে প্রায় ১ কোটি ৬৩ লাখ ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, "এর অর্ধেক ছাদ অনুপযুক্ত হলেও অবশিষ্ট ছাদগুলো থেকে প্রায় ৩৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে।" জমির স্বল্পতা বিবেচনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, একটি উপযুক্ত ছাদে মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব।

সৌরবিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গে বিদ্যুৎ সচিব বলেন, "যে কোনো উদ্যোগে কিছু ঝুঁকি থাকলেও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব।" তিনি উল্লেখ করেন, জেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের ফলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে কমেছে উল্লেখ করে তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, বিদ্যুৎ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রায়হান উদ্দিন মোরাদ।

সভায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট অংশীজন ও সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ১৩০ জন উপস্থিত ছিলেন। সভায় রুফটপ সোলার স্থাপনের বর্তমান অগ্রগতি, সম্ভাবনাময় ছাদ চিহ্নিতকরণ, বিনিয়োগ ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে এআইয়ের সাহায্যে তৈরি গানের জন্য প্রথম পুরস্কার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


যুক্তরাষ্ট্রে এআইয়ের সাহায্যে তৈরি গানের জন্য প্রথম পুরস্কার আয়োজন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি সংগীতকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ‘এআই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই অনুষ্ঠানে এআইয়ের সাহায্যে গান তৈরি করা সংগীতশিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংগীতের জগতে এআইয়ের ব্যবহার নিয়ে চলমান বিতর্ক এবং আইনি জটিলতার মধ্যেই এই আয়োজন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে এআই দ্বারা তৈরি গান লাখ লাখবার শোনা হয়েছে এবং বিভিন্ন সংগীত চার্টে স্থান করে নিয়েছে।

অনুষ্ঠানে সেরা এআই শিল্পী, সেরা গান এবং সেরা অ্যালবামের তিনটি প্রধান পুরস্কার লাভ করেছে এআইনির্ভর সংগীতশিল্পী ‘জানিয়া মনেট’ (Xania Monet)। ‘হাউ ওয়াজ আই সাপোজড টু নো?’ গানটির জন্য পরিচিত এই ভার্চুয়াল শিল্পীকে তৈরি করেছেন তেলিশা ‘নিকি’ জোনস। তিনি জানান, গানের সব কথা তিনি নিজেই লিখেছেন, পরে এআইয়ের সহায়তায় সেগুলোতে সুর ও সংগীত যুক্ত করেছেন।

জোনস মন্তব্য করেন, এআই সংগীত একটি নতুন বিষয়। মানুষের জন্য এটি ধীরে ধীরে পরিচিত হতে হবে। তাঁর মতে, সংগীত তৈরির এই ধারা শিগগিরই হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

এআই সংগীত তৈরির ক্ষেত্রে মানুষের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে অনুষ্ঠানে। সংগীত প্রযোজক ড্রেক মারফি বলেন, যখন সবাই এআইকে কৃত্রিম বা ভুয়া বলছেন, তখন এর পেছনে থাকা মানুষটি বাস্তব। তাঁর মতে, এআই দিয়ে গান তৈরির পেছনেও মানুষের সৃজনশীলতা ও শ্রম রয়েছে।

অনুষ্ঠানের বিজয়ী নির্বাচন করেছে সনিক ইন্টেলিজেন্স একাডেমির সদস্য এআই শিল্পীরা। এই প্রতিষ্ঠানটি এআই দিয়ে তৈরি গানের তালিকা প্রকাশ এবং সংগীতে এআইয়ের ব্যবহার শনাক্ত করার বিভিন্ন সরঞ্জাম তৈরি করে।

তবে সংগীতে এআইয়ের ব্যবহার নিয়ে বিতর্কও বিদ্যমান। কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যানথ্রপিক ও ওপেনএআইসহ বিভিন্ন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে রেকর্ড লেবেলগুলো। অভিযোগ করা হচ্ছে, এসব প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই কপিরাইটযুক্ত গান ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দিচ্ছে। অন্যদিকে, প্রতিষ্ঠানগুলোর দাবি, যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের ‘ফেয়ার ইউজ’ নীতির আওতায় এ ধরনের ব্যবহার বৈধ হতে পারে।

সংগীতশিল্পীদের একাংশের উদ্বেগ, এআই দিয়ে তৈরি গান জনপ্রিয়তা পেলে মানবশিল্পীদের কাজের সুযোগ কমে যেতে পারে। এতে সংগীত প্রযোজক, গায়ক, শব্দ প্রকৌশলী ও গীতিকারদের জীবিকা হুমকিতে পড়তে পারে।

তবে পুরস্কারের জন্য মনোনীত অনেক নির্মাতার দাবি, তাদের বলার মতো গল্প থাকলেও সেগুলোকে পূর্ণাঙ্গ সংগীতে রূপ দেওয়ার প্রয়োজনীয় দক্ষতা সবার থাকে না। এআই তাঁদের সেই ঘাটতি পূরণে সহায়তা করছে। তাঁদের মতে, এআই সংগীতের পেছনেও মানুষের সৃজনশীলতা ও পরিশ্রম রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%