বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
১২:২৫ পি.এম
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে বুধবার একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে।
বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি ইশুগুয়ালাস্তো প্রাকৃতিক পার্কে বিধ্বস্ত হওয়ার আগে পাশের একটি প্রদেশে আগুন নেভাতে যাওয়ার জন্য প্রস্তুতিমূলক মহড়া চালাচ্ছিল। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটি ঘাঁটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। সপ্তাহের শুরু থেকেই অস্ট্রিয়ার আয়তনের প্রায় সমান আধা-শুষ্ক অঞ্চল লা রিওহায় পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় আগুন বেশ কিছুদিন ধরে জ্বলছে।
বুয়েনস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘অত্যন্ত গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি।’
তিনি জানান, এই দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত সাতজন প্রাণ হারিয়েছে।
সান হুয়ানের গভর্নর আরও বলেন, এই ঘটনায় অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক সুরক্ষা কর্মীরা রয়েছেন।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আলেজান্দ্রা মনতেলিভা এক্স-এ তার সমবেদনা প্রকাশ করেছেন।
এই দুর্ঘটনার পর সান হুয়ান স্থানীয় সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।
স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা এএফপিকে জানিয়েছেন, মাত্র তিন দিনে শত শত হেক্টর জমি ভস্মীভূত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে একদল ডাকাত বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের ঘরের দরজা কোরাবাড়ি দিয়ে খুলে ঘরে ঢুকে পড়ে। এরপর পরিবারের সদস্যদের মারধর করে হাত-মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
এসআই সায়মা সুলতানা আরও বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর অব্যাহত সহযোগিতার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে শামা ওবায়েদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং ইউনেস্কোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় টাঙ্গাইল শাড়ির ঐতিহ্যবাহী বয়নশিল্প অন্তর্ভুক্তিকে বাংলাদেশ-ইউনেস্কো অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
তিনি মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও যুব ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি), ভাষা প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সনদ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। সঙ্গেই তিনি ইউনেস্কোর মহাপরিচালককে বাংলাদেশ সফরের জন্য সুবিধাজনক সময়ে আমন্ত্রণ জানান।
জবাবে, ড. সুসান ভাইজ বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারে ইউনেস্কোর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, যুব সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনার কথাও তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউনেস্কোর দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জ্ঞানভিত্তিক উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদক উদ্ধার, মাদক কারবারি ও ছিনতাইকারী গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মে ও জুন মাসের বিশেষ অবদান রাখায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা অর্জন করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মতিউর রহমান।
সোমবার (২৮ জুলাই) ঢাকা জেলা পুলিশের মিল ব্যারাক পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড, কিট প্যারেড মে ও জুন মাসের মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ পুরস্কার প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মে ও জুন মাসে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মতিউর রহমান একাধিক সফল অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তারে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আরও কয়েকজন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের সভায় আঞ্চলিক যোগাযোগ ও টেকসই বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত প্রধান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নসহ বেশ কয়েকটি নতুন প্রকল্পে উভয় পক্ষ সম্মত হয়েছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ সভায় পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাপান সরকারের প্রতিনিধিত্ব করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার ফুজিতা মাসাকুনি। এছাড়া আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রেইকোসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় ছিলেন।
সভায় কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩-এর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, আউটার রিং রোড এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাবের সংশোধিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং টার্মিনাল-৩-এর অবশিষ্ট চুক্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে পিপিপি প্ল্যাটফর্মের অধীনে নিয়মিত পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও যোগাযোগের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে শরীয়তপুর-চাঁদপুর সেতু ও বরিশাল-ভোলা সেতু প্রকল্পকে এই প্ল্যাটফর্মের নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ উৎপাদন প্রকল্প এবং ভোলা-লক্ষ্মীপুর সেতু প্রকল্পের বিষয়ে যৌথ আগ্রহ প্রকাশ করা হয়। একই সঙ্গে জাপানের কারিগরি সহযোগিতায় পুরোনো রেলওয়ে সেতু পুনর্নবীকরণের প্রস্তাবটি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী এ বিষয়ে বলেন, বাংলাদেশ-জাপান পিপিপি অংশীদারত্ব একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা মানসম্মত বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা পালন করছে।
সভায় সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার পিপিপি প্ল্যাটফর্মের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সফলভাবে বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ