১১:২২ পি.এম
ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসনের জন্য এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে, অতীতের ঘটনাকে কেন্দ্র করে পরস্পরকে দোষারোপ না করে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ এবং পারস্পরিক সহাবস্থানের বিষয়টি নিশ্চিত করায় দুই সংগঠনের নেতারা একমত হয়েছেন।
এই বৈঠক অনুষ্ঠিত হয় রোববার (৯ আগস্ট) ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকার-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ। অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন।
বৈঠকে দুই পক্ষই ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অতীতের ঘটনাগুলোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি না করার বিষয়ে সকল নেতারা একমত হয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার
এ সময় ঢাকা মহানগর পুলিশের একটি সহকারী কমিশনার, মাদরাসার উপাধ্যক্ষ ও শিক্ষক ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি ও উত্তেজনা নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার এবং ভবিষ্যতে সংঘাতের পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়েও উভয় পক্ষের নেতারা মত দান করেন।
বৈঠক শেষে এস এম ফরহাদ বলেন, 'অতীতে কী ঘটেছে তা নিয়ে পরস্পরকে দোষারোপ না করে সামনে কীভাবে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায়, সেটিই আলোচনার মূল বিষয় ছিল। ক্যাম্পাসে সবাই যেন সহাবস্থান করতে পারে এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘাতের পরিবেশ তৈরি না হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে।'
তিনি বলেন, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘাত থেকে সরে আসার বিষয়টি তুলে ধরেছে। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে
এছাড়া বৈঠকে ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির বিষয়টিও আলোচনা করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
এদিকে, সমঝোতা বৈঠক শেষে ঢাকা আলিয়া মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিমের সঙ্গে ছাত্রদলের এক নেতাকে কোলাকুলি করতে দেখা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান। বৈঠকে উপস্থিত নেতারা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও তা যেন সংঘাত বা শিক্ষার পরিবেশ নষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। তারা পারস্পরিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন