শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:২১ এম
ইরানের এক জ্যেষ্ঠ সংসদ সদস্য দাবি করেছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার হুঁশিয়ারি প্রদান করেছেন। এছাড়া, ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষেত্রে কোনো আঞ্চলিক দেশ বা ইউরোপীয় রাষ্ট্র সহায়তা করলে তাদের পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি সতর্ক করেছেন।
এই মন্তব্যগুলো ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে করেছেন পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইসমাইল কাওসারি। কাওসারি বলেন, ১৯৮৭ সাল থেকে তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে আসছে। তিনি জানান, শত্রুপক্ষকে এই জলপথ দিয়ে চলাচল কিংবা অনুপ্রবেশের কোনো সুযোগ দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রসঙ্গে কাওসারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতার মাধ্যমে এই অবরোধ ভেঙে দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, শত্রুপক্ষের কর্মকাণ্ডের জবাব কখন এবং কীভাবে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে।
এসময় তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের অঞ্চল থেকে সরে যাওয়ার কারণ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কথা উল্লেখ করেন। কাওসারি সতর্ক করেন যে, হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হলে প্রতিবেশী দেশগুলোকেও বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হবে। তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান যে, কোনো বিদেশি সামরিক বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর সুযোগ না দিতে হবে।
কাওসারি বলেন, ‘যে দেশই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সক্ষমতা ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে, তাকে এর পরিণতির দায় নিতে হবে।’ তিনি ইউরোপের আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানে হামলার জন্য ইউরোপীয় আকাশসীমা ব্যবহার করা হলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার জবাব না দিয়ে ছাড়বে না।’
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সকালে ঘুম থেকে উঠে, নাশতা খাওয়ার ইচ্ছা না হওয়া একটি সাধারণ সমস্যা। অনেকের মনে হয় পেট পূর্ণ, ফুলে আছে অথবা গ্যাস জমেছে। কিছু মানুষ একে সাধারণ গ্যাসের সমস্যা মনে করেন, আবার কেউ সকালের নাশতা বাদ দেন ক্ষুধা না থাকায়।
কিন্তু কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়? এই সমস্যা প্রাকৃতিকভাবে কীভাবে কমানো সম্ভব? এবং সকালের নাশতা বাদ দেওয়া কি শরীরের জন্য উপকারী?
সকালে পেট ভরা লাগে কেন?
সকালে ক্ষুধা না লাগার পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে।
১. রাতে দেরি করে খাবার খাওয়া: ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খেলে সকালে পেট ভারী লাগার সম্ভাবনা থাকে। বিশেষ করে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার হজমে অস্বস্তি সৃষ্টি করতে পারে।
২. পেটে গ্যাস জমা: দ্রুত খাবার খাওয়া, কোমল পানীয় পান করা অথবা কিছু খাবার হজমে সমস্যা তৈরি করলে পেট ফুলে থাকতে পারে।
৩. কোষ্ঠকাঠিন্য: নিয়মিত পেট পরিষ্কার না হলে পেট ভারী লাগে এবং ক্ষুধা কমে যেতে পারে।
৪. অনিয়মিত ঘুম ও খাবার: রাতে দেরি করে ঘুমানো এবং অনিয়মিত সময়ে খাবার খাওয়া শরীরের স্বাভাবিক ক্ষুধার ছন্দে প্রভাব ফেলতে পারে।
৫. বদহজম ও অ্যাসিড রিফ্লাক্স: বুক জ্বালাপোড়া, ঢেকুর, বমি বমি ভাব এবং অল্প খাবারেই পেট ভরে যাওয়ার অনুভূতি হতে পারে।
প্রাকৃতিকভাবে পেট ফাঁপা কমানোর জন্য ৬টি উপায় রয়েছে।
১. সকালে পানি পান করুন: ঘুম থেকে উঠে এক গ্লাস পানি ধীরে ধীরে পান করা উচিত। পর্যাপ্ত পানি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
২. হাঁটাহাঁটি করুন: সকালে ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটলে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সক্রিয় হতে পারে।
৩. রাতে আগে খাবার খান: ঘুমানোর অন্তত ২-৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করার চেষ্টা করা উচিত।
৪. আঁশযুক্ত খাবার খান: পেঁপে, ওটস, শাকসবজি, ফল এবং লাল আটার রুটি কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে। তবে আঁশ ধীরে ধীরে বাড়ানো উচিত।
৫. আদা চা পান করতে পারেন: অল্প আদা দিয়ে হালকা চা তৈরি করে পান করা যেতে পারে। এটি কিছু মানুষের বমি বমি ভাব ও হজমের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে।
৬. খাবার ভালোভাবে চিবিয়ে খান: দ্রুত খাবার খাওয়া এবং কোমল পানীয় পান করার অভ্যাস কমানো উচিত। কোন খাবারে গ্যাস হচ্ছে, সেটিও খেয়াল রাখা প্রয়োজন।
সকালে নাশতা কেন গুরুত্বপূর্ণ?
রাতের দীর্ঘ বিরতির পর সকালের নাশতা শরীরকে নতুন করে শক্তি ও পুষ্টি সরবরাহ করে।
শক্তি জোগায়: দিনের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।
মনোযোগ বাড়াতে সাহায্য করে: বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের শেখা এবং মনোযোগ ধরে রাখতে সহায়ক হতে পারে।
পুষ্টির চাহিদা পূরণ করে: ডিম, দুধ, ফল ও ওটস থেকে প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও ফাইবার পাওয়া যায়।
ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়তা করে: পুষ্টিকর নাশতা দিনের পরবর্তী সময়ে অতিরিক্ত ক্ষুধা কমাতে পারে।
তবে নাশতা খেলেই ওজন কমবে বা বিপাকক্রিয়া বেড়ে যাবে, এমন ধারণা সঠিক নয়। সারা দিনের খাদ্যাভ্যাসই বেশি গুরুত্বপূর্ণ।
পেট ভারী লাগলে সকালে কী খাবেন?
ক্ষুধা কম থাকলে একসঙ্গে বেশি খাবার না খেয়ে অল্প পরিমাণে শুরু করা উচিত।
একটি সেদ্ধ ডিম ও এক টুকরো টোস্ট।
অল্প ওটস ও কলা।
পেঁপে বা মৌসুমি ফল।
লাল আটার রুটি ও সবজি।
অল্প পরিমাণে টক দই, যদি দুধজাত খাবারে সমস্যা না থাকে।
ক্ষুধা অনুযায়ী ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়ানো যেতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
প্রতিদিন সকালে পেট ভরা লাগলে কিংবা দীর্ঘদিন ক্ষুধা কম থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে অল্প খাবারেই পেট ভরে যাওয়া, অকারণে ওজন কমা, দীর্ঘস্থায়ী পেটব্যথা, বারবার বমি কিংবা মলে রক্ত দেখা গেলে অবহেলা করা উচিত নয়। তীব্র পেটব্যথা, পেট ফুলে যাওয়া এবং মল বা গ্যাস বের না হলে জরুরি চিকিৎসা প্রয়োজন।
সকালে পেট ভারী লাগা কমাতে রাতের খাবারের সময় ঠিক রাখা, পর্যাপ্ত পানি পান, নিয়মিত হাঁটা এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। নাশতা মানেই অনেক খাবার খেতে হবে না; অল্প পরিমাণে পুষ্টিকর খাবার দিয়েও সুন্দরভাবে দিন শুরু করা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাভারের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাসে পলিথিনে মোড়ানো পাঁচটি বড় ধরনের ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে ককটেল সদৃশ্য বস্তুর বিষয়টি নিশ্চিত করা হয়। থানা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় বাসিন্দাদের খবরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই স্থানটি ঘিরে ফেলে। ইতোমধ্যেই বোম ডিস্পোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যানবাহন ও জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, রাত ৯টার দিকে পথচারীদের নজরে আসা এসব বস্তু নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্ডারপাসটি ঘিরে ফেলে।
আন্ডারপাসের ভেতরে পড়ে থাকা পলিথিনে মোড়ানো বস্তুগুলোর গায়ে লাল ও কালো রঙের টেপ লাগানো রয়েছে। পথচারীরা বিষয়টি লক্ষ্য করে পুলিশকে ৯৯৯ নম্বরে খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরকসদৃশ সামগ্রী, তা নিশ্চিত করার জন্য পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশেষজ্ঞ দলের সহায়তা নেয়া হচ্ছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বস্তুগুলোর প্রকৃত পরিচয় জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও জার্মানি জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রযুক্তি সহ বিভিন্ন খাতে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির বার্লিনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দেশটির সংসদের (বুন্ডেস্টাগ) উন্নয়নবিষয়ক কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উভয় পক্ষ দুদেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনায় জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবিক ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তি (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির মতো বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় উঠে আসে।
এছাড়া, অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান, দুদেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বিনিময়, ভিসা প্রক্রিয়া সহজ করা, রফতানি পণ্যে বৈচিত্র্য আনা এবং ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি এবং যুব বিনিময়ের ক্ষেত্রে আরও সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা চান।
সংসদীয় কূটনীতি জোরদারের লক্ষ্যে বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন উভয় দেশের সংসদ সদস্যরা।
এ সময় শামা ওবায়েদ ইসলাম জার্মানির সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে, আগামী বছর একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানান জার্মান সংসদ সদস্য নিকোলাস জিপেলিয়াস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা, যা প্রতি ডলার ১২৪ টাকার হিসাবে নির্ধারিত।
গত বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই দেশে ৬ কোটি ৯০ লাখ ডলার এসেছে। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ ৮৫৫ কোটি ৬০ লাখ টাকার সমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। এই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর) প্রথম প্রায় পাঁচ মাসে দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৫৯ কোটি ডলার।
এই পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ