০৯:০২ পি.এম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হকের পদত্যাগ দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছিল।
এর আগে রবিবার সেশনজটসহ বিভিন্ন সমস্যা সমাধান এবং বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা তার অফিস ও কক্ষে তালা দিয়ে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন। পরে উপাচার্যের আশ্বাসে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে তারা সেখান থেকে চলে যান।
আরও পড়ুন: বেরোবিতে ৩য় বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, প্রশাসনের সমন্বয়হীনতার কাছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জিম্মি হতে পারে না। ক্লাস না হওয়া, পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা ও ফল প্রকাশে বিলম্ব তাঁদের শিক্ষাজীবনকে সংকটে ফেলছে। চেয়ারম্যানের দায়িত্ব পালনে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হয়েছে। এ কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, তাঁদের একমাত্র দাবি চেয়ারম্যানের পদত্যাগ। এ দাবিতে ১৩৬ শিক্ষার্থী অনশনে বসেছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী তামিম রহমান আশিক বলেন, সকাল ৯টা থেকে তারা অবস্থান করছেন। দুপুর ১২টা থেকে অনশন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। অনশনের কারণে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিই তাঁদের দাবি। অন্য বিভাগগুলো সেশনজট নিরসন করতে পারলে কোস্টাল স্টাডিজ বিভাগ কেন পারবে না—এ প্রশ্নও তোলেন তিনি। তাঁর মতে, আন্দোলন শুরু হওয়ার আগেই চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়া উচিত ছিল।
তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হক বলেন, মূলত শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণেই এ জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি শিক্ষার্থীদের এমন চরম কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদি হাসান বলেন, শিক্ষার্থীরা অনশনে রয়েছেন। তাদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান আসবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন