ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

এইচএসসি ফল চ্যালেঞ্জে রেকর্ড ১০ লাখ ৩৭ হাজার আবেদন, আয় ১৫ কোটি টাকা


এইচএসসি ফল চ্যালেঞ্জে রেকর্ড ১০ লাখ ৩৭ হাজার আবেদন, আয় ১৫ কোটি টাকা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের জন্য এবছর রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র বা খাতা পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। এর ফলে শিক্ষা বোর্ডগুলোর আয় ১৫ কোটি টাকারও বেশি হয়েছে।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে এইচএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা শুরু হয়। এই প্রক্রিয়া শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায় শেষ হয়।

নির্ধারিত সময়ের মধ্যে পুনর্নিরীক্ষণে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে একাধিক বিষয় ও পত্রের পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। ফলে মোট আবেদনের সংখ্যা ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি হয়েছে।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে জর্ডানের সাবেক প্রো-ভিসির সাক্ষাৎ

এদিকে, পূর্বঘোষণা অনুযায়ী, প্রতিটি পত্র বা খাতা পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা ফি নেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী, ফল পুনর্নিরীক্ষণের আবেদনের মাধ্যমে শিক্ষা বোর্ডগুলো ১৫ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৫৫০ টাকা আয় করেছে।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন, ‘পুনর্নিরীক্ষণের জন্য কিছু টেকনিক্যাল কাজ রয়েছে। বুয়েটের কারিগরি টিম এ কাজে নিয়োজিত থাকে। এতে খরচ হয়। নতুন পরীক্ষক নিয়োগও করতে হয়। তারা বোর্ডে বসে খাতা দেখেন এবং তাদের খাতাপ্রতি ফি পরিশোধ করা হয়। সবমিলিয়ে বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। পুনর্নিরীক্ষণ আবেদন থেকে বোর্ড মুনাফা করে না।’

এদিকে, পুনর্নিরীক্ষণ আবেদনের শেষ সময়ে ৩ থেকে ৪ ঘণ্টা সার্ভার ডাউন থাকার কারণে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হয়েছে। এই ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় কিছুটা বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, ‘আমরা ৩ থেকে ৪ ঘণ্টা বা সর্বোচ্চ ৫ ঘণ্টা সময় বাড়াতে পারি।’

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছেন। তাদের মধ্যে ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করেছেন। বিগত ২২ বছরের মধ্যে এটি সর্বনিম্ন ফল।

আরও পড়ুন: দেশের যখন যা প্রয়োজন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন: বাকৃবি উপাচার্য

অন্যদিকে, এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


হবিগঞ্জে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ফলে দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) বিকেলে, উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়ছর এলাকায় শাহ স মিলের সামনে।

নিহতদের মধ্যে একজন হলেন নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাইদপুর গ্রামের কুরুশ আলীর পুত্র সাইদুর রহমান (২৪) এবং অন্যজন বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের পুত্র গিরিজ পাল (১৯)।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সাইদুর রহমান শ্বশুরবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন। বড়ছর এলাকায় পৌঁছানোর পর, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এই সংঘর্ষের ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এবং হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গিরিজ পালকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত উভয় গাড়ি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে বেতছড়িতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে বেতছড়িতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি পূর্বপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপির সদস্যরা। তাঁদের উদ্যোগে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি মেরামতের কাজ করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের নির্দেশনায় এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

বন্যার পানিতে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বন্যা-পরবর্তী সময়ে সড়কটি ব্যবহারে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে যোগাযোগব্যবস্থা সচল করতে হিল ভিডিপির সদস্যরা নিজেদের শ্রম দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেন।

এ উদ্যোগে অংশ নেওয়া সদস্যরা হলেন—এপিসি মো. খোরশেদ আলম, ল্যান্স নায়েক আব্দুস ছামাদ, সদস্য জহুর উদ্দিন, সুলতান আহম্মেদ, আব্দুস ছালাম, হেকিম আলী, তারা মিয়া ও হেলাল উদ্দিন।

স্থানীয়রা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে হিল ভিডিপির সদস্যদের এ উদ্যোগে তাঁদের চলাচলের দুর্ভোগ কমবে। দুর্যোগের পর মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করায় তাঁরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্সিতে লাল ফুল, বাঁশিতে করুণ সুর-প্রিমিয়ার লিগে যুদ্ধাহত সেনাদের স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


জার্সিতে লাল ফুল, বাঁশিতে করুণ সুর-প্রিমিয়ার লিগে যুদ্ধাহত সেনাদের স্মরণ

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ মানে গ্যালারিতে দর্শকদের ভিড়, দুই দলের সমর্থকদের উল্লাস এবং মাঠের উত্তেজনা। তবে সম্প্রতি ম্যাচ শুরুর আগে বা বিরতির সময় মাঠে দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য।

কিছু জায়গায় রাখা হচ্ছে পুষ্পস্তবক, ফুটবলারদের এবং রেফারির জার্সিতে দেখা যাচ্ছে লাল ফুলের প্রতীক। আবার বেজে উঠছে একটি বিশেষ বাঁশির সুর। এরপর নেমে আসে নীরবতা। প্রিমিয়ার লিগের পরিচিত মঞ্চে কেন এমন আয়োজন?

এর পেছনে রয়েছে ব্রিটেনের দীর্ঘকালীন একটি ঐতিহ্য। যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো সেনাসদস্যদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রিমিয়ার লিগে এই আয়োজন করা হয়। এই আয়োজনের নাম রিমেমব্র্যান্স ডে বা স্মরণ দিবস।

লাল ফুলের গল্প

প্রিমিয়ার লিগের মাঠে যে লাল ফুল দেখা যায়, সেটির নাম রেড পপি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে নিহত সেনাসদস্যদের স্মরণে এই ফুল ব্যবহৃত হয়। বিশেষ করে যুক্তরাজ্য ও কমনওয়েলথভুক্ত দেশগুলোতে পপি ফুল যুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স ও বেলজিয়ামের যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রচুর পপি ফুল ফুটে উঠেছিল। সেই দৃশ্য থেকেই যুদ্ধাহত ও নিহত সেনাদের স্মরণে ফুলটি প্রতীক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।

খেলোয়াড়দের জার্সিতেও থাকে রেড পপি। ছবি: রয়টার্স

নভেম্বর মাসে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খেলোয়াড়দের জার্সিতে পপি ফুলের প্রতীক দেখা যায়। মাঠে রাখা হয় পুষ্পস্তবকও।

বাঁশির সুরে কেন নীরবতা

মাঠে যে বিশেষ সুরটি বাজানো হয়, সেটির নাম দ্য লাস্ট পোস্ট। এটি সামরিক ঐতিহ্যের একটি বিশেষ বাগল বা তূর্যধ্বনি। যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের স্মরণে এবং তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এই সুর বাজানো হয়।

যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের স্মরণে বাগল বাজানো হয়। ছবি: সংগৃহীত

সুরটি বাজানোর পর সাধারণত এক বা দুই মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় খেলোয়াড়, কোচ, রেফারি, কর্মকর্তা ও দর্শকেরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

শুধু স্মরণ নয়, সহায়তারও উদ্যোগ

এই আয়োজনের সঙ্গে জড়িয়ে আছে মানবিক একটি উদ্যোগও। যুক্তরাজ্যের সাবেক ও বর্তমান সেনাসদস্য এবং তাদের পরিবারের পাশে দাঁড়ায় রয়্যাল ব্রিটিশ লিজিয়ন নামের একটি দাতব্য সংস্থা।

পপি ফুলের প্রতীকসংবলিত জার্সি অনেক সময় ম্যাচের পর নিলামে তোলা হয়। সেখান থেকে পাওয়া অর্থের একটি অংশ সেনাসদস্য ও তাদের পরিবারকে সহায়তার কাজে ব্যয় করা হয়।

১১ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ

প্রতি বছর ১১ নভেম্বর পালিত হয় রিমেমব্র্যান্স ডে বা স্মরণ দিবস। ১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতি কার্যকর হয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্তের স্মরণেই ব্রিটেনে দিনটি পালন করা হয়। ১১ নভেম্বর বা এর কাছাকাছি তারিখে অনুষ্ঠিত ফুটবল ম্যাচগুলোতে তাই বিশেষ আয়োজন থাকে।

ফলে প্রিমিয়ার লিগের মাঠে লাল ফুল কেবল একটি প্রতীক নয়। এর সঙ্গে মিশে আছে যুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ, শ্রদ্ধা ও মানবিকতার গল্প। ৯০ মিনিটের ফুটবল লড়াইয়ের বাইরেও যে খেলাটির সমাজ ও ইতিহাসের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, এই আয়োজন সেটিই মনে করিয়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর আটক মাদক কারবারি ইয়াসিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


ফটিকছড়িতে হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর আটক মাদক কারবারি ইয়াসিন

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চার ঘণ্টা পর ফের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান মাদক কারবারি ইয়াসিন। পরে রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইয়াসিন জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করে জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখানে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হাতকড়া পরা অবস্থায় বাইরে বের হন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের হাত ফসকে আসামি পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে ফের আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%