১১:৫৪ পি.এম
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বসবাসরত তাদের নাগরিকদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন জানিয়েছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। তাই মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই অঞ্চল ছাড়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। যারা বাইরে অবস্থান করছেন, তাদের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যমুখী ভ্রমণ কঠোরভাবে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে হোয়াইট হাউসের এক চাঞ্চল্যকর ঘোষণার কারণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে সামরিক হামলার খসড়ায় অনুমোদন দিয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে।
ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ইরান তাদের বর্তমান অবস্থান থেকে সরে না আসে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানবে। এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন দূতাবাসগুলো নড়েচড়ে বসেছে।
আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু
জর্ডান, সৌদি আরব, মিশর, জেরুজালেম এবং বাগদাদসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো থেকে একযোগে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, যে কোনো মুহূর্তে আকস্মিক সংঘাতের বিস্তার ঘটতে পারে। ভ্রমণকারীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, এর মধ্যে রয়েছে আকস্মিক ফ্লাইট বাতিল হওয়া, অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধ থাকা এবং ভ্রমণের পথে বড় ধরনের নানা বিপত্তি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও সিবিএস নিউজ সূত্রে জানা গেছে, ওয়াশিংটন এবং তাদের মিত্র দেশগুলো যৌথভাবে ইরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে বড় ধরনের বোমাবর্ষণ ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং তেল শোধনাগারগুলোর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো এই সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে। যেকোনো মুহূর্তে সপ্তাহান্তে এই সামরিক অভিযান শুরু হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন