মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২৮ এম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। হরমুজ প্রণালি মাধ্যমে তেল পরিবহন পুনরায় বাড়তে শুরু করায় বাজারে এই নিম্নমুখী প্রবণতা সৃষ্টি হয়েছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে কিছু তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান বারবার হামলা চালিয়েছে।
সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ ডলার ৪৪ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেলের দাম ৮৫ ডলার ৭২ সেন্টে পৌঁছেছে।
এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত শুক্রবার জানায়, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। ফলে বৈশ্বিক তেলের বাজার আবারও উদ্বৃত্ত অবস্থায় ফিরে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি দীর্ঘ সময় ধরে খারাপ সময়ের মধ্যে রয়েছে। জার্মান মেশিনের ঘুম ভাঙানোর জন্য শেষ পর্যন্ত ইয়ুর্গেন ক্লপকে ডেকে আনতে হয়েছে। লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের প্রাক্তন কোচের অধীনে জার্মানির পুনর্জাগরণের প্রমাণ অবশেষে পাওয়া গেল। উয়েফা নেশনস লিগে উড়ন্ত নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে ক্লপের দল।
সোমবার (১৬ নভেম্বর) বার্লিনে জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডসকে ৫-০ গোলে পরাজিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। এই জয়ে জোড়া গোল করে নেতৃত্ব দিয়েছেন ফ্লোরিয়ান রিৎজ। প্রতিযোগিতামূলক ফুটবলে এটি নেদারল্যান্ডসের সবচেয়ে বড় পরাজয়।
তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে জার্মানি ধীরে ধীরে নিজেদের ফিরে পাচ্ছে। ছয় ম্যাচ ধরে দায়িত্বে থাকা ক্লপের অধীনে তরুণ দলের অগ্রগতি স্পষ্ট, এবং তার নিয়োগ জার্মান ফুটবলে নতুন আশাবাদ সৃষ্টি করেছে।
জার্মানির হয়ে গোল করা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছিল নিকো শ্লটারবেকের, ২৬ বছর। জোড়া গোল করা রিৎজের বয়স এখনও মাত্র ২৩। ২৪ বছর বয়সী ডেরি শেরহান্ট দলকে এগিয়ে দেন। আর ২২ বছর বয়সী ব্রায়ান গ্রুদা জার্মানির হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলেই দুটি গোলের অ্যাসিস্ট করেন এবং নিজেও একটি গোল করেন। গত শুক্রবার (১৩ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে তার অভিষেক হয়। অভিষেক ম্যাচেও তিনি গোল করেছিলেন।
প্রতিটি গোলের পর ক্লপকে উচ্ছ্বসিত অবস্থায় দেখা গেছে। তবে তিনি দলের খেলোয়াড়দের পরিশ্রম ও দায়বদ্ধতাকেই জয়ের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আপিলের শুনানি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে মামলাটি শুনানির জন্য নির্ধারিত হয়েছে। কার্যতালিকায় মামলাটি ১৬ নম্বরে স্থান পেয়েছে।
এক যুগেরও বেশি সময় আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করে। পরবর্তীতে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে। একই সঙ্গে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অপর ৯ আসামির সাজাও বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন।
সুপ্রিম কোর্টের সূত্রে জানা গেছে, মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের করা ১৬টি ফৌজদারি আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। আলোচিত মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত গত ১৮ অক্টোবর শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন।
এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, আলোচিত মামলাগুলোর আপিল দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় সাত খুন মামলাটি আজ আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার চার সহযোগী ও গাড়িচালককে অপহরণ করা হয়। ওই সময় আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়িচালক ইব্রাহিমও অপহরণের শিকার হন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাতজনের মধ্যে ছিলেন—নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়িচালক ইব্রাহিম।
এ ঘটনায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়। নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন। অন্যদিকে আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা দায়ের করেন।
দুটি মামলার বিচারিক কার্যক্রম একত্রে সম্পন্ন করে ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। রায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। মামলার অপর ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দণ্ডিত আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। পরে মামলার পেপারবুক প্রস্তুত করে হাইকোর্টে পাঠানো হয়। ২০১৭ সালের ২২ মে থেকে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়। উভয় পক্ষের শুনানি শেষ করতে আদালতের ৩৩ কার্যদিবস সময় লাগে।
২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করে। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন হাইকোর্ট।
মৃত্যুদণ্ড বহাল থাকা ১৫ আসামির মধ্যে রয়েছেন নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানাসহ র্যাবের চাকরিচ্যুত সাবেক ১১ সদস্য।
অন্য ১১ জন হলেন—র্যাবের চাকরিচ্যুত সাবেক হাবিলদার মো. এমদাদুল হক, ল্যান্সনায়েক হীরা মিয়া, আরওজি-১-এর এ বি মো. আরিফ হোসেন, ল্যান্সনায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়্যব আলী, কনস্টেবল শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলীম, সৈনিক মহিউদ্দিন মুন্সী, সৈনিক আলামিন শরীফ ও সৈনিক তাজুল ইসলাম।
অন্যদিকে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে রয়েছেন র্যাবের চাকরিচ্যুত সাবেক সিপাহি আসাদুজ্জামান নূর ও সার্জেন্ট এনামুল কবির। নূর হোসেনের সহযোগী মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, ভারতে গ্রেপ্তার সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহানও এ তালিকায় অন্তর্ভুক্ত।
বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বহাল থাকা অপর ৯ আসামির মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানের ১৭ বছর, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, করপোরাল মোখলেসুর রহমান, ল্যান্স করপোরাল রুহুল আমিন ও সিপাহি নুরুজ্জামানের ১০ বছর করে এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনের সাত বছর করে কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি এখন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের শুনানির অপেক্ষায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের গোয়ালিয়রে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে ছুরি দেখিয়ে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যুবককে খুঁজে বের করার জন্য চেষ্টা চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই ছাত্রী কোচিং ক্লাসে যাওয়ার সময় দুই যুবক তাকে জোর করে একটি বাড়িতে নিয়ে যায়। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। পরে ওই ছাত্রী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলোক পারিহার জানিয়েছেন, অভিযুক্তদের খুঁজে বের করার জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে।
অলোক পারিহার এএনআইকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, এক নাবালিকা থানায় এসে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে। তার অভিযোগ, কোচিং ক্লাসে যাওয়ার পথে দুই যুবক জোর করে তাকে একটি বাড়িতে নিয়ে যায় এবং নির্যাতন করে।’
তিনি আরো বলেন, ‘অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশের কয়েকটি দল পাঠানো হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় দুজন অভিযুক্ত রয়েছে। তাদের একজনের নাম ইমরান লালা।’
অন্য অভিযুক্তের বয়স যাচাই করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সে প্রাপ্তবয়স্ক নাকি নাবালক, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। দুজনই মুসলিম সম্প্রদায়ের। তারা একই এলাকায় বসবাস করে এবং আগে থেকেই একে অপরকে চিনত।’
অলোক পারিহার আরো বলেন, ‘আমরা ঘটনার সব দিক খতিয়ে দেখছি। তদন্তে যেসব তথ্য পাওয়া যাবে, তার ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তরা আগে থেকেই ওই ছাত্রীকে চিনত। কারণ, তারা সবাই একই এলাকায় থাকে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে খোঁজার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তুত। কর্তৃপক্ষ আসন্ন ১৬ ডিসেম্বর আংশিক চালুর লক্ষ্যে কাজ করছে। তবে এ উদ্যোগের ফলে তৈরি হয়েছে শঙ্কা। বিশ্লেষকরা সতর্ক করছেন যে, কারিগরি সমন্বয় ও প্রশিক্ষণ ছাড়া তড়িঘড়ি করে টার্মিনাল চালু করলে যাত্রীসেবায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।
শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর সময় ঘনিয়ে এলেও অপারেটর নিয়োগের চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। হাতে রয়েছে মাত্র এক মাস। পরিকল্পনা অনুযায়ী, টার্মিনালের কার্যক্রম শুরু করার আগে অন্তত তিন মাস আগে চুক্তি সম্পন্ন করে অপারেশনাল কার্যক্রমের ট্রায়াল, জনবল নিয়োগ ও প্রশিক্ষণ শেষ করার কথা ছিল। কিন্তু বাস্তবায়ন হয়নি কোনোটাই। ফলে এভিয়েশন বিশেষজ্ঞরা যাত্রীসেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন।
ইউনাইটেড কলেজ অব এভিয়েশনের উপদেষ্টা এটিএম নজরুল ইসলাম মন্তব্য করেন, "কিছু জনবল দিয়ে কাজ শুরু করলে প্রথমদিকে নানা ধরনের সমস্যা ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এতে যাত্রীরা শুরুতেই নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হবেন, যা দীর্ঘদিন তাদের মনে থেকে যেতে পারে।"
প্রাথমিকভাবে তৃতীয় টার্মিনালে দুটি বহির্গমন ও দুটি আগমন ফ্লাইট পরিচালনা দিয়ে কার্যক্রম শুরু হবে। যদিও ২০২৩ সালের অক্টোবরে প্রায় ৫০ কোটি টাকা খরচ করে আংশিক চালু করেছিল তৎকালীন সরকার। সেক্ষেত্রে তিন বছর পর পুরোদমে চালুর পরামর্শ সংশ্লিষ্টদের।
দ্যা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, "একটি টার্মিনালের দুবার আংশিক উদ্বোধন হতে পারে না। এখন পূর্ণাঙ্গভাবে চালুর দিকে যাওয়ার কথা। সবাই আশা করছেন, এটি একটি ভালো স্থাপনা হবে। কিন্তু চালু করার পর সেটি কার্যকরভাবে ব্যবহার করা না গেলে, যাত্রীদের ভোগান্তিই বাড়বে।"
সম্প্রতি বেবিচকের পরিচালনা পর্ষদে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ওঅ্যান্ডএম চুক্তির খসড়া অনুমোদন পেলেও তা এখনও মন্ত্রণালয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চুক্তি স্বাক্ষর না হওয়ায় আনুষ্ঠানিকভাবে টার্মিনালের দায়িত্ব বুঝে নেয়নি জাপানি প্রতিষ্ঠানটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ