ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তিউনিসিয়ার কারাগারে দুই মাসে ২৩ বন্দির মৃত্যু, তদন্তের দাবি অ্যামনেস্টির


তিউনিসিয়ার কারাগারে দুই মাসে ২৩ বন্দির মৃত্যু, তদন্তের দাবি অ্যামনেস্টির

তিউনিসিয়ার কারাগারগুলোর মধ্যে বন্দিদের মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। সংস্থাটির মতে, ২০২৬ সালের জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন কারাগারে অন্তত ২৩ বন্দির মৃত্যু ঘটেছে। অভিযোগ করা হচ্ছে, প্রচণ্ড গরম, বিশুদ্ধ পানির অভাব, অতিরিক্ত বন্দির চাপ এবং চিকিৎসাসেবার অভাব এসব মৃত্যুর পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে।

একটি বিবৃতিতে অ্যামনেস্টি তিউনিসিয়ার কর্তৃপক্ষের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত শুরু করার আহ্বান জানায়। তারা জানায়, তিউনিসিয়ার মানবাধিকার সংগঠন তিউনিসিয়ান লিগ ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটস (এলটিডিএইচ) জুলাই ও আগস্ট মাসে অন্তত ২৩ বন্দির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে ১২টি মৃত্যুর ঘটনা তারা নিজেদের পক্ষ থেকে যাচাই করেছে। এ জন্য নিহতদের পরিবারের সদস্য, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাক্ষ্য ও নথি পর্যালোচনা করা হয়েছে।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মোরায়েফ মন্তব্য করেন, "হেফাজতে থাকা প্রত্যেক ব্যক্তির জীবন ও স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের।" তিনি বলেন, রেকর্ড তাপমাত্রার মধ্যে বাতাস চলাচলের অনুপযোগী কক্ষে বন্দিদের আটকে রাখা এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ না করা জীবনের অধিকারের গুরুতর লঙ্ঘন। কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার তুলনায় ১৯৪ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির কারাব্যবস্থার গভীর সংকটের ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রচণ্ড গরম ও পানির সংকটে প্রাণহানি

অ্যামনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের গ্রীষ্মে তিউনিসিয়ায় ১৯৫০ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড গরমের সঙ্গে বিদ্যুৎ ও পানি সরবরাহে বিঘ্ন এবং বোতলজাত পানির সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

দেশটির বিভিন্ন কারাগারে অতিরিক্ত বন্দির চাপের পাশাপাশি বিশুদ্ধ পানির অভাব ছিল। কিছু কারাগারে বন্দিদের জন্য পানির পরিমাণও সীমিত করা হয়। অভিযোগ উঠেছে যে, কোথাও দিনে মাত্র এক লিটার অথবা দেড় লিটারের একটি বোতল পানি কেনার সুযোগ দেওয়া হয়েছিল।

কারাবন্দিদের স্বজনদের অভিযোগ, পানিশূন্যতা, শ্বাসকষ্ট এবং পানির অভাবে সৃষ্ট বিভিন্ন চর্মরোগে ভুগেছেন বন্দিরা। অসুস্থ হওয়ার পরও অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি। প্রয়োজনীয় ওষুধ সরবরাহে অনিয়ম এবং গুরুতর অসুস্থ বন্দিদের হাসপাতালে পাঠাতে বিলম্বের অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: জার্মানির অস্ত্র কারখানা অবরোধ, ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি

মৃত্যুর খবর তিন দিন পর পেয়েছিল পরিবার।

অ্যামনেস্টির প্রতিবেদনে ২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলা এদ্দিন আবদেলকাদেরের মৃত্যুর ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তিনি মর্নাগুইয়া কারাগারে বিচার-পূর্ব আটক অবস্থায় ছিলেন। প্রায় চার মাস বন্দি থাকার পর গত ২৮ আগস্ট তার মৃত্যু হয়।

আলার চাচা আবদেলমাজিদ বুয়াজিলা অ্যামনেস্টিকে জানান, মৃত্যুর দুই দিন আগে কারাগারে সাক্ষাতের সময় আলা তাকে নিজের দুর্বিষহ অবস্থার কথা জানিয়েছিলেন। অতিরিক্ত বন্দির কারণে গাদাগাদি করে থাকতে হচ্ছিল তাকে। কক্ষে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না। প্রচণ্ড গরমে শ্বাস নিতে ও ঘুমাতে কষ্ট হচ্ছিল। কখনো কখনো কয়েক দিন ধরে পানির সরবরাহ বন্ধ থাকত।

পরিবারের পর্যালোচনা করা হাসপাতালের নথি অনুযায়ী, ২৭ আগস্ট রাতে আলাকে চার্লস নিকোল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মধ্যরাতের কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নথিতে মৃত্যুর কারণ হিসেবে হিটস্ট্রোক, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়া এবং কোমায় চলে যাওয়ার উল্লেখ ছিল।

আরও পড়ুন: সুদানে ২০২৩ সালে যুদ্ধের ৭৫% মৃত্যু ড্রোন হামলায়: জাতিসংঘ

আরও উদ্বেগজনক বিষয় হলো, আলার মৃত্যুর দিনও কারা কর্তৃপক্ষ তার মায়ের কাছ থেকে খাবার ও বই গ্রহণ করেছিল। কিন্তু ছেলের মৃত্যুর বিষয়টি তাকে জানানো হয়নি। তিন দিন পর এক আত্মীয় আলার কারা হিসাবের জন্য টাকা জমা দিতে গেলে পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে।

অ্যামনেস্টি জানিয়েছে, অন্তত ১২টি ঘটনায় কারা কর্তৃপক্ষ বন্দিদের গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর খবর তাদের পরিবারকে সময়মতো জানায়নি। কোনো কোনো পরিবার কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ পর স্বজনের মৃত্যুর খবর পেয়েছে।

ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি

অ্যামনেস্টি প্রিজন ইনসাইডার নামের একটি সংস্থার তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, ২০২৫ সালে তিউনিসিয়ার কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার প্রায় ১৯৪ শতাংশে পৌঁছেছিল। কিছু কারাগারে পরিস্থিতি আরো ভয়াবহ। কাইরুয়ান কারাগারে বন্দির সংখ্যা ২৫১ শতাংশ, মর্নাগুইয়ায় ২১০ শতাংশ এবং গাবেস কারাগারে ২০৯ শতাংশে পৌঁছেছিল। অন্তত আটটি কারাগারে প্রত্যেক বন্দির জন্য দুই বর্গমিটারেরও কম জায়গা বরাদ্দ রয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ার স্থায়ী যুদ্ধবিরতির দাবি, ফিলিস্তিনিদের অনাহারে রাখার নিন্দা

এ ছাড়া স্বাধীনভাবে কারাগার পরিদর্শন ও বন্দিদের পরিস্থিতি পর্যবেক্ষণের ক্ষেত্রেও বাধার অভিযোগ তুলেছে অ্যামনেস্টি। তিউনিসিয়ান লিগ ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটস জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকে বিভিন্ন কারাগার পরিদর্শনের অনুমতি পেতে বারবার বাধার মুখে পড়ছে তারা।

গত ২১ জুলাই সোস অঞ্চলের সংগঠনটির একটি শাখাকে মেসাদিন কারাগার পরিদর্শনে বাধা দেওয়া হয়। ৪ সেপ্টেম্বর গাফসা শাখাকেও গাফসা সিভিল কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেখানে বন্দিদের মৃত্যুর অভিযোগ তদন্ত করতে চেয়েছিল সংগঠনটি।

অভিযোগ অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ

তবে বন্দিদের চিকিৎসায় অবহেলা এবং কারাগারের পরিস্থিতি অবনতির অভিযোগ অস্বীকার করেছে তিউনিসিয়ার কারা ও পুনর্বাসন অধিদপ্তর। গত ২৭ জুলাই এক বিবৃতিতে তারা জানায়, প্রচণ্ড গরম মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দিদের স্বাস্থ্যসেবা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই বলে দাবি করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ঐতিহাসিক জয়ের পর সার্বিয়ার পার্লামেন্টে শিক্ষার্থীদের প্রতিনিধিদের যাত্রা

অ্যামনেস্টির দাবি, বন্দিদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্বাধীন মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের জন্য কারাগারগুলো উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: মিডল ইস্ট মনিটর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, লা রিপাবলিকা ও বিজনেস নিউজ তিউনিসিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইওয়ান-জাপানের আকাশে রুশ সামরিক বিমান, জাপানের তীব্র প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


তাইওয়ান-জাপানের আকাশে রুশ সামরিক বিমান, জাপানের তীব্র প্রতিবাদ

তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) একই দিনে উভয় দেশ এ তথ্য প্রকাশ করে। এই ঘটনার প্রেক্ষিতে জাপান রাশিয়ার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দ্বীপটির পূর্ব উপকূলের ওপর দিয়ে দুটি রুশ সামরিক বিমান উড়ে গেছে। পরে সেগুলো তাইতুং অঞ্চলের দক্ষিণ দিক দিয়ে আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা ত্যাগ করে।

অন্যদিকে, জাপানের সরকারি মুখপাত্র মিনোরু কিহারা জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফুকুওকার ওকিনোশিমা দ্বীপের নিকটে দুটি রুশ বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই ঘটনায় রাশিয়ার কাছে প্রতিবাদ জানিয়ে টোকিও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের আহ্বান জানিয়েছে। জাপান প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা হিসেবে যুদ্ধবিমানও পাঠিয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্রে দেখা যায়, বিমান দুটি তাইওয়ানের পূর্ব উপকূল হয়ে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হয়েছে। এদিকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে অংশ নিতে চলতি সপ্তাহে চীনের শেনঝেনে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ জওয়ানকে আটক করল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ জওয়ানকে আটক করল বিজিবি

বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর একজন সদস্যকে আটক করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্তের ভেতরে তাকে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিএসএফ সদস্যকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কারণে অস্ত্রসহ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই বিএসএফ সদস্যকে স্থানীয় জনগণ ধরে বিজিবির কাছে সোপর্দ করেছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা আজম আলী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা আজম আলী গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা মামলায় আজম আলী (৫৮) নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এই নেতা মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতে সোপর্দ হওয়ার কথা রয়েছে। সোমবার রাতে উপজেলার বিলমাড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আজম আলী চক বাদকয়া গ্রামের মৃত নজির উদ্দিন মন্ডল এবং মৃত রিজিয়া বেগমের সন্তান। তিনি বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন।

পুলিশের সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর লালপুর থানায় দায়ের করা ১৫ নম্বর মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজম আলীকে আটক করা হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দায়ের করা হয়েছে।

লালপুর থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিলমাড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একজন নেতার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে আজম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস গাজায় শীত আসার পূর্বে বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয় উপকরণ, বিশুদ্ধ পানি এবং পয়োনিষ্কাশনসামগ্রী সরবরাহে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি সতর্ক করে বলেছেন, গাজায় বন্যাপ্রবণ অঞ্চলে বসবাসরত লাখো বাস্তুচ্যুত মানুষের জীবন বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে।

একটি পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তেদরোস উল্লেখ করেন, গাজায় আনুমানিক ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছে। তাদের মধ্যে ৪ লাখ মানুষ অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে।

তেদরোস আরও বলেন, ‘অনেকের জন্য একটি তাঁবুই এখন আশ্রয়ের শেষ অবলম্বন। সেটি হারালে তারা ঠান্ডা, দূষিত পানি ও রোগের ঝুঁকির মুখে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বেন।’

ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, বন্যার কারণে পানিবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় চিকিৎসাসেবা পাওয়া আরো কঠিন হয়ে পড়েছে।

শীতের কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে গাজার বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি এবং পয়োনিষ্কাশনসামগ্রী সরবরাহের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%