০২:০২ পি.এম
পাড়ায় পাড়ায় গোষ্ঠলীলা ও মহারাস নৃত্যের মহড়া চলছে। শিশু-কিশোর, তরুণ-তরুণীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। পূর্ণিমার আলোয় উৎসবে মেতে ওঠার অপেক্ষা তাদের।
এখন এই ব্যস্ততা মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। মণিপুরি সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের জন্য সেখানে আনন্দের হাওয়া বইতে শুরু করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মণিপুরিদের অন্যতম প্রধান উৎসব মহারাস পূর্ণিমা। এই উপলক্ষে কমলগঞ্জের মাধবপুর ও আদমপুর এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। এবারও দুটি স্থানে পৃথকভাবে মহারাস উৎসবের আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রল দিয়ে আগুন
কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের জোড়া মণ্ডপে রাখাল নৃত্যের প্রস্তুতি নিচ্ছে একদল শিশু। মঙ্গলবার তোলা। কালের কণ্ঠ।
মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মেইতেই মণিপুরি সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবছর দেশ-বিদেশের দর্শনার্থীদের সমাগম ঘটে এই উৎসবে।
মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাড. চাঁদমুরারী সিংহ স্বপন জানান, এবার তাদের ১৮৪তম মহারাস লীলার আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
মাধবপুরে তিনটি মণ্ডপে পৃথকভাবে রাসলীলা অনুষ্ঠিত হবে বলেও জানান সেবা সংঘের সভাপতি।
আরও পড়ুন: শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
মণিপুরি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র রাস উৎসব প্রচলন করেন। ১৮৪২ সালে মণিপুরের বাইরে প্রথম মহারাস উৎসবের আয়োজন করা হয় কমলগঞ্জের মাধবপুরে। উৎসবের সকালে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য শুরু হয় এবং তা চলে গোধূলি পর্যন্ত। রাত সাড়ে ১১টার দিকে মূল মহারাসলীলা শুরু হয়।
ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য ও গানের মাধ্যমে শ্রীকৃষ্ণ, রাধা ও গোপীদের লীলা তুলে ধরা হয়। অনেক সময় এই আয়োজন ভোর পর্যন্ত চলে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মাধবপুরের মাঝেরগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে রাসনৃত্যের মহড়া চলছে। একদল তরুণী মণিপুরি গানের সঙ্গে নৃত্যের কৌশল ও নিয়ম শিখছেন প্রশিক্ষকের কাছে। অন্যদিকে জোড়া মণ্ডপে চলছে রাখাল নৃত্যের প্রস্তুতি। সেখানেও একদল শিশু-কিশোর মৃদঙ্গের তালে নৃত্যের অনুশীলন করছে। প্রায় দুই সপ্তাহ ধরে এই মহড়া চলছে বলে জানান সেখানকার দায়িত্বশীলরা।
কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের মাঝেরগাঁওয়ে গোপী বেশে নৃত্যের প্রশিক্ষণ দিচ্ছেন রাসধারী (প্রশিক্ষক)। মঙ্গলবার তোলা। কালের কণ্ঠ।
আরও পড়ুন: খুলনায় আমির এজাজ খানের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মহড়ায় অংশ নেওয়া শান্তা সিনহার বক্তব্য, ছোটবেলা থেকেই মণিপুরি নৃত্যের সঙ্গে তাদের পরিচয়। মহারাস তাদের সবচেয়ে বড় অনুষ্ঠান। এই উৎসবের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যের চর্চাও চলে।
রাসধারী (প্রশিক্ষক) অনিরা সিনহা বলেন, প্রতিবছর উৎসবের প্রায় এক মাস আগে থেকেই শিশু-কিশোরদের নিয়ে প্রস্তুতি শুরু হয়। নতুন ও পুরনো শিল্পীদের নিয়ে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মহড়া চলছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এদিকে উৎসব ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে রাস উৎসব আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিউক বড় পরিসরে ম্যারাথন আয়োজনের ঘোষণা করল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন