১১:০৯ পি.এম
নওগাঁয়ে গত ছয় মাসের মধ্যে মাদকবিরোধী অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে, পাশাপাশি ৭৩৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। একাধিক অভিযানে নিয়মিত মামলা, গ্রেফতার, মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ডের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ১১টি থানার পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁয় এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ জেলায় মাদক নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক এবং বেশ কিছু মাদক সম্রাটকেও গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শহরের নুনিয়া পট্রিতে সফল ও প্রশংসিত অভিযান পরিচালিত হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে সেখানে অভিযানের কারণে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন তিনি। মূলত যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকারে নিয়ে কাজ করছেন তিনি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৬ মাসের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন ৪৮৬ গ্রাম, ফেন্সিডিল ৬২৮ বোতল, ইয়াবা ৪ হাজার ২৩৯ পিচ, গাঁজা ২২৩ কেজি ১৯ গ্রাম, গাছ ১৯ কেজি, এম্পুল ইনজেকশন ১ হাজার ১৬ পিচ, চোলাই মদ ৮ হাজার ৭৮ লিটার, উপকরণ ৩ হাজার ২৯৬ লিটার, বিদেশি মদ ৪ লিটার এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৯ হাজার ৬৪৪ পিচ উদ্ধার করা হয়েছে। এই সব ঘটনায় ৩৯৪টি মামলায় এজাহার নামীয় ৬০৮ আসামীর মধ্যে ৫২৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৭২টি মোবাইল কোর্টের মাধ্যমে ২০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, এসপি স্যারের নির্দেশে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। তাই এই উপজেলায় বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে। সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানিয়ে বলেন, ইতিমধ্যে বেশ কিছু স্থানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে আমাদের কাজ অব্যাহত আছে। ডিবির অফিসার ইনচার্জ হাসিবুল্লাহ হাবিব বলেন, বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি কাজ করতে হয়। তারপরও এসপি স্যারের নির্দেশে মাদক নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং জেলার অভিযানের ফলস্বরূপ ইতিমধ্যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও বেশ কিছু মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। জেলায় মাদক নিয়ন্ত্রণে এই অভিযান চলমান থাকবে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করছি। মোট কথা, এই জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। সেই সাথে মাদক ব্যবসায়ীরা যেন পুনরায় সুযোগ নিতে না পারে, এজন্য আমাদের জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন