বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:১০ পি.এম
দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাজারের দুর্বল পরিস্থিতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা নতুন শেয়ার কেনার পরিবর্তে তাদের বিদ্যমান বিনিয়োগ কমিয়ে আনছেন। স্থানীয় বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের কারণে বাজারে বিক্রির চাপ আরও বৃদ্ধি পেয়েছে।
বিদেশি বিনিয়োগকারীদের এই বিক্রির প্রবণতা দেশের পুঁজিবাজারের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ, বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে থাকেন। ধারাবাহিক শেয়ার বিক্রি বাজারের প্রতি আস্থার দুর্বলতার একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
খাত-সংশ্লিষ্টরা উল্লেখ করছেন, বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক শেয়ার বিক্রি দেশের পুঁজিবাজারের জন্য উদ্বেগজনক সংকেত। বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত বাজারের মৌলভিত্তি, কোম্পানির আর্থিক সক্ষমতা, নীতিগত স্থিতিশীলতা ও বিনিয়োগ পরিবেশের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি এসব ক্ষেত্রে আস্থার ঘাটতি তৈরি হয়, তবে তারা বিনিয়োগ কমিয়ে দেন। বিশেষ করে টাকার বিনিময় হারের ওঠানামা, বাজারের অস্থিরতা এবং তালিকাভুক্ত কোম্পানির দুর্বল আর্থিক পারফরম্যান্স বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।
ছয় বছর ধরে নিট বিনিয়োগ প্রত্যাহার:
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার প্রবণতা নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরে দেশের শেয়ারবাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগের ক্ষেত্রে নিট বহিঃপ্রবাহ দেখা যাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের তুলনায় বেশি অর্থের শেয়ার বিক্রি করে বাজারে তাদের অংশগ্রহণের ভিত্তি দুর্বল করে ফেলছেন।
বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার পেছনে নীতিগত অনিশ্চয়তা, ব্যাংক খাতের দুর্বলতা, মুদ্রাবাজারের অস্থিরতা এবং দুর্বল বিনিয়োগ পরিবেশকে দায়ী করছেন বাজারসংশ্লিষ্টরা। বৈশ্বিক বাজারে উন্নত দেশগুলোর তুলনামূলক নিরাপদ বিনিয়োগের সুযোগও বাংলাদেশের মতো উদীয়মান বাজার থেকে অর্থ সরানোর অন্যতম কারণ।
কেন শেয়ার বিক্রি করছেন বিদেশিরা:
বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে নীতিগত ধারাবাহিকতা, মুদ্রার স্থিতিশীলতা, কোম্পানির মুনাফা এবং পুঁজিবাজারের স্বচ্ছতাকে গুরুত্ব দেন। এসব ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হলে তারা বিনিয়োগ কমিয়ে অন্য বাজারে অর্থ স্থানান্তর করতে পারেন।
বাজারসংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ার পেছনে কয়েকটি বিষয় কাজ করছে। এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের বাজার অস্থিরতা, নিয়ন্ত্রক সংস্থার নীতিগত সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ, তালিকাভুক্ত কোম্পানির দুর্বল আর্থিক ফলাফল এবং টাকার বিনিময় হারের ঝুঁকি।
বিশেষ করে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। কারণ, শেয়ারের দাম অপরিবর্তিত থাকলেও বিনিয়োগ প্রত্যাহারের সময় ডলারের বিপরীতে টাকার দর কমে গেলে ডলারে হিসাব করা বিনিয়োগের মূল্য কমে যেতে পারে।
বিক্রির চাপ সামলাতে দুর্বল দেশীয় প্রাতিষ্ঠানে বিনিয়োগ:
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির বিপরীতে স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। কারণ, বিদেশি বিনিয়োগকারীরা বড় অঙ্কের শেয়ার বিক্রি করলে বাজারে সেই শেয়ার কেনার মতো পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক ক্রেতা না থাকলে দরপতনের চাপ তৈরি হয়।
বাজারসংশ্লিষ্টদের মতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণের আগে দেশের স্থানীয় বিনিয়োগকারীদের ভিত্তি শক্তিশালী করতে হবে। শক্তিশালী দেশীয় বিনিয়োগকারী ভিত্তি ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপ সামাল দেওয়া কঠিন।
বিদেশি বিনিয়োগ ফেরাতে আস্থা পুনরুদ্ধার জরুরি:
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির পাশাপাশি স্থানীয় বাজারেও মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধের আশঙ্কা এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ ফিরিয়ে আনতে হলে শুধু লেনদেন বাড়ানোর উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন নীতিগত স্থিতিশীলতা, তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা, সুশাসন এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার। অন্যথায় বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপ বাজারের দুর্বলতাকে আরও দীর্ঘায়িত করতে পারে।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএফ) সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী ইনকিলাবকে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির বিপরীতে স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ না থাকায় বাজারে বিক্রির চাপ আরও বাড়ছে। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হলে পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করা, কারসাজি বন্ধ, ভালো মৌলভিত্তির কোম্পানির তালিকাভুক্তি এবং নীতিগত ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ ও মুনাফা প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর হাতে নিহত শত শত মুসলিমের ভাগ্যে কী ঘটেছিল, এই প্রশ্নের উত্তর খুঁজছেন স্বজনেরা। ৩৬ বছর পর দেশটির পূর্বাঞ্চলের কুরুক্কালমাডাম এলাকায় একটি গণকবরে মানুষের কঙ্কাল পাওয়ার পর নিখোঁজদের পরিবারের সদস্যরা নতুন করে আশার আলো দেখছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আদালতের নির্দেশে পরিচালিত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ওই গণকবর থেকে কাটা দাগযুক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এসব দেহাবশেষের পরিচয় শনাক্তকরণের পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।
নিহতদের একজন ফৌজুল আমিরের বোন, ৬০ বছর বয়সী ফৌজুল হিনায়া, ৩৬ বছর ধরে দুই ভাইয়ের খোঁজে অপেক্ষা করছেন। ১৯৯০ সালের জুলাইয়ে ব্যবসার কাজে যাওয়ার সময় আমিরকে কুরুক্কালমাডামের কাছে আটকে হত্যা করা হয়। তার কয়েক দিন পর আরেক ভাই আবদুর রউফও অপহৃত হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। হিনায়ার আশা, ভাইদের দেহাবশেষ শনাক্ত হলে অন্তত মুসলিম রীতি মেনে তাদের দাফন করার সুযোগ পাবেন।
১৯৯০ সালে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের কাত্তানকুডি ও এরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে এলটিটিই অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে। একই বছরের অক্টোবরে, উত্তরাঞ্চল থেকে প্রায় ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে জোর করে উচ্ছেদ করা হয়। তাদের ঘরবাড়ি ও সম্পত্তি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল।
২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের অবসান ঘটলেও এসব হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনার অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা রয়ে গেছে। কুরুক্কালমাডামের গণকবরের অনুসন্ধান সেই অজানা ইতিহাসের সত্য উদঘাটন এবং স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : গত দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না মান্ডি বুড, যিনি প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটির কারণে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বারব্যাঙ্ক থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
২০২৬ সালে এ পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৪৫ জন মারা গেছেন। রেকর্ড অনুযায়ী, এটি ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর।
বুড এএফপিকে বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’
সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা অনেক বেশি ছিল। এই ধরনের আবহাওয়া মশার বংশবিস্তারের জন্য অনুকূল।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায় এবং ১৯৯৯ সালের আগে এটি যুক্তরাষ্ট্রে ছড়ায়নি।
মশা আক্রান্ত পাখিকে কামড়ানোর মাধ্যমে সংক্রমিত হয় এবং পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
ভাইরাসটি সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা। এর কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই ভাইরাসে কোনো উপসর্গ দেখা যায় না।
তবে কিছু মানুষের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। প্রায় এক শতাংশ আক্রান্তের মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ দেখা দিতে পারে।
মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের ক্ষেত্রেও এমনটি ঘটেছে।
লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়ার পর তার শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইটে (৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছায়।
হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার ফাঁকে আবার দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে বুড এএফপিকে বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’
জীবনের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার কারণে সেখানে মশার উপদ্রব সাধারণ ঘটনা।
বুড বলেন, ‘ক্যালিফোর্নিয়ার এত সুন্দর আবহাওয়ায় এখানে এসে এ রোগে আক্রান্ত হব, তা কখনো কল্পনাও করিনি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
থ্যাংকসগিভিং ডে বিশ্বের বিভিন্ন দেশে কৃতজ্ঞতা প্রকাশ, পরিবার ও পরিজনের সঙ্গে সময় কাটানো এবং একত্রে খাবার খাওয়ার মাধ্যমে পালিত হয়। যুক্তরাষ্ট্রে প্রতিবছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার জাতীয় ছুটি হিসেবে দিবসটি উদ্যাপন করা হয়। সেই হিসাবে আজ ২৬ নভেম্বর দেশটিতে থ্যাংকসগিভিং ডে উদ্যাপিত হচ্ছে।
দিবসটির মূল ভাবনা হলো জীবনের প্রাপ্তি, ভালো থাকা এবং আশপাশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এদিন পরিবারের সদস্য ও বন্ধুরা একত্রিত হন। তারা একসঙ্গে খাবার খান, গল্প করেন এবং জীবনের বিভিন্ন প্রাপ্তির কথা স্মরণ করেন।
বাংলাদেশেও কৃতজ্ঞতা প্রকাশ ও ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশেষ আয়োজন রয়েছে। বিশেষ করে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসবকে ফসল ও কৃতজ্ঞতার উৎসব হিসেবে দেখা হয়। এ উৎসবে নতুন ফসল ঘরে তোলার আনন্দ, প্রার্থনা, গান, নাচ ও নানা সাংস্কৃতিক আয়োজন থাকে। খ্রিষ্টান ধর্মাবলম্বী গারোদের মধ্যে ফসলের প্রথম অংশ যিশু খ্রিষ্টের উদ্দেশে উৎসর্গ করার রীতিও রয়েছে। তবে বাংলাদেশের এসব আয়োজন যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে পালনের একই অনুষ্ঠান নয়; বরং কৃতজ্ঞতা ও ফসল উদ্যাপনের নিজস্ব ঐতিহ্য।
থ্যাংকসগিভিংয়ের ইতিহাস
থ্যাংকসগিভিংয়ের ইতিহাস যুক্তরাষ্ট্রের প্রাথমিক বসতি স্থাপনের সময়ের সঙ্গে জড়িত। ১৬২১ সালে ইংল্যান্ড থেকে আসা প্লাইমাউথের বসতি স্থাপনকারীরা স্থানীয় আদিবাসী ওয়াম্পানোয়াগ জনগণের সঙ্গে ফসল কাটার উৎসব আয়োজন করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। সেই আয়োজনকে বর্তমান থ্যাংকসগিভিং উদ্যাপনের অন্যতম ঐতিহাসিক সূত্র হিসেবে দেখা হয়।
তবে দিবসটির ইতিহাস শুধু উৎসবের নয়; এর সঙ্গে স্থানীয় আদিবাসীদের ইতিহাস ও উপনিবেশ স্থাপনের জটিল অভিজ্ঞতাও জড়িয়ে আছে। তাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদিবাসী সম্প্রদায় দিনটিকে ভিন্নভাবে স্মরণ করে।
১৮৬৩ সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নভেম্বরের শেষ বৃহস্পতিবারকে জাতীয়ভাবে থ্যাংকসগিভিং পালনের দিন হিসেবে ঘোষণা করেন। পরে ১৯৪১ সালে দেশটির কংগ্রেস নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারকে দিবসটি পালনের নির্দিষ্ট দিন হিসেবে আইন করে।
থ্যাংকসগিভিংয়ের খাবার
থ্যাংকসগিভিং উদ্যাপনের অন্যতম আকর্ষণ বিশেষ খাবারের আয়োজন। এদিন অনেক পরিবারে টার্কি রোস্ট করা হয়। সঙ্গে থাকে ম্যাশড পটেটো, স্টাফিং, ক্র্যানবেরি সস, গ্রেভি, মিষ্টি আলুর পদ এবং কুমড়ার পাই।
তবে পরিবারের পছন্দ, অঞ্চল ও সংস্কৃতি অনুযায়ী খাবারের তালিকায় ভিন্নতা দেখা যায়। কেউ বাড়িতে রান্না করেন, কেউ রেস্তোরাঁয় যান, আবার অনেকে প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে খাবার ভাগ করে নেন। অনেক পরিবারে খাবারের আগে কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষ প্রার্থনা বা বক্তব্য দেওয়ার রীতিও রয়েছে।
প্যারেড ও ফুটবল ম্যাচ
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে ঘিরে আরও কিছু আয়োজন রয়েছে। নিউইয়র্কের ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড প্রতিবছর বিপুল দর্শকের আকর্ষণ তৈরি করে। বিশাল আকৃতির বেলুন, সাজানো ফ্লোট, ব্যান্ড ও শিল্পীদের পরিবেশনা থাকে এতে।
এ ছাড়া এদিন আমেরিকান ফুটবল ম্যাচ দেখাও অনেক পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য। টেলিভিশনের সামনে পরিবারের সদস্যদের একসঙ্গে খেলা দেখার দৃশ্য দেশটির ছুটির দিনের পরিচিত অংশ।
থ্যাংকসগিভিংয়ের পরই ব্ল্যাক ফ্রাইডে
থ্যাংকসগিভিংয়ের পরের দিন যুক্তরাষ্ট্রে শুরু হয় ‘ব্ল্যাক ফ্রাইডে’ কেনাকাটার মৌসুম। এদিন বিভিন্ন দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ ছাড় দেওয়া হয়। বড়দিনের কেনাকাটার প্রস্তুতি হিসেবে অনেকেই এই সময় কেনাকাটা করেন। ফলে থ্যাংকসগিভিংয়ের উৎসবের আবহের পরদিন থেকেই দেশটিতে কেনাকাটার ব্যস্ততা শুরু হয়।
সব মিলিয়ে থ্যাংকসগিভিং ডে যুক্তরাষ্ট্রে কৃতজ্ঞতা, পারিবারিক বন্ধন, খাবার ও ঐতিহ্যের এক বিশেষ আয়োজন। আর বাংলাদেশে গারো সম্প্রদায়ের ওয়ানগালার মতো উৎসবেও ফসল, বিশ্বাস ও কৃতজ্ঞতার নিজস্ব প্রকাশ দেখা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে। সাক্ষাৎকালে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিচয়পত্রটি পেশ করেন।
পরিচয়পত্র পেশ করার পর, ফিলিপ ওং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী কবির, ঢাকায় দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপকে অভিনন্দন জানিয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বাণিজ্য সম্পর্ককে আরও জোরদার করার, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার, বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, জলবায়ু ও শ্রম বিষয়ক সমঝোতা স্মারকগুলোর (এমওইউ) বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগগুলোকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
ফিলিপ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং প্রতিমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।
প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং আরসিইপি-এর সদস্যপদ লাভের ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন। তিনি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গও তোলেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ